‘স্যার, আপনার কথায় আস্থা রাখতে পারি না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজই ইস্তফা দিয়ে মহাজোট থেকে বের হয়ে আসতে পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে তাগিদ দিয়েছেন জাতীয় পার্টির (জাপা) তৃণমূল পর্যায়ের নেতারা। মন্ত্রিসভা থেকে দলের সদস্যকে এখনই পদত্যাগ করার তাড়াও দিয়েছেন তাঁরা।আজ সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাপার জেলা ও উপজেলা শাখার সভাপতি-সম্পাদকদের এক যৌথসভায় নেতারা এই তাগিদ দেন। এরশাদের সভাপতিত্বে বেলা ১১টায় যৌথসভা শুরু হয়।সভায় জাপার সাতক্ষীরার শ্যামনগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ আবদুর রশীদ এরশাদের উদ্দেশে বলেন ‘স্যার, আপনার কথায় আস্থা রাখতে পারি না। সকালে এক কথা, বিকেলে আরেক কথা বলেন। একা নির্বাচন করতে চাইলে এখনই মহাজোট তাগ করুন।’দলের নেতা ঠাকুরগাঁও সদর উপজেলা শাখার সভাপতি মকবুল হোসেন বলেন, ‘জাতীয় পার্টির সব দখল করে নিয়েছে আওয়ামী লীগ। একা ভোট করতে চাইলে আসুন, এখনই জনগণের কাতারে যাই।’এর আগে এরশাদ দলের তৃণমূল নেতাদের ‘লজ্জাশরম’ না করে খোলামেলা কথা বলতে বলেন। তিনি বলেন, ‘আমি শুনতে চাই, গ্রামের মানুষ কী বলে, তোমরা কী বলো। কোনো লজ্জাশরম নেই, তোমরা যেভাবে চাইবে, আমি সেভাবেই ব্যবস্থা নেব।’ আওয়ামী লীগ ও বিএনপির সমালোচনা করে এরশাদ বলেন, ‘মানুষ দুই দলের কাছে জিম্মি, এদের হাত থেকে মানুষ মুক্তি চায়। এদের হাত থেকে বাঁচতে মানুষ সন্ধানে আছে তৃতীয় শক্তির। জাতীয় পার্টিই সে তৃতীয় শক্তি। কিন্তু জাতীয় পার্টির কথা তারা লজ্জায় বলে না।’এরশাদ বলেন, একটি দল নির্বাচনে না এলে নির্বাচন হবে কি না, এ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। নির্বাচন কমিশন নির্বাচন দেবে। কোন দল নির্বাচন করবে, কি করবে না—এটা কোনো বিষয় নয়। আমরা নির্বাচন করব এবং একলা নির্বাচন করব।এরশাদের বক্তব্যের পর দলের জেলা ও উপজেলা কমিটির নেতারা বক্তব্য দেন। খুলনার কয়রা উপজেলা জাপার নেতা মোস্তফা শফিকুল ইসলাম মিনতি জানিয়ে মহাজোটের ‘জগদ্দল পাথর’ সরানোর অনুরোধ জানান এরশাদকে। অন্য নেতারা তৃণমূল পর্যায়ের দলের কোন্দল, সাংগঠনিক দুর্বলতা নিয়ে আলোচনা করেন।জাপার মহাসচিব এবিএম রুহুল আমীন হাওলাদার বলেন, ‘কাউকে আঘাত দিয়ে কিছু বলতে চাই না। পত্রিকা খুললেই দেখা যায়, দেশের অবস্থা কী? তিনি এরশাদের দিকে তাকিয়ে বলেন, ‘এখনো সপ্তাহে একবার কোর্টে যেতে হয়। মহাজোটে গিয়ে অনেক প্রত্যাশা ছিল, কিছুই পাইনি।’ সভায় দলের জ্যেষ্ঠ সভাপতিমণ্ডলীর সদস্য রওশন এরশাদসহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত আছেন। বিকেল পাঁচটা পর্যন্ত সভা চলবে।