‘স্বাভাবিক’ বললেন ফারুক, বিদায় নিলেন আবুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মন্ত্রিসভায় রদবদলের বিষয়টিকে স্বাভাবিক বলে মন্তব্য করেছেন বাণিজ্য মন্ত্রণালয় হারিয়ে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া ফারুক খান। আর যোগাযোগ মন্ত্রণালয় হারিয়ে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া সৈয়দ আবুল হোসেন তাঁর পুরান কর্মস্থলের সহকর্মীদের কাছ থেকে বিদায় নিয়েছেন।ফারুক খান বলেন, ‘এই পরিবর্তন গণতান্ত্রিক সরকারের স্বাভাবিক প্রক্রিয়া। আমি তিন বছর প্রধানমন্ত্রীর নেতৃত্বে ও তাঁর নির্দেশনায় ভালোভাবেই মন্ত্রণালয় পরিচালনা করেছি। আশা করছি, বর্তমানে যে মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে তা-ও ঠিকভাবে পালন করব।’ আজ সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকের পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন। তিনি দাবি করেন, তিন বছর দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ছিল। সাফল্যের সঙ্গেই তিনি দায়িত্ব পালন করেছেন।এদিকে মন্ত্রিসভায় রদবদলের পর যোগাযোগ মন্ত্রণালয়ের সব কয়টি বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের কাছ থেকে বিদায় নিয়েছেন সৈয়দ আবুল হোসেন। তিনি প্রথম সচিবালয়ে আসেন, তবে দপ্তরে বসেননি। সবার কাছ থেকে বিদায় নিয়ে তিনি রেল ভবন, সড়ক ভবন ও সেতু বিভাগে যান।দেশের বেহাল সড়ক, যোগাযোগব্যবস্থা ও সড়ক দুর্ঘটনা নিয়ে সমালোচনা আর সর্বশেষ পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির ব্যাপারে তাঁর বিরুদ্ধে বিশ্বব্যাংকের আনা অভিযোগ—সব মিলিয়ে আলোচিত-সমালোচিত হন সৈয়দ আবুল হোসেন।