‘স্বপ্ন সত্যি হলো’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোয়ার্টার ফাইনালে আবাহনীর বিপক্ষে টাইব্রেকারে টানা তিনটি শট ঠেকিয়ে দিয়েছিলেন। কাল স্বাধীনতা কাপের ফাইনালেও শেখ রাসেলের দুটি শট ঠেকিয়ে আবারও নায়ক বনে গেলেন ফরাশগঞ্জের গোলরক্ষক সুজন চৌধুরী। উৎসবের মধ্যমণি রংপুরের ২৬ বছর বয়সী তরুণ উচ্ছ্বাসে ভেসে যেতে যেতে বললেন  টাইব্রেকারে গোল ঠেকিয়ে আপনিই বড় নায়ক। প্রথমবারের মতো কোনো টুর্নামেন্টে ফরাশগঞ্জের চ্যাম্পিয়ন হওয়ায় অন্যদের চেয়ে আনন্দ একটু বেশি...সুজন চৌধুরী: ঠিকই বলেছেন। আমার খুবই ভালো লাগছে। এই আনন্দ আমি বলে বোঝাতে পারব না। টাইব্রেকারে আপনাকে খুব আত্মবিশ্বাসীও মনে হচ্ছিল... সুজন : আমি আসলে গত তিনটি ম্যাচেই আত্মবিশ্বাসী ছিলাম। তা ছাড়া বাবা-মায়ের দোয়া আমার সঙ্গে ছিল। তাঁরা সারাক্ষণ আমার জন্য দোয়া করেছেন। (হাসি) আমি নতুন বিয়ে করেছি। নতুন বউ নামাজ পড়ে দোয়া করেছে। আমি মাঠে আসার আগেও ওর সঙ্গে কথা হয়েছে। বলছিল, ‘তুমি ভয় পেয়ো না, ইনশাল্লাহ জিতবা।’ সবার দোয়া সঙ্গে ছিল বলেই জিতেছি। আপনার পরিবারের কেউ কি খেলা দেখতে এসেছে? সুজন: না। আমার বাড়ির কেউ আসেনি। আমার বাড়ি অনেক দূরে, রংপুরে। সেখানে সবাই টেলিভিশনে খেলা দেখেছে। টাইব্রেকারের অভিজ্ঞতা তো এই প্রথম নয়...সুজন: হ্যাঁ। এর আগেও এমন ম্যাচ খেলেছি। আবাহনীর বিপক্ষে এই টুর্নামেন্টেই টাইব্রেকারে জিতেছিলাম ৩-২ গোলে। সিটিসেল সুপার কাপের প্লেট পর্বেও টাইব্রেকারে আমিই চ্যাম্পিয়ন করেছিলাম দলকে। এই শিরোপা কাকে উৎসর্গ করবেন?সুজন: আমি এটি রংপুরবাসীকে উৎসর্গ করলাম। ঢাকা থেকে যখন রংপুরে যাই, আমার এলাকার মানুষ আমাকে খুবই উৎসাহ দেয়। আমার কয়েকজন ভক্ত আছে, সব সময় আমার খেলার খোঁজখবর রাখে। কোনো ছোট টুর্নামেন্ট বা যেকোনো রকমের খেলার খবরও ওরা রাখে। আপনি তো ইনজুরিতে ভুগছিলেন। এর পরও এমন পারফরম্যান্স করতে পারার আনন্দটা নিশ্চয়ই বেশি?সুজন: আমার কোমরে ব্যথা নিয়েই খেলেছি। কিন্তু এটা মনেই না রাখার চেষ্টা করেছি। আমার একটা জেদ ছিল, এই টুর্নামেন্টের ফাইনালে যখন উঠতে পেরেছি, তখন আমাদের চ্যাম্পিয়ন হতেই হবে। ফাইনাল খেলার অভ্যাস তো নেই। খেলা শুরুর আগে কি কোনো বাড়তি চাপ অনুভব করছিলেন?সুজন: টেনশন তো একটু হচ্ছিলই। রাতে ঘুমই আসছিল না। সামান্য সময়ের জন্য ঘুমিয়েছিলাম। স্বপ্নে দেখেছি, ওদের বিদেশি খেলোয়াড়দের ঠেকিয়ে দিয়েছি। আমার স্বপ্ন সত্যি হয়েছে। খেলার আগে কোচ কামাল বাবু ভাই আমাকে ডেকে বলেছিলেন, ‘আজ দিনটা তোর করে দে।’ টাইব্রেকারের নির্ধারিত শেষ শট ঠেকানোর আগের মুহূর্তে কী ভাবছিলেন? ওটা না পারলে তো হেরে যেতেন।সুজন: শেষ বলটা মারার সময় আমি স্ট্রাইকারের দিকে নজর দিলাম। প্রথমে আমি ডান দিকে ঝাঁপ দেওয়ার কথা ভেবেছিলাম। কিন্তু পরক্ষণেই মত বদলে ফেলে বাঁ দিকে ঝাঁপ দিলাম। আমার বাজিটা লেগে গেল। কোন ক্লাব দিয়ে আপনার ক্যারিয়ার শুরু?সুজন: ২০০০ সালে প্রথম খেলি ইস্কাটনে। ওই সময় অধিনায়ক ছিলাম। দেশে বা দেশের বাইরে কি কাউকে অনুসরণ করেন?সুজন: দেশে প্রিয় গোলরক্ষক আমিনুল ভাই। বিদেশে ইকার ক্যাসিয়াস। এমনিতেই আমি রিয়াল মাদ্রিদের সমর্থক। ক্যাসিয়াসকেও ভালো লাগে। নিজেকে নিয়ে কোন স্বপ্নটা দেখেন?সুজন: আমি জাতীয় দলে খেলতে চাই। দেশসেরা গোলরক্ষক হতে চাই।