‘স্বপ্নবাজ বলেই এ চাকরিটা নিয়েছি’
মেক্সিকোকে প্রথম ম্যাচে কি হারাতে পারবেন?কার্লোস আলবার্তো পাহেইরা: নিজেদের মাঠে খেলার সুবিধাটা যদি নিতে পারি তাহলে আমরা এগিয়ে থাকব। গত বিশ্বকাপের দিকেও যদি আপনি তাকান, দেখবেন উদ্বোধনী ম্যাচটা সব সময়ই বিরক্তিকর হয়। স্বাগতিক দল স্বাভাবিক কারণেই চাপে থাকে, প্রত্যাশা থাকে অনেক উঁচুতে। তাই আমি আমার খেলোয়াড়দের শুধু বলে চলেছি, ১১ জুন মাঠে যেন তারা নির্ভার থাকে এবং উপলক্ষটা উপভোগ করে। আমি তাদের চাপে ফেলে দিতে পারি না। আপনার কাছে প্রস্তুতির ব্যাপারটা কতটা জরুরি?পাহেইরা: এটা গুরুত্বপূর্ণ। শারীরিক এবং মানসিকভাবে আমাদের শক্তিশালী হয়ে উঠতে হবে। মেক্সিকোর বিপক্ষে প্রথম ম্যাচে জেতাটা পরবর্তী রাউন্ডে ওঠার জন্য হবে বড় একটা অগ্রগতি। আপনার অস্ত্রাগারে ভুভুজেলাও কি একটা অস্ত্র?পাহেইরা: আমি অন্তত বিশ্বাস করি, এটা আমাদের অনেক সাহায্য করবে। নিজেদের দেশে নিজেদের মানুষের সামনে খেলা, সমর্থকদের বড়, বেশ বড় একটা ভূমিকাই থাকবে। খেলোয়াড়দের সঙ্গে আলোচনায় এ বিষয়টিও থাকছে। আমরা চাইছি, প্রতিপক্ষ যেন আঁচটা টের পায়। যতবার আমি রাস্তা দিয়ে হাঁটি অথবা দোকান-টোকানে যাই অথবা রাতের খাবারের সময় মানুষ আমাকে বলে—কোচ, আমাদের একটা গর্ব করার উপলক্ষ এনে দিন। বিশ্বকাপটা আমরা কী ফল নিয়ে শেষ করব, এটা কোনো ব্যাপার নয়, দলের অর্জনে দেশটির লোকেরা যেন গর্ববোধ করতে পারে। যতটা ভালো করা সম্ভব, সেটা করে মানুষকে গর্বিত করে তোলো—এটাই আমার বার্তা। বিশ্বকাপে বাফানা বাফানার নেতৃত্ব দেওয়ার জন্য অ্যারন মোকোয়েনাই কি যোগ্য লোক?পাহেইরা: জাতীয় দলের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছে সে। সুতরাং আমাকে তো বলতেই হবে যে, দলকে যদি তার দেওয়ার কিছু না-ই থাকত, তাহলে তো এতগুলো ম্যাচ খেলতে পারত না। স্বল্প-অভিজ্ঞতার খেলোয়াড়দের জাতীয় দলে নেওয়ার বিলাসিতা আমরা দেখাতে পারি না। আপনার এমন খেলোয়াড় নিতে হবে যারা এমন পরিস্থিতির মধ্য দিয়ে এর আগেও গেছে। মোকোয়েনার এই অভিজ্ঞতা আছে এবং সে তরুণ খেলোয়াড়দের সহায় হতে পারে। বাস্তবিক অর্থে দক্ষিণ আফ্রিকার সুযোগ কতটুকু?পাহেইরা: আমি বড় স্বপ্নবাজ বলেই এই চাকরিটা নিয়েছি। আমি সব সময় ইতিবাচকতা দিকই দেখি, বিশ্বাস করি, ভালো কিছুতে। আমি সব সময় ইতিবাচক দিকটিই খুঁজি। ফুটবলের সঙ্গে ৪০ বছর ধরে আছি এবং অনেক অপ্রত্যাশিত ফলই দেখেছি। আমার বিশ্বাস, আমরাও এমন কিছু করতে পারি এবং প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় রাউন্ডে যেতে পারে। তবে আমাদের বাস্তবতাও মেনে নিতে হবে। অনেক চ্যালেঞ্জ পড়ে আছে সামনে এবং আমরা সেই চ্যালেঞ্জগুলো জিততে পারলেই বিশ্বকাপে চমক দিতে পারব। মানুষের প্রত্যাশা অনেক কম, এ কারণে চাপও কম। এটা কি বাড়তি সুবিধা?পাহেইরা: কম? আমি এটা মানছি না। এক দিন আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম। রাস্তার অপর প্রান্ত থেকে এক লোক ডেকে বলল—কোচ পাহেইরা, এবার কিন্তু আমরা কাপ জিততে চাই। আমার মনে হয় না প্রত্যাশা কম আছে। আসলে এটা খুব বেশি। কোন দৃষ্টিভঙ্গি নিয়ে আপনি ম্যাচ খেলতে নামবেন?পাহেইরা: নাইজেরিয়া-সেনেগালের মতো আফ্রিকার অন্য দেশগুলোর মতো শক্তি আমাদের নেই। সুতরাং আমাদের কৌশল নিয়েই এগোতে হবে। বল দখলে রেখে সংগঠিত ফুটবল খেলতে হবে। আমি জোনাল মার্কিংয়ে বিশ্বাসী। বল যেদিকে থাকবে সেদিকে এগিয়ে খেলতে হবে, আর প্রতিপক্ষের পায়ে যখন বল থাকবে তখন তাদের চাপে রাখতে হবে। আর নিজেদের যেটা করতে হবে সেটা পাল্টা আক্রমণ করার জন্য জায়গা তৈরি করা। তবে সবার আগে নিজেদের সুসংগঠিত থাকাটা নিশ্চিত করতে হবে এবং সদ্ব্যবহার করতে হবে বলের। অবশ্যই এটা গুরুত্বপূর্ণ। স্থানীয় লিগে আমরা যেমন দেখি যে বল প্রতিপক্ষের পায়ে দিয়ে দেওয়া, এটা করা যাবে না। কোচিংয়ে অন্যতম সেরা দর্শন হলো, দ্রুততার সঙ্গে নিখুঁত পাস দেওয়া ভয়ংকরতম অস্ত্রগুলোর একটি। আমি এটি মনেপ্রাণে বিশ্বাস করি।