৩২ জনের ভিড়ে তাঁকে খুঁজে পেতে কষ্টই হবে। তবে কাল শুরু হওয়া কন্ডিশনিং ক্যাম্পের খেলোয়াড় তালিকায় ঠাঁই পাওয়াটাকে অনেক বড় করেই দেখছেন নূর হোসেন (মুন্না)। ১৮ বছর বয়সী তরুণ লেগ স্পিনারের কাছে জীবনের সবচেয়ে বড় স্বপ্ন পূরণ হওয়াটাকে যে মনে হচ্ছে নাগালের মধ্যেই! প্রথমবারের মতো এ ধরনের ক্যাম্পে ডাক পেলেন। কেমন লাগছে?নূর হোসেন মুন্না: অনেক ভালো লাগছে। এই প্রথম প্রাথমিক দলে ডাক পেয়েছি। জাতীয় দলে খেলার ইচ্ছা সবারই থাকে। আমারও ও রকমই ইচ্ছা। এর আগে একাডেমি, ‘এ’ দলে খেলেছি। জাতীয় দলে ঢুকতে পারলে সবচেয়ে বড় স্বপ্নটা পূরণ হয়। এই স্বপ্ন দেখার শুরু কবে থেকে?নূর হোসেন: ২০০২ সালে অনূর্ধ্ব-১৩ দলের হয়ে আমি শিলিগুড়ি সফরে যাই। কোচ ছিলেন ওয়াহিদুল গনি স্যার। তখন থেকেই বাংলাদেশ দলে খেলার স্বপ্ন। তবে ওয়াহিদ স্যার বলেন, পুরোপুরি তৈরি হতে আমার আরও ৩-৪ বছর লাগবে। আরও অভিজ্ঞতা প্রয়োজন। প্রথম শ্রেণীর ক্রিকেটে তো এবারই প্রথম খেললেন...নূর হোসেন: প্রিমিয়ার লিগ, জাতীয় লিগ সবকিছুতে আমার এবারই অভিষেক। প্রিমিয়ার লিগে ৮ ম্যাচ খেলে ১৭ উইকেট পেয়েছি। জাতীয় লিগের ওয়ানডেতে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট পাই। ব্যাটিংয়েও এক ম্যাচের শেষ দিকে দুটি ছক্কা মেরে হারিয়েছি রাজশাহীকে। তবে চারদিনের ম্যাচ মাত্র একটা খেলেই দক্ষিণ আফ্রিকায় চলে যাই ‘এ’ দলের সঙ্গে। ইচ্ছা কি শুধু স্পিনার হিসেবেই খেলা, নাকি ব্যাটিংটাও গুরুত্ব পাবে?নূর হোসেন: আমি বোলিং অলরাউন্ডার হতে চাই। কারণ আমি ব্যাটিংটাও পারি। ক্রিকেট খেলার শুরুটা কীভাবে?নূর হোসেন: আব্বু ফুটবল খুব পছন্দ করতেন। ফুটবলার মোনেম মুন্না ছিলেন তাঁর প্রিয় খেলোয়াড়। আমার নাম এমনিতে কাজী মো. নূর হোসেন হলেও ডাকনাম মুন্না হয়ে গেল ওই মুন্নার নাম থেকেই। আব্বুর সঙ্গে মাঠে গিয়ে দেখতাম অনেকে ক্রিকেটও খেলছে। তখন থেকে আমিও ক্রিকেট খেলা শুরু করি। আব্বু-আম্মু দুজনই খুব সাপোর্ট করতেন আমার খেলায়। পরিবারে আর কে কে আছেন?নূর হোসেন: আব্বু-আম্মু, বড় তিন বোন। তিন বোনেরই বিয়ে হয়ে গেছে। আমি আছি আব্বু-আম্মুর সঙ্গে। বাবা কী করেন?নূর হোসেন: আপাতত কিছু করছেন না। মাস তিনেক হলো আব্বুর ওপেন হার্ট সার্জারি হয়েছে। ঢাকার হয়ে জাতীয় লিগে খেলেন। বাড়ি কি ঢাকাতেই?নূর হোসেন: আমার বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ থানায়। তবে ছোটবেলা থেকেই ঢাকায় আছি। থাকি দক্ষিণ কমলাপুরে। খেলার বাইরে পড়াশোনাও করছেন নিশ্চয়ই?নূর হোসেন: খিলগাঁও মডেল কলেজ থেকে এইচএসসি পাস করেছি। তবে এখনো কোথাও ভর্তি হইনি। অন্য কিছু না হয়ে লেগ স্পিনার হলেন কেন?নূর হোসেন: ছোটবেলায় আমি ব্যাটসম্যানই ছিলাম। ব্যাটিং এখনো আমার খুব পছন্দ। তবে প্রথম সফরটা করি লেগ স্পিনার হিসেবে। একদিন নেটে বল করলাম, অনেক টার্ন পাচ্ছিলাম। তখন থেকেই শুরু। ওয়াহিদ স্যার লেগ স্পিনার ছিলেন। কিন্তু ওনার কাছ থেকে উঠে এসে এখন পর্যন্ত কোনো লেগ স্পিনার বাংলাদেশ দলে খেলেনি। আমার ইচ্ছা, স্যারের আশাটা পূরণ করব। লেগ স্পিনে আপনার মূল অস্ত্র কী?নূর হোসেন: লেগ স্পিনেই উইকেট পাওয়া যায়। তবে পরিস্থিতি অনুযায়ী ফ্লিপার, গুগলিতে বেশি উইকেট পাওয়া যায়। আমার মনে হয়, গুগলিটাই বেশি ভালো হয়। ক্রিকেটে কাকে আদর্শ মানেন?নূর হোসেন: শেন ওয়ার্ন। ওর লেগ স্পিন...গুগলি দেখতে খুব মজা লাগে আমার।