ঘরোয়া ক্রিকেটে বছর দুই ধরে ধারাবাহিকভাবে ভালো খেলছেন। এরই পুরস্কার হিসেবে চলে এসেছেন জাতীয় ক্রিকেট দলের কাছাকাছি, রয়েছেন নিউজিল্যান্ড সিরিজে বিকল্প তালিকায়। স্বপ্নের এই পথচলা নিয়ে কথা বলেছেন শুভাগত হোম চৌধুরী ব্যাটসম্যান হিসেবে জাতীয় দলের স্ট্যান্ডবাই তালিকায় আছেন। কেমন লাগছে?শুভাগত হোম চৌধুরী: স্বাভাবিকভাবেই খুব ভালো লাগছে। আসলে একটু বেশি ভালো লাগছে। কারণ এত তাড়াতাড়ি জাতীয় দলের কাছে চলে আসব, এটা কল্পনা করিনি। ঢাকায় আসার পাঁচ বছরের মধ্যে এত দূর চলে এলাম! ক্রিকেটের শুরু কীভাবে?শুভাগত: শুরু ময়মনসিংহে। আমাদের ওখানে কাজী মোহাম্মদ হাসান নামের একজন কোচ ছিলেন। ওই হাসান স্যারের একাডেমি থেকে সুমিত ভাই (ফাহিম মুনতাসির), উত্তম সরকাররা বেরিয়েছেন। তাই ছোটবেলায়ই স্যারের একাডেমিতে যাই। সেখান থেকেই ময়মনসিংহের ক্রিকেটে। বাসা থেকে সমর্থন পেতেন?শুভাগত: (হাসি) শুরুতে কি আর সমর্থন পাওয়া যায়? সবাই বলত, এসব না করে পড়াশোনা করো। আমিও পড়তাম। ময়মনসিংহ পলিটেকনিক থেকে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা করেছি। এদিকে ক্রিকেটেও ভালো করছিলাম। ফলে পরিবার শেষ পর্যন্ত মেনে নিয়েছে। বাড়িতে আর কেউ খেলাধুলার সঙ্গে ছিলেন?শুভাগত: নাহ্। বাবা হেমিওপ্যাথি চিকিৎসক। আমার তো আর ভাই নেই, দুই বোন। ঢাকায় এলেন কীভাবে?শুভাগত: আমাদের এলাকার বড় ভাইয়েরা তো ঢাকায় খেলতেন। ওনারাই ঢাকায় নিয়ে এলেন। সিসিএসে শুরু করেছিলাম। এখনো সেখানেই আছি। তখন তো সিসিএস প্রিমিয়ারে ছিল না?শুভাগত: না, দ্বিতীয় বিভাগে ছিল। সেখান থেকে আমরা প্রথম বিভাগে উঠলাম, তারপর প্রিমিয়ারে। এরপর আর আমাকে ফিরে তাকাতে হয়নি। তাহলে সিসিএসে খেলাটাই ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছে?শুভাগত: তা তো বলতেই হবে। তবে আসলে আমার দিকে সবার চোখ পড়েছে গত জাতীয় লিগে। প্রিমিয়ারে জন্ডিসের কারণে মাত্র ৩টি ম্যাচ খেলতে পেরেছিলাম; দুটি ফিফটি ছিল। জাতীয় লিগে ৭ ম্যাচে ৬০১ রান করেছিলাম, অপরাজিত ১৬৬ রানের একটা ইনিংস ছিল। দুই ম্যাচ কম খেলেও পঞ্চম সর্বোচ্চ রান ছিল। এরপর এনসিএল টি-টোয়েন্টি ফাইনালে রাজশাহীর হয়ে ৬৪ রান করি। এগুলোই মনে হয় আমাকে আলোচনায় এনেছে। জাতীয় দলের কাছে চলে এসেছেন। আবাহনী, কলাবাগানের মতো ক্লাব আপনাকে নিয়ে আগ্রহ দেখাচ্ছে। স্বপ্নের মতো মনে হচ্ছে পথটা?শুভাগত: খানিকটা স্বপ্নের মতোই মনে হচ্ছে। ঢাকায় এসেছিলাম, এই স্বপ্ন নিয়েই। তখন ভাবতাম, এক দিন বড় বড় ক্লাব আমাকে ডাকবে, মানুষ আমার নাম জানবে। সে স্বপ্ন খানিকটা তো পূরণ হয়েই গেছে। কিন্তু স্বপ্নটা এত দ্রুত কাছে চলে আসবে বুঝতে পারিনি। এখন নিশ্চয়ই স্বপ্নের পরিধি লম্বা হয়েছে?শুভাগত: হ্যাঁ। এখন নিজেকে আরও ওপরে দেখতে চাই। আগে জাতীয় দলের হয়ে খেলতে চাই। জায়গাটা পাকা করতে চাই। জাতীয় দলের হয়ে অনেক রান করতে চাই। সেটা সম্ভব?শুভাগত: আমি শুধু চেষ্টা করতে পারি। সেটাই করে যাব। আমি যদি ভালো রান করি, তাহলে অবশ্যই সম্ভব।