‘স্বপ্ন’ সুপার স্টোরকে এক লাখ টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অননুমোদিত পণ্য বিক্রি করা ও বিক্রিত পণ্যের প্যাকেটের গায়ে সর্বোচ্চ খুচরামূল্য না থাকায় আজ মঙ্গলবার ঢাকার বিজয়নগরে ‘স্বপ্ন’ সুপার স্টোর কর্তৃপক্ষকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ‘মানসম্মত পণ্য পাওয়ার অধিকার, বিএসটিআই অনুমোদিত পণ্য’ শিরোনামে স্বপ্ন সুপার স্টোর কার্যক্রম পরিচালনা করার কথা বললেও আজ দুপুরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটির বিক্রি করা বিভিন্ন পণ্যে বিএসটিআইয়ের অনুমোদন না থাকায় এবং কয়েকটি পণ্যের প্যাকেটের গায়ে সর্বোচ্চ খুচরামূল্য না থাকায় ওই প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেন।বিএসটিআইয়ের কর্মকর্তা মো. আসিফ হোসেন জানান, প্রতিষ্ঠানটি বিভিন্ন পণ্য বিক্রিতে বিএসটিআইয়ের অনুমোদনের কথা বললেও বেশ কিছু পণ্য যেমন: কোলগেট টুথপেস্ট, জিলেট শেভিংক্রিম ও টমেটো কেচাপে বিএসটিআইয়ের অনুমোদন না থাকায় প্রতিষ্ঠানটিকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে কোয়ালিটি বাটার অয়েল, আড়ং দুধ ও ড্যানিস দুধের প্যাকেটে সর্বোচ্চ খুচরামূল্য না থাকায় ভোক্তা অধিকার আইন ’০৯ এর ৩৭ নম্বর ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে আরও ৪০ হাজার টাকা জরিমানা করা হয় বলে তিনি জানান।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ঢাকা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল-আমিন। এ সময় বিএসটিআইয়ের কর্মকর্তা ও মহানগর দাঙ্গা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।