ইউসিবি ডেভেলপমেন্ট কাপ মহিলা হকির প্রথম ম্যাচেই নজর কেড়েছে নড়াইলের মেয়ে শম্পা বিশ্বাস। দলের ১২টি গোলের সাতটিই তার। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে কালকের খেলা শেষে অষ্টম শ্রেণীর এই ছাত্রী ছিল ভীষণ আনন্দিত প্রথম ম্যাচে নেমেই হ্যাটট্রিকসহ ৭ গোল। মাঠে নামার আগে এমন পারফরম্যান্স ভাবতে পেরেছিলে?শম্পা বিশ্বাস: এত গোল পাব ভাবতেই পারিনি। আসলে লক্ষ্য ছিল, আমি গোল করি আর অন্য কেউ করুক, দলকে আমরা জেতাব। দল জেতায় খুব ভালো লাগছে। এর আগে কখনো হকি খেলেছ?শম্পা: না, আগে কখনো হকি খেলিনি। গত বছর মার্চে কলেজ মাঠে কিছুদিন প্র্যাকটিস করেছিলাম। তোমরা তো ঘাসের মাঠে প্র্যাকটিস করেছ। অ্যাস্ট্রো টার্ফ দেখে কেমন লেগেছে?শম্পা: স্টেডিয়ামে ঢুকে মাঠ দেখেই কাছে গিয়ে একটু ছুঁয়ে দেখতে ইচ্ছে হচ্ছিল। খালি পায়ে হাঁটতে ইচ্ছা হচ্ছিল। টার্ফে খেলে কী যে মজা, সেটা বলে বোঝাতে পারব না। ঘাসের মাঠে খেলতে আমাদের অনেক কষ্ট হয়। উঁচু-নিচু মাঠ। ঠিকমতো বল রিসিভ করা যায় না। আমরা যে মাঠে খেলি তার একপাশে বড় ভাইয়ারা ক্রিকেট খেলেন। দেখা যেত, হঠাৎ একটা বল এসে আমাদের গায়ে লাগল। আবার আমাদের বলও ওদের গায়ে লাগত। ক্রিকেটার মাশরাফির বাড়িও নড়াইলে। তাঁকে দেখে কখনো ক্রিকেটার হওয়ার ইচ্ছা জাগেনি?শম্পা: না, ক্রিকেটার হওয়ার ইচ্ছা জাগেনি। হকির প্রতি আমার অন্য রকম টান। বিকেলে কলেজ মাঠে যখন ছেলেরা হকি খেলত, মাঠের পাশে বসে চুপচাপ খেলা দেখতাম। ওদের খেলা দেখেই মনে হতো আমিও যদি খেলতে পারতাম। এরপর আমার পরিবারও ভালোই সমর্থন করছে। পরিবারে কার সমর্থন বেশি পাও?শম্পা: আমাকে সবচেয়ে বেশি উৎসাহিত করেন বাবা সমর বিশ্বাস। বাবা থাকেন মালদ্বীপে। সেখানে বাবুর্চির কাজ করেন। ওখান থেকেই নিয়মিত পড়াশোনা ও খেলার খোঁজখবর নেন। আমার দাদাও আমাকে উৎসাহ দেয়। বাবাই কি তোমাকে হকিতে এনেছেন?শম্পা: আমাকে হকিতে এনেছেন আমার কোচ ওয়াজেদ স্যার। একদিন কলেজ মাঠে ছেলেরা প্র্যাকটিস করছিল। আমি মাঠের পাশে বসে স্টিক নিয়ে নাড়াচাড়া করছিলাম। স্যার তখন ডেকে বললেন, তুমি কি হকি খেলবে? বললাম, স্যার সবাই খেললে আমিও খেলব। এরপর স্যার আমার মাকে জানালেন। মা বলল, ও কি পারবে? স্যার বললেন, আপনি সাহস দিলে পারবে। এখানে তো হারজিতের কিছু নেই। কিন্তু প্রথম প্রথম প্র্যাকটিসে গিয়ে সুযোগই পেতাম না। অন্য মেয়েরা যখন প্র্যাকটিস করত, আমাকে প্রায়ই বসে থাকতে হতো। একদিন কেঁদেই ফেললাম। এরপর স্যারের মন গলল। তারপর থেকে নিয়মিতই প্র্যাকটিস করি। ঢাকায় তোমরা কোথায় থাকছ?শম্পা: আমরা ফেডারেশনের ড্রেসিংরুমে ক্যাম্প করে থাকি। এসি রুম বলে সমস্যা হয় না। এই প্রথম মাকে ছেড়ে থাকছি বলে মন খারাপ হয়েছিল প্রথম দিন। এখন অবশ্য ঠিক হয়ে গেছে। জানেন, আমি একটু বেশি কথা বলি। কেউ অবশ্য রাগ করে না। রাতে সবাই ঘুমাতে যাওয়ার আগে পুতুল খেলি, এটাও সবাই মেনে নিয়েছে। পুতুল খেলো?শম্পা: হ্যাঁ। আমার একটা পুতুল আছে, সেটা নিয়েই খেলি। হকিও খেলি, পুতুলও খেলি (হাসি)। পুতুলটাকে ক্যাম্পের মেয়েরা খুব আদর করে। হকির নিয়মকানুন ঠিকমতো জানো?শম্পা: কমবেশি জানি। এই ধরেন স্কুপ, হিট, পেনাল্টি—এগুলো শিখিয়েছেন স্যার। আর ‘ডি’ বক্সের মধ্যে গিয়ে কীভাবে মারব, বাইরে থেকে কীভাবে হিট করব, সেগুলোও মোটামুটি শিখেছি। খেলতে খেলতেই আরও ভালো করে শিখব।