‘স্যার বললেন, ওদের আসতে বলো’
স্যারকে বললাম, কী করব? স্যার বললেন, ঠিক আছে, ওদের আসতে বলো। কাজ করুক। আরও কয়েকজন ইঞ্জিনিয়ার দেখিয়ে ফাইনাল ডিসিশন নেওয়া যাবে।’আজ বৃহস্পতিবার এসব কথা বলেন সাভারে ধসে পড়া রানা প্লাজার সপ্তম তলায় থাকা নিউ ওয়েভ স্টাইল গার্মেন্টসের উত্পাদন ব্যবস্থাপক মো. পিন্টু। তিনি জানান, গত সোমবার ভবনের তৃতীয় তলার একটি পিলারের প্লাস্টার খসে পড়ার পর কারখানার মালিক বজলুস সামাদের সঙ্গে তাঁর এই আলাপ হয়।ভবন ধসে পড়ার সময় সপ্তম তলাতেই ছিলেন পিন্টু। এখন সাভারে এনাম মেডিকেল হাসপাতালে তিনি চিকিত্সাধীন। তিনি ডান হাত, মুখ ও এক পায়ে গুরুতর আঘাত পেয়েছেন।আজ দুপুর ১২টার দিকে পিন্টু প্রথম আলো ডটকমকে বলেন, গত সোমবার ভবনের তৃতীয় তলার একটি পিলারের প্লাস্টার খসে পড়ে। বিষয়টি নিউ ওয়েভ স্টাইলের মালিক বজলুস সামাদকে জানান পিন্টু নিজেই। ভবনটি ঝুঁকিপূর্ণ মনে হওয়ায় পরের দিন সকাল ১০টায় কারখানা ছুটি ঘোষণা করা হয়। ওই দিন বিকেলে বজলুস সামাদ কারখানার কয়েকজনকে নিয়ে বৈঠকে বসেন। তিনি সেখানে রাজ্জাক নামের একজন প্রকৌশলীকে নিয়ে আসেন। ওই প্রকৌশলী ভবনটিকে ঝুঁকিপূর্ণ উল্লেখ করে আরও কয়েকজন অভিজ্ঞ প্রকৌশলীকে দেখাতে বলেন। এ সময় পিন্টু শ্রমিকদের বিষয়ে জানতে চাইলে বজলুস সামাদ শ্রমিকদের কারখানায় আসতে বলেন।দুর্ঘটনার সময় সপ্তম তলার ওই কারখানায় পাঁচ শতাধিক শ্রমিক কাজ করছিলেন বলে জানান পিন্টু।