‘হকিতে বিপ্লব ঘটাতে চাই’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তরুণ ব্যবসায়ী শফিউল্লাহ মনির মোহামেডানের হকি কমিটির চেয়ারম্যান হয়েই বদলে দিয়েছেন দলটাকে। এনেছেন ইউরোপিয়ান কোচ, খেলোয়াড় ও প্রযুক্তি। তরুণ এই সংগঠক কাল হকি নিয়ে বললেন তাঁর স্বপ্নের কথা দায়িত্ব নিয়েই সেরা সব স্থানীয় খেলোয়াড় দলে এনেছেন, এনেছেন বিদেশি কোচ, খেলোয়াড়। এর পরও ক্লাব কাপে সেমিফাইনালে হার। নিশ্চয়ই হতাশ?শফিউল্লাহ মনির: আমি ভিডিও অ্যানালিস্ট আকিমকে নিয়ে পুরো ম্যাচটা দেখেছি। দেখে মনে হয়েছে, সেমিফাইনালে আমরা আবাহনীকে হালকাভাবে নিয়েছিলাম। এটা একান্তই আমার ব্যক্তিগত মত। আমাদের বিদেশিরা একটু পরে এসেছিল, স্থানীয়দের সঙ্গে তাই হয়তো তেমন সমন্বয় হয়নি। তার পরও কিন্তু আমি দলের খেলায় সন্তুষ্ট। তবে এই হার আমাদের জন্য একটা বড় শিক্ষা।  জাতীয় দলের দায়িত্বে যখন ছিলেন, পিটার গেরহার্ডের উল্লেখ করার মতো সাফল্য ছিল না। তার পরও কেন তাঁকেই কোচ হিসেবে বেছে নিলেন?শফিউল্লাহ: ওকে নেওয়ার আগে আমি আর প্রিন্স (আরিফুল হক, হকি ম্যানেজার) জার্মানিতে গিয়েছিলাম। সেখানে হল্যান্ড এবং জার্মানির অনেক কোচের প্রোফাইল দেখেছি। গেরহার্ড কিন্তু ভারত জাতীয় দলের কোচ ছিলেন। অ্যাস্ট্রো টার্ফের যুগে ভারত সবচেয়ে ভালো ফল পেয়েছে গেরহার্ডের সময়। এ ছাড়া তিনি টেকনিক্যালিও নিখুঁত। হতে পারে আমাদের সঙ্গে ভাষাগত কারণে যোগাযোগে বড় সমস্যা হচ্ছে। এবার ক্লাব কাপে হারার পর মোহামেডানের অনেক কর্মকর্তারই ওর ওপর খেপে গিয়েছিল। কিন্তু গেরহার্ড টিমের ব্যাপারে কাউকে নাক গলাতে দেয়নি। আমরা তাকে পুরো স্বাধীনতা দিয়েছি। এখন দেখব ও কতটুকু পারে। আমার কাছে মনে হয় দীর্ঘ মেয়াদের জন্য ও ভালো।  ফুটবল বা ক্রিকেটে না এসে কেন হকিতে দল গড়তে আগ্রহী হলেন?শফিউল্লাহ: আমি ছোট থেকেই মোহামেডানের অন্ধ সমর্থক। যখন ফিনল্যান্ডে পড়াশোনা করেছি তখন ইউনিভার্সিটিতে হকি আর ফুটবল খেলতাম। আর একটা ব্যাপার হলো হকির জোয়ার ছিল একসময় বাংলাদেশে। আমার মনে পড়ে, তখন ক্লাস থ্রি-ফোরে পড়ি। বাংলাদেশে এশিয়া কাপ হকি হয়েছিল। তখন হকির এতই জোয়ার ছিল যে আমরা গাছের ডাল কেটে হকিস্টিক বানিয়ে খেলেছি। তখন থেকেই চিন্তা ছিল সুযোগ পেলে হকি নিয়ে কাজ করব।  হকি নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কী?শফিউল্লাহ: অনেক কিছু করার স্বপ্ন আছে। আমি হকিতে বিপ্লব ঘটাতে চাই। ভারতে ওয়ার্ল্ড হকি লিগ যারা করে তাদের কয়েকজনের সঙ্গে আমার বন্ধুত্ব আছে। ওদের সাহায্য পাব। আমার ইচ্ছা আছে গ্রামের বাড়ি টাঙ্গাইলে একটা হকি কমপ্লেক্স করব। সেখানে অ্যাস্ট্রো টার্ফ বসাব।  ক্লাবের সদস্য নন কিন্তু হকি কমিটির চেয়ারম্যান হয়েছেন বলে অনেকেই প্রশ্ন তুলেছেন। বিষয়টি আপনি কীভাবে দেখছেন?শফিউল্লাহ: এই প্রথম এটা শুনলাম। ক্লাব কর্মকর্তাদের কাছে আমি প্রথমেই নিশ্চয়তা চেয়েছিলাম সুন্দরভাবে কাজ করতে পারব কি না। তাঁরা নিশ্চয়তা দিয়েছেন। তাই এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি। তবে যা শুনেছেন, সেটার উত্তর কর্মকর্তারাই দেবেন।  ক্লাবে কাজ করার পরিধি কম। সে হিসেবে ফেডারেশনে আসার আগ্রহ আছে?শফিউল্লাহ: গত এএইচএফ কাপের খেলা দেখতে গিয়েছিলাম ব্যাংককে। সেখানে গিয়ে যে অভিজ্ঞতা হয়েছে তা থেকে বলছি, আমরা ওদের মতো কাজ করতে পারব না। নিজের মতো কাজ করলে ভালো হবে। তাই এখনই ফেডারেশনে আসতে চাই না।  আপনি নাকি মহিলা হকি দল গড়বেন?শফিউল্লাহ: আসলে পুরো বিষয়টা নির্ভর করছে মোহামেডান ক্লাবের ওপর। জার্মানি থেকে মহিলা কোচ আনার চিন্তাভাবনা করছি। উনি জার্মানি মহিলা হকি লিগে খেলেন। সম্ভবত লিগের শেষের দিকে আসতে পারেন। এসে এক মাস থাকবেন। তখন তাঁকে কাজে লাগানোর চেষ্টা করব।