‘স্বামীর মহত্ উদ্যোগ আমার গর্ব’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টি এম সায়ফুল আলম জীবনে যত টাকা আয় করছেন, তার প্রায় সবটুকুই ব্যয় করছেন এলাকার ঝরে যাওয়া ছাত্র ও যুবকদের পেছনে। তাঁর একটি মাত্র উদ্দেশ্য, গ্রামে থাকবে না কোনো নিরক্ষর ও বেকার যুবক। এমন স্বপ্নে বিভোর হয়ে তিনি ছুটে চলেছেন নিরন্তর।টি এম সায়ফুল আলমের বাড়ি যশোরের মনিরামপুর উপজেলার মাছনা গ্রামে। পেশায় তিনি স্কুলশিক্ষক। বিবেকের তাড়নায় সুস্থ সমাজ গড়ার লক্ষ্যে নিরলস কাজ করে চলেছেন। আর এ জন্য তিনি ব্যক্তিগত উদ্যোগে দুটি পাঠাগার ও একটি কৃষি প্রকল্প গড়ে তুলেছেন। তাঁর এই পাঠাগার থেকে বই সংগ্রহ করে ঝরে যাওয়া অনেক শিক্ষার্থী আজ লেখাপড়ায় ফিরেছে। পাশাপাশি কৃষি প্রকল্পে অংশ নিয়ে অনেক শিক্ষিত বেকার যুবক সাবলম্বী হয়ে উঠছে।স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার নিরক্ষর ব্যক্তিদের অক্ষর জ্ঞানসম্পন্ন করতে ১৯৯০ সালে তিনি নিজ গ্রামে গড়ে তোলেন বয়স্ক শিক্ষাকেন্দ্র। এরপর ১৯৯১ সালে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। তাঁর চেষ্টায় অল্প দিনেই এলাকার শিক্ষাবঞ্চিত ব্যক্তিরা আলোর মুখ দেখেন। ২০০০ সালে তিনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চাকরি পান। বর্তমান তিনি উপজেলার জোকা-কোমলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে কর্মরত। শিক্ষকতার পাশাপাশি সায়ফুল স্থানীয় কমিউনিটি পুলিশিং, গণিত ক্লাব, পাবলিক লাইব্রেরি, শিল্পীগোষ্ঠীসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে জড়িত। তাঁর প্রতিষ্ঠিত লেবুগাতী-গোয়ালপাড়া গণপাঠাগারেরও তিনি সম্পাদক। আবৃতি, সংগীত ও সাহিত্যবিষয়ক লেখালেখি ছাড়াও তিনি উপজেলার ৩৫০ জন মুক্তিযোদ্ধার ওপর গবেষণা করছেন। বর্তমানে তাঁর দুটি পাঠাগারে প্রথম থেকে স্নাতক শ্রেণীর পাঠ্যপুস্তক ছাড়াও বিভিন্ন লেখকের প্রায় তিন লাখ টাকার বই রয়েছে। এসব কাজের জন্য তিনি ২০০৭ সালে এলাকার বিশেষ গুণী ব্যক্তিত্ব এবং এ বছর উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে স্বীকৃতি পেয়েছেন।সরেজমিনে দেখা যায়, তাঁর বাড়ির একটি মাটির ঘরে গৃহবধূ রাজিয়া (২৮), রাশিদা খাতুন (৪৮), অষ্টম শ্রেণীর শিক্ষার্থী মিন্টু হোসেন, স্নাতক (সম্মান) শ্রেণীর সোহাগ আলমসহ এলাকার কয়েকজন নারী-পুরুষ পাঠাগারে বই পড়ছেন। নিয়মিত পাঠক স্নাতক শ্রেণীর ছাত্র আবদুল আলীম বলেন, ‘টাকার অভাবে বই কিনতে না পেরে উচ্চমাধ্যমিকে আমার এক বছর নষ্ট হয়। সায়ফুল ভাইয়ের কানে আমার এ খবর পৌঁছালে তিনি আমাকে বই কিনে দেওয়ার ব্যবস্থা করেন এবং আমার মতো দেড় শতাধিক ছাত্রকে বিনামূল্যে কোচিং করান। এ ছাড়াও তিনি রেজাউল ইসলাম, মোক্তার হোসেন, আক্কাচ আলীসহ শতাধিক শিক্ষিত বেকার যুবককে তাঁর কৃষি প্রকল্পে কাজের সুযোগ করে দিয়েছেন।’এলাকার ব্যবসায়ী মশিউল আযম বলেন, ‘প্রত্যেক গ্রামে সায়ফুলের মতো শিক্ষানুরাগী থাকলে এ দেশ থেকে নিরক্ষরতা দূর হয়ে যেত। সায়ফুল আলমকে এ ব্যাপারে উত্সাহ এবং সহযোগিতা করেন তাঁর স্ত্রী নাছিরন আক্তার।’নাছরিন আক্তার বলেন, ‘স্বামীর এ মহত্ উদ্যোগ আমার গর্ব।’এ ব্যাপারে সায়ফুল আলম বলেন, ‘যেদিন আমি গ্রাম থেকে শতভাগ নিরক্ষর এবং বেকারত্ব দূর করতে পারব, সেদিন আমার কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ হবে।’