মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে কাল শুরু হয়েছে খুদে হকি খেলোয়াড়দের প্রশিক্ষণ ক্যাম্প। গত ফেব্রুয়ারিতে শেষ হওয়া মহানগর স্কুল হকি থেকে বাছাই করা হয়েছে এসব খেলোয়াড়। নারায়ণগঞ্জ পুলিশ লাইন স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্র সজীব হোসেনও রয়েছেন এই ক্যাম্পে। ১৫ দিনের এই ক্যাম্পে যোগ দিয়ে খুবই উচ্ছ্বসিত ১১ বছরের কিশোর তোমাকে খুবই ক্লান্ত দেখাচ্ছে। খুব কঠিন লাগছে অনুশীলন?সজীব হোসেন: না। কঠিন না। তবে প্রথম দিন বলে একটুতেই ক্লান্তি লাগছে। এই প্রথম তুমি কোনো অনুশীলন ক্যাম্পে এলে?সজীব: না। আমাদের স্কুলেরও একটা ক্যাম্পে যোগ দিয়েছিলাম। কেমন লাগছে অনুশীলন?সজীব: খুবই ভালো লাগছে। আমাদের কোচ ফজলু ওস্তাদ খুবই ভালো একজন কোচ। উনি প্রথমে আমাদের বেসিকটা শেখাচ্ছেন। শেখাচ্ছেন কীভাবে স্টিক ধরতে হয়, কীভাবে ড্রিবলিং করতে হয়। রোলিং, দৌড় সবই শিখছি। হকি খেলায় এসেছ কার উৎসাহে?সজীব: আমাদের স্কুলের মাঠে মোস্তফা স্যার (স্কুলের কোচ, গোলাম মোস্তফা) প্রতিদিন বিকেলে প্রায়ই হকি খেলতে ডাকতেন। স্কুলের ছেলেরা দুই দলে ভাগ হয়ে খেলতাম। এরপর গত ফেব্রুয়ারি মাসে মহানগর স্কুল হকিতে খেলেছি। খেলতে খেলতেই হকি ভালো লেগে গেছে। জানেন, আমার বড় ভাইয়া রাকিব ক্রিকেট খেলে। ও আমাকে প্রায়ই ক্রিকেট খেলতে ডাকে। কিন্তু আমি যাই না। ক্রিকেটের চেয়ে হকিতেই বেশি আনন্দ পাই আমি। তোমার প্রিয় হকি খেলোয়াড় কে?সজীব: আমি মূলত স্ট্রাইকিং পজিশনে খেলি। তাই জিমি ভাইয়াকেই (রাসেল মাহমুদ) বেশি ভালো লাগে। ওনার মতো খেলোয়াড় হতে চাই। হকি খেলতে গেলে কি মা-বাবা বকাবকি করেন?সজীব: না, কখনো বকা খাইনি। আমার বাবা নূরুল হকের মেশিন পার্টসের দোকান আছে পুলিশ লাইনের সামনে। এই দোকান নিয়েই বেশি ব্যস্ত থাকেন বাবা। উল্টো দুই ভাইকেই বলেন, লেখাপড়া ঠিক রেখে খেলো, তাহলে কোনো সমস্যা নেই। লেখাপড়াটা তাহলে ভালোই হচ্ছে... সজীব: জানেন, আমি পড়ালেখায় ফাঁকি দিই না। ক্লাসে আমার রোল নম্বর ৩। সকালে ঘুম থেকে উঠে প্র্যাকটিস করে স্কুলে যাই। সেখান থেকে এসে আবারও পুলিশ লাইন মাঠে প্র্যাকটিস করি ঘণ্টা দুয়েক। এরপর অনেক রাত পর্যন্ত পড়ে ঘুমাতে যাই। টেলিভিশনে কখনো হকি খেলা দেখো?সজীব: না। টেলিভিশনে কখনো কোনো ম্যাচ দেখিনি। তবে আমার কোচ মোস্তফা স্যার আমাকে পাকিস্তানের সোহেল আব্বাসের খেলার ভিডিও দেখিয়েছেন। ওনার খেলা দেখে আমি মুগ্ধ। সোহেল আব্বাসের কোন দিকটা ভালো লেগেছে?সজীব: উনি হচ্ছেন ড্র্যাগ ফ্লিক মাস্টার। পেনাল্টি কর্নার থেকে কীভাবে গোল করতে হয় সেটা ওনার খেলা দেখিয়েই শিখিয়েছেন স্যার। দেখি, ভবিষ্যতে কোনো ম্যাচে আমি এমনভাবে খেলার চেষ্টা করব। তোমার স্কুলের অন্য কেউ কি ডাক পেয়েছে এই ক্যাম্পে?সজীব: হ্যাঁ, আমাদের পুলিশ লাইন স্কুলের আরও দুই খেলোয়াড় শরীফুল ইসলাম ও ফুয়াদ হাসান এই ক্যাম্পে আছে। ওরাও খুব ভালো হকি খেলে।