‘হঠকারী’ মন্তব্যের কারণে জাপানের আইনমন্ত্রীর পদত্যাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজের দায়িত্ব সম্পর্কে ‘হঠকারী’ মন্তব্য করার দায় মাথায় নিয়ে পদত্যাগ করেছেন জাপানের আইনমন্ত্রী মিনোরু ইয়ানাগিদা। আজ সোমবার সকালে টোকিওতে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি পদত্যাগের ঘোষণা দেন।আইনমন্ত্রী তাঁর দায়িত্ব সম্পর্কে কী মন্তব্য করেছিলেন, তা জানা না গেলেও বিরোধী দলগুলোর দাবি তিনি তাঁর মন্ত্রিত্ব ও দায়িত্ব নিয়ে কৌতুক করেছেন—যা কোনো কৌতুককর বিষয় নয়।ইয়ানাগিদা বিরোধী দলগুলোর দাবির মুখে পদত্যাগ করলেও নিজ দায়িত্ব সম্পর্কে তিনি কোনো কৌতুককর ও হঠকারী মন্তব্য করেননি বলে জানান। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমি কেবল মনে করতে পারি, পার্লামেন্টে দাঁড়িয়ে আমি দুটি মন্তব্য করেছিলাম। আমি কোনো ব্যক্তিগত মামলা নিয়ে মন্তব্য করতে চাই না এবং যেকোনো মামলার ক্ষেত্রেই আমি আইন ও সাক্ষ্যপ্রমাণের ওপর জোর দেব।’ তিনি বলেন, ‘এই দুটো মন্তব্যই আমি মনে করতে পারি। এতে আমি নিজের দায়িত্ব সম্পর্কে কী হঠকারী কথা বলেছি—তা বুঝতে পারছি না।’ বিরোধী দল বলেছে, মন্তব্যটি তিনি এ মাসের শুরুর দিকে করেছিলেন।জাপানি প্রধানমন্ত্রী নাওতো কান অবশ্য ইয়ানাগিদার মন্তব্যের ব্যাপারে বিরক্তি প্রকাশ করেন। তিনি তাঁকে এ ধরনের কোনো মন্তব্য না করার ব্যাপারে সতর্ক করে দেন।অতীতেও জাপানে হঠকারী মন্তব্যের জন্য কয়েকজন মন্ত্রীকে পদত্যাগ করতে হয়েছে। মন্ত্রী হওয়ার মাত্র চার দিনের মাথায় পদত্যাগ করতে হয়েছিল একজন পর্যটনমন্ত্রীকে। তিনি বলেছিলেন, জাপানিরা বিদেশিদের খুব একটা পছন্দ করে না।তবে ইয়ানাগিদা তাঁর মন্তব্যের কারণে এমন একটি সময়ে পদত্যাগ করলেন যখন নাওতো কানের নেতৃত্বাধীন জাপানের কোয়ালিশন সরকার মন্দা অর্থনীতি, চীন ও রাশিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ইত্যাদি নিয়ে দারুণ চাপের মধ্যে রয়েছে। বিবিসি অনলাইন।