‘স্বপ্নের ফাইনাল’ নিয়ে তারকাদের কয়েকজন
স্বপ্নের ফাইনালে আজ বৃহস্পতিবার টসে জিতে বাংলাদেশ দল পাকিস্তানের বিপক্ষে শিরোপা জয়ের লড়াইয়ে নেমেছে। মিরপুরের ক্রিকেট মাঠের এই উত্তেজনা আশপাশ ছাড়িয়ে সারা বাংলাদেশের ক্রীড়ামোদীদের মাঝেই ছড়িয়ে গেছে। বাদ যাননি মিডিয়ার বিভিন্ন ক্ষেত্রের তারকাখ্যাতি পাওয়া ক্রীড়ামোদী শিল্পীরাও। শুটিং, ডাবিং, রেকর্ডিং ছাড়িয়ে সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে এখন বাংলাদেশের স্বপ্নের ফাইনাল। প্রথম আলো অনলাইনকে চলচ্চিত্র, টিভি ও সংগীত জগতের কয়েকজন তারকা তাঁদের অভিব্যক্তি প্রকাশ করেছেন। বাংলাদেশ এশিয়া কাপ ঘরে তুলবে: কুমার বিশ্বজিত্, সংগীতশিল্পীআমার খুব ইচ্ছে ছিল আজকের ফাইনাল খেলাটা মাঠে বসে দেখার। খেলা দেখার টিকিটও পেয়েছিলাম। কিন্তু পেশাগত ব্যস্ততার কারণে খেলা দেখা সম্ভব হচ্ছে না। আজ বৃহস্পতিবার বিকেলেই আমাকে মঞ্চে গান করার জন্য সাভারে যেতে হবে। তাই মাঠে বসে খেলার সুযোগটা আর থাকছে না। তবে গানের ফাঁকে ফাঁকে খেলার সর্বশেষ খবরটা কিন্তু আমি ঠিকই নেব। এশিয়া কাপে বাংলাদেশের প্রত্যেকটি খেলারই আমি কিন্তু টিকিট পেয়েছিলাম। কিন্তু প্রত্যেকটি খেলার সময় আমাকে স্টেজ শো নিয়ে ব্যস্ত থাকতে হয়েছে। স্টেজে গান করলেও মনটা কিন্তু ঠিকই পড়ে থাকে খেলার মধ্যে।বাংলাদেশের এখনকার দল নিয়ে আমার প্রত্যাশা অনেক বেশি। এমনিতেই আমার স্বপ্ন, প্রত্যাশা, আশা-ভরসা, ভালোবাসা সবকিছু বাংলাদেশকে ঘিরেই। বাংলাদেশের যেকোনো সাফল্যই আমাকে অনেক বেশি মাত্রায় আনন্দ দেয়। অনেক বেশি অনুপ্রাণিত করে। বাংলাদেশ দলের এখনকার যে পারফর্মেন্স তাতে আমার বিশ্বাস এশিয়ার শ্রেষ্ঠ দল হিসেবে তাঁরা নিজেদের প্রমাণ করতে পারবে। বাংলাদেশ এশিয়া কাপ নিজেদের ঘরে তুলতে পারবে।এশিয়া কাপ আমরা জিতবই: আনিসুর রহমান মিলন, অভিনেতাছোটপর্দার জনপ্রিয় অভিনয়শিল্পী আনিসুর রহমান মিলন বলেন, ‘অনেক চেষ্টা করেছি বাংলাদেশের খেলাটা মাঠে বসে দেখার। কিন্তু আগে থেকেই শুটিংয়ের তারিখ ঠিক থাকাতে তা আর সম্ভব হলো না। আজ আমরা শুটিং করছি উত্তরাতে। সবার ভেতরে যেভাবে আজকের খেলার উন্মাদনা দেখছি তাতে মনে হচ্ছে আজ বাংলাদেশ বিশ্বকাপ খেলছে! বাংলাদেশ যেভাবে ফাইনালে পৌঁছেছে তাতে মনে হচ্ছে এশিয়া কাপ আমরা জিতবই। পাকিস্তানের কোনো হিসেব-নিকেশই করতে চাই না।’বাংলাদেশ কাপ জিতবে: নিপুন, অভিনেত্রীআরেক চলচ্চিত্র অভিনেত্রী নিপুন এখন ছবির শুটিংয়ে কক্সবাজারে অবস্থান করছেন। সেখানে তিনি ঢাকার কিং নামের নতুন একটি ছবির কাজ করছেন। ছবিটিতে তিনি শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন। সেখান থেকেই নিপুন মুঠোফোনে জানিয়েছেন, ‘ শুনেছি ঢাকায় সবার মধ্যে এশিয়া কাপের ফাইনাল নিয়ে ব্যাপক উত্তেজনা কাজ করছে। কক্সবাজারও এর বাইরে থাকেনি। সকাল থেকে কক্সবাজারের যেখানেই গেছি, যার সাথে কথা হচ্ছে সবার আলোচনা শুধু একটাই। খেলা, খেলা আর খেলা। পরিচালক সাহেব তো খেলার কারণে রীতিমতো বিপদেই পড়েছেন। তবে এ নিয়ে তিনি মন খারাপ করছে না। বাংলাদেশের এ ধরনের সাফল্যে তিনিও বেশ আনন্দিত। বেশ আগ্রহ নিয়ে তিনিও খেলা উপভোগ করছেন। সেমিফাইনালের খেলার দিনও আমরা রাত সাড়ে ১১টার পর শুটিং করেছি। আজও সকাল থেকে আমরা তাড়াহুড়ো করে শুটিং করেছি। সবাই একসাথে ফাইনাল খেলা উপভোগ করব। বাংলাদেশ অবশ্যই এশিয়া কাপ জিতবে।’ শুধু জয় চাই: কেয়া, অভিনেত্রীচলচ্চিত্র অভিনেত্রী কেয়া বলেন, ‘এর আগে আমি বিপিএলের কয়েকটি খেলা মাঠে বসে দেখেছি। আমার মনে হয় মাঠে যেমন অন্য রকম এক আনন্দ আছে, পাশাপাশি কষ্টও আছে। একটু অমনোযোগী হলে হঠাত্ করে অনেক কিছু মিস হয়ে যায়। তবে আমার কাছে ক্রিকেট খেলাটা মাঠের চেয়ে বাসাতেই টেলিভিশনে উপভোগ করতে বেশি ভালো লাগে। আজকে কোনো কিছু ভাবতে চাই না। শুধু জয় চাই। আমার পছন্দের খেলোয়াড়রা হলেন মুশফিকুর, সাকিব, মাশরাফি ও তামিম। দেশের সব মানুষের মত আমিও বিশ্বাস করি বাংলাদেশ জিতবেই।’বাংলাদেশ এশিয়া কাপ ঘরে তুলবে: হূদয় খান, সংগীতশিল্পী বর্তমান সময়ের তরুণ প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী হূদয় খান। এ প্রসঙ্গে তিনি জানিয়েছেন, ‘আমি এমনিতেই ক্রিকেটের ভক্ত। কাজ করতে করতে একগুঁয়েমি ধরে গেলে বাসার সামনে বন্ধুবান্ধবদের সঙ্গে রাস্তায় ক্রিকেটই খেলি। ইচ্ছে ছিল মাঠে বসে খেলা দেখার। কিন্তু আমার হাতে এখন কয়েকটি অ্যালবামের কাজ রয়েছে। তাই চাইলেও মাঠে বসে খেলা সম্ভব হবে না। বাধ্য হয়ে কাজের ফাঁকে বাসায় বসেই খেলা দেখতে হবে। মাশরাফি, তামিম, সাকিব আমার পছন্দের খেলোয়াড়। আমার বিশ্বাস এদের নেতৃত্বেই বাংলাদেশ এশিয়া কাপ ঘরে তুলবে।’বাংলাদেশ আজ জিতবেই: কনা, কণ্ঠশিল্পীঅন্যদিকে এ প্রজন্মের অন্যতম নারী কণ্ঠশিল্পী কনা গতকাল রাতেই অস্ট্রেলিয়া গানের অনুষ্ঠান শেষ করে ঢাকায় এসেছেন। এসেই আজ বৃহস্পতিবার সকালেই গানের রেকর্ডিং করতে হয়েছে। দুপুর থেকে সারা বিকাল শুধুই খেলা দেখবেন। কনা বলেন, ‘বাংলাদেশ আজ জিতবেই। এর বাইরে কোনো কিছু ভাবতেই রাজি নই। বাংলাদেশে দলে আমার সবচেয়ে পছন্দের খেলোয়াড় সাকি আল হাসান। আমার বিশ্বাস আজকেও সাকিবের ব্যাট জ্বলে উঠবেই।’বাংলাদেশ শ্রেষ্ঠত্ব দেখাবে: ফারিয়া, অভিনেত্রী অভিনয়শিল্পী ও লাক্স তারকা ফারিয়া বলেন, ‘ফাইনালের আগের দিন পর্যন্ত অনেকেই খেলা দেখার টিকিট দিতে চেয়েছিল। সেমিফাইনালে শ্রীলঙ্কাকে হারানোর পর একেবারে উল্টে গেছে সেটা। আগে যাঁরা নিজে থেকে খেলা দেখার টিকিট দিতে চেয়েছিলেন তাঁদের কাছ থেকে শত চেষ্টা করেও টিকিট পাওয়া যাচ্ছে না। দুই দিনের মধ্যেই চিত্রটা একেবারেই বদলে গেছে। বাংলাদেশ দল নিয়ে দেশের অন্য সব মানুষের মতো আমার প্রত্যাশাও হচ্ছে তাঁরা অনেক ভালো খেলবে এবং আমাদের এশিয়া কাপটা উপহার দেবে। সেমিফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে যখন তামিম ও সাকিব আউট হয়ে গিয়েছিলেন তখন কিছুটা ভয়ই পেয়ে গেছিলাম। তবে নাসির ও মাহমুদউল্লাহ যেভাবে দৃঢ়তার সঙ্গে খেলে দলতে জিতিয়ে দিলেন তা একেবারেই অবিশ্বাস্য মনে হয়েছে। আমার বিশ্বাস আজকেও সাকিব ও তামিমের পাশাপাশি নাসির, মাহমুদউল্লাহসহ অন্যরা তাঁদের নিজেদের শ্রেষ্ঠত্ব দেখাবেন।’