২০০৮ সালে ‘সেরা কণ্ঠ’ প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছিলেন ইমরান। এবার এসেছে ইমরানের প্রথম একক অ্যালবাম। নাম স্বপ্নলোকে। অ্যালবামটি বাজারে এনেছে লেজার ভিশন। কথা হলো ইমরানের সঙ্গে।‘স্বপ্নলোকে’ অ্যালবামটি নিয়ে কিছু বলুন।এটি মৌলিক গানের অ্যালবাম। যেহেতু প্রথম অ্যালবাম, তাই এখানে সব ধরনের গানই রাখার চেষ্টা করেছি। এখানে দেশের গান, আধুনিক গান ও বর্তমান সময়ের কথাটাও চিন্তা করা হয়েছে। অ্যালবামে সংগীত পরিচালনা করেছেন আরফিন রুমী ও মাহমুদ সানি। আপনি তো ‘চ্যানেল আই সেরা কণ্ঠ’ প্রতিযোগিতার মাধ্যমে এসেছিলেন।হ্যাঁ, আমি ২০০৮ সালে ‘চ্যানেল আই সেরা কণ্ঠ’ প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছিলাম। এরপর ওই বছরই মিশ্র অ্যালবাম রংধনুতে আমি গান গেয়েছি। পাশাপাশি ভালোবাসার লাল গোলাপ নামের একটি ছবিতেও প্লেব্যাক করেছি। ওই গানে আমি সাবিনা ইয়াসমীনের সঙ্গে কণ্ঠ দিয়েছিলাম। এটি ছিল আমার জন্য স্মরণীয় মুহূর্ত।‘স্বপ্নলোকে’ অ্যালবামেও তো সাবিনা ইয়াসমীনের সঙ্গে আপনি গান গেয়েছেন।হ্যাঁ, স্বপ্নলোকে আমার স্বপ্ন পূরণ করেছে। এখানে আমি সাবিনা ইয়াসমীনের সঙ্গে একটি দেশের গান গেয়েছি। প্রথম একক অ্যালবাম উৎসর্গ করেছেন দুজন সংগীতশিল্পীকে। কেন?আমি সাবিনা ইয়াসমীন আর হাবিব ওয়াহিদের গান শুনে অনেক অনুপ্রাণিত হয়েছি। মিডিয়ায় এত দূর আসার পথে তাঁরা আমাকে নানাভাবে সহযোগিতা করেছেন। এ ছাড়া বিভিন্ন সময় ভুল করলে নানা উপদেশ দিয়ে তা শুধরে দিয়েছেন তাঁরা। সবকিছু মিলে মনে হলো, আমার প্রথম একক অ্যালবামটি তাঁদেরই উৎসর্গ করা উচিত।নতুন কোনো কাজ করছেন?এরই মধ্যে হূদয় খানের ছোট ভাই প্রত্যয় খানের সুরে এফএনএফ নামের একটি মিশ্র অ্যালবামের কাজ শেষ করেছি। হাবিব ওয়াহিদের সঙ্গে কয়েকটি জিঙ্গেলের কাজের ব্যাপারে কথা হচ্ছে। আগামী সেপ্টেম্বর মাসে নিজের সংগীত পরিচালনায় একটি পূর্ণাঙ্গ মিশ্র অ্যালবামের কাজ শুরু করব।