‘হকি খেলতেই ভালো লাগে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে কাল শুরু হয়েছে দ্বিতীয় উপজাতি হকি। সেখানেই পঞ্চগড় জেলার হয়ে খেলল টুর্নামেন্টের কনিষ্ঠ খেলোয়াড় সন্তোষ কিস্কু। প্রথমবারের মতো অ্যাস্ট্রো টার্ফে খেলতে পেরে দারুণ খুশি পঞ্চগড় চেহেলগাজী শিক্ষানিকেতনের চতুর্থ শ্রেণীর ছাত্র তোমাকে সবাই সন্দেশ নামে ডাকছে কেন? সন্তোষ: আসলে আমার নাম সন্তোষ। পুরো নাম সন্তোষ কিস্কু। সবার সঙ্গে মিষ্টি করে কথা বলি তো, তাই এখানকার কোচ ওস্তাদ ফজলু আমাকে সন্দেশ বলে ডাকেন। ওনার দেখাদেখি আমার বন্ধুরাও আমাকে মজা করে সন্দেশ নামে ডাকছে।  এই নামে তোমার কি খারাপ লাগছে?সন্তোষ: না, খারাপ লাগছে না। আসলে এই প্রথম বাড়ির বাইরে এসে থাকছি, এ জন্য সব সময় হাসিখুশি থাকার চেষ্টা করি। এখানে ফেডারেশনের ড্রেসিংরুমের মধ্যে একসঙ্গে সবাই মিলেমিশে রাতে ঘুমাচ্ছি। আর মজা করছি। এসি (শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্র) আছে বলে গরমও লাগে না। সব মিলিয়ে ভালোই লাগছে।  তোমরা তো প্রথম ম্যাচেই হেরে গেলে...সন্তোষ: আমরা এখানে টুর্নামেন্ট খেলতে আসার আগে বেশি দিন অনুশীলন করতে পারিনি। তবে পঞ্চগড়ে আমরা দুই দল ভাগ হয়ে নিজেদের মধ্যে মাঝেমধ্যে ম্যাচ খেলেছি। আমি এক ম্যাচে হ্যাটট্রিকসহ ৪ গোল করেছিলাম। আজ (কাল) অবশ্য আমিও ভালো খেলতে পারিনি। প্রথম ম্যাচে হেরেছি বলে একটু খারাপই লাগছে। অ্যাস্ট্রো টার্ফে খেলতে কেমন লাগছে?সন্তোষ: খুবই ভালো লাগছে। আমি আসলে প্রথমে এসে বুঝতেই পারিনি এটা টার্ফ। আমি ভেবেছি এখানে কার্পেট বিছানো। প্রথমে মাঠে ঢুকেই একটু গড়াগড়ি খেয়ে নিলাম (হা হা হা)।  তোমরা কেমন মাঠে খেল? সন্তোষ: আমরা সব সময় ঘাসের মাঠে খেলি। উঁচু-নিচু মাঠে খেলে মোটেও মজা পাই না। হকির নিয়মকানুন সব ঠিকমতো জানো তো?সন্তোষ: হ্যাঁ, জানি। আমাদের কোচ আবু সাইদ ভাই আমাকে হকির নিয়মকানুন ভালোমতো শিখিয়ে দিয়েছেন। কীভাবে হ্যাটট্রিক হয়, পেনাল্টি কর্নার হয়, ডি-বক্সের বাইরে থেকে মারলে গোল হয় না, ড্র্যাগ ফ্লিক কীভাবে মারতে হয় সব ধরে ধরে শিখিয়েছেন। নিয়মিত অনুশীলনের সুযোগ পাও তোমরা?সন্তোষ: আমাদের বাড়ি থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে একটা বড় মাঠ আছে। সেখানে প্রতিদিন সাইকেল চালিয়ে অনুশীলন করতে যাই। আমাদের স্কুল ছুটি হয় বিকেল সাড়ে তিনটায়। এরপর বিশ্রাম ও খাওয়া-দাওয়ার পর অনুশীলনে আসি। তোমাদের কি জেলা ক্রীড়া সংস্থা থেকে কোনো টাকাপয়সা দেবে?সন্তোষ: না। আমাদের শুধু খাওয়া-দাওয়া করাচ্ছে ও জার্সি দিচ্ছে।  তোমার বাবা কী করেন?সন্তোষ: আমার বাবা সোম কিস্কু রিকশা চালান। শুধুই হকি খেলো? না অন্য কিছুও খেলো?সন্তোষ: হকি ছাড়াও ক্রিকেট আর ফুটবল খেলি। হকি খেলতেই বেশি ভালো লাগে নিশ্চয়ই? সন্তোষ: হকি খেলতেই আমার বেশি ভালো লাগে। আমাদের ওখানে সাঁওতাল বস্তিতে গিয়ে এবং স্থানীয় স্কুলে গিয়ে স্যাররা আমাদের হকি খেলার জন্য ডেকে নিয়ে আসেন। এরপর আমরা খেলতে গিয়ে মজা পেয়ে গেছি। বাংলাদেশ কোনো হকি খেলোয়াড়ের নাম বলতে পারবে?সন্তোষ: আমি ক্রিকেটার তামিম-সাকিবদের চিনি। কিন্তু বাংলাদেশের কোনো হকি খেলোয়াড়কে চিনি না। তবে ভারতের সন্দ্বীপ সিংয়ের খেলা দেখেছি টেলিভিশনে। ওনার খেলা ভালো লাগে। সময়-সুযোগ পেলেই আমি টেলিভিশনে হকি খেলা দেখি। তোমার স্বপ্ন কী?সন্তোষ: আমি ভবিষ্যতে একজন ভালো হকি খেলোয়াড় হতে চাই। একদিন জাতীয় দলে খেলতে চাই।