আঠারো মাস ধরে কোনো চুক্তি ছাড়াই বাংলাদেশ জাতীয় হকি দলের কোচ হিসেবে আসা-যাওয়ার মধ্যে ছিলেন তিনি। অবশেষে চার মাস মেয়াদি একটা চুক্তি হলো ফেডারেশনের সঙ্গে। নিজের কাজ ও অতীত-বর্তমান নিয়ে কাল ফেডারেশনে বসে কথা বললেন জার্মান কোচ পিটার গেরহার্ড অবশেষে কোচ হিসেবে চুক্তিবদ্ধ হলেন। কাজে কি কোনো ব্যবধান বোঝা যাবে?পিটার গেরহার্ড: আমার কাছে চুক্তি হওয়ার আগে ও পরের সময়ে কোনো পার্থক্য নেই। চুক্তি হওয়া না-হওয়া আমার সঙ্গে ফেডারেশনের পেশাদার একটা ব্যাপার। এর কোনো প্রভাব আমার কাজে আগেও পড়েনি। এখনো পড়বে না। আমি সব সময়ই কাজের ব্যাপারে আন্তরিক। বাংলাদেশের হকি নিয়ে আপনার মূল্যায়নটা কী?গেরহার্ড: আমি সব সময়ই বলেছি, এই দেশের হকিতে প্রতিভার অভাব নেই। বাংলাদেশে হকি খেলোয়াড়ের জোগান ভারত-পাকিস্তানের মতোই। সমস্যাটা হলো, সাংগঠনিকভাবে এই দেশের হকি গোছানো নয়। আবার জাতীয় দলের কিছু খেলোয়াড় নিয়ে জার্মানি যাচ্ছেন। বারবার জার্মানিতে গিয়ে লাভ কী?গেরহার্ড: দেখুন, একটা কথা আজকের দিনে পরিষ্কার, হকি এখন ইউরোপে। এশিয়ান হকির কথা ভেবে দুয়ার আটকে বসে থাকলে হকির উন্নতি জীবনেও হবে না। ইউরোপে কীভাবে খেলা হচ্ছে, ওদের খেলোয়াড়েরা কেমন করছে; এগুলো বোঝানোর জন্যই বারবার খেলোয়াড়দের নিয়ে জার্মানিতে যেতে চাই। এই কাজের সমালোচনা করাটাও টিপিক্যাল এশীয় চরিত্র। ‘টিপিক্যাল এশীয় ব্যাপার’ বলতে কী বোঝাতে চাইছেন?গেরহার্ড: আমি এশিয়ার হকির প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, এশিয়ান দেশগুলো আসলে চোখ বুজে থাকতে চায়। তারা একটা পাত্রের মধ্যে আছে। বাইরের দুনিয়ায় কী হচ্ছে সেটা দেখারই যেন ইচ্ছে নেই। তার পরও আপনি দেখুন, ভারত, পাকিস্তান, চীন, জাপান, কোরিয়া—সবাই এশিয়ান গেমস সামনে রেখে ইউরোপ সফর করছে বা ইউরোপে ক্যাম্প করছে। আগেরবার খেলোয়াড়দের জার্মানিতে নিয়ে গেলেন। খেলোয়াড়েরা ফিরে অনেক অভিযোগ করেছিলেন।গেরহার্ড: কী অভিযোগ, টাকা পায়নি তারা? আমি পরিষ্কার বলছি, আমি তাদের নেওয়ার সময় কোনো টাকার প্রতিশ্রুতি দিইনি। সেটা কি দেওয়া সম্ভব? আপনি কি আশা করেন যে, বাংলাদেশের খেলোয়াড়েরা জার্মানির ফুটবলে খেলে টাকা আয় করতে পারবে? তাহলে হকি দল কয়েক দিনের জন্য সফরে গেলে টাকা পাবে কী করে! এবার তবু তারা কিছু টাকা পাবে। ভারতীয় সংবাদমাধ্যমে আপনার বক্তব্য ছাপা হয়েছে—আবার ভারতের কোচ হতে চান...গেরহার্ড: আরে, আমি এ রকম কিছু বলিনি। আসলে ওখান থেকে এক লোক আমাকে মেইল করে প্রশ্ন করেছিল, প্রস্তাব পেলে আবার ভারতের কোচ হতে রাজি কি না। আমি সরলভাবে বলে দিয়েছি, হ্যাঁ রাজি। সেটাকেই লম্বা করে ইচ্ছেমতো ওভাবে লিখেছে। ভারতে আপনার অভিজ্ঞতা তো ভালো না। ধনরাজ পিল্লাইয়ের সঙ্গে আপনার একটা ঝামেলার কথা শোনা যায়।গেরহার্ড: এটাও সংবাদমাধ্যমের বানানো। ধনরাজের সঙ্গে এখনো আমার ভালো সম্পর্ক আছে, মেইলে যোগাযোগ হয়। ও একসময় বলত, আমি ওর পিতৃতুল্য। হ্যাঁ, একটু মনোমালিন্য হয়েছিল। কী নিয়ে?গেরহার্ড: ওই যে এথেন্সে (২০০৪ অলিম্পিক) শেষ ম্যাচে ওকে নামাইনি বলে একটু মন-কষাকষি হয়েছিল। সেটা এখন অতীত।