জাতীয় যুব হকিতে অনেক দিন ধরেই বিকেএসপির আধিপত্য। টানা আটবারের চ্যাম্পিয়নরা গত বছর অংশ নিতে পারেনি। তবে এবার ফিরেই পুনরুদ্ধার করেছে শিরোপা। দলের অধিনায়ক অসীম গোপ এই সাফল্যে রোমাঞ্চিত। হবিগঞ্জের তরুণ গোলরক্ষক কথা বললেন এসব নিয়েই জাতীয় যুব হকির ট্রফিটা আবারও বিকেএসপিতে গেল। বিকেএসপির এই সাফল্যের রহস্য কী?অসীম গোপ: রহস্য-টহস্য কিছুই না। আমরা আমাদের স্বাভাবিক খেলাটাই খেলেছি। এবার শুরু থেকেই এ পরিকল্পনা নিয়ে খেলেছি, চ্যাম্পিয়ন আমাদের হতেই হবে। স্যারদের আমরা কথা দিয়েছিলাম। কথা রাখতে পেরেছি বলে খুব ভালো লাগছে। আমার একটু বেশি ভালো লাগছে, কারণ এর আগেরবারে চ্যাম্পিয়ন দলেও আমি ছিলাম। কিন্তু জুনিয়র খেলোয়াড় হওয়ার কারণে তখন খেলতে পারিনি। আপনি তো এবার উচ্চমাধ্যমিক পরীক্ষা দেবেন। খেলা আর পড়াশোনা একই সঙ্গে চালিয়ে যেতে সমস্যা হয় না?অসীম: একটু সমস্যা তো হয়ই। পরীক্ষার কারণে আপাতত আমাদের এক বেলা অনুশীলন হচ্ছে। আর যুব হকি শেষ হয়ে গেল বলে একটু বাড়তি সময় দিতে হবে পড়াশোনার পেছনে। বিকেএসপিতে আপনাদের দিনগুলো কেমন কাটে? অসীম: সময়টা ভালোই কাটে। বন্ধুরা সবাই মিলে একসঙ্গে খেলতে যাই। আমরা সারাক্ষণ একসঙ্গে থাকি, মজা করি। হইহুল্লোড় করি। এ জন্য বাড়ির কথা খুব একটা মনে হয় না। তা ছাড়া স্যাররা আছেন, কোচ আছেন, সবাই আমাদের দারুণ সহযোগিতা করেন। আপনি নাকি ভালো ফুটবলার ছিলেন। তা হকিতে কীভাবে এলেন?অসীম: আমি আসলে হতে চেয়েছিলাম ফুটবলার। ভালো ডিফেন্ডার ছিলাম। একবার আমাদের হবিগঞ্জ জেলায় বিকেএসপির কোচ জাহিদ হোসেন (রাজু) স্যার এবং অন্যরা গিয়েছিলেন। ওনারা হকি খেলোয়াড় বাছাই কর্মসূচি নিয়ে যান। আমি সেখানে ট্রায়াল দিই। স্যাররা আমাকে পছন্দ করলেন। এরপর বিকেএসপিতে ভর্তি হলাম। যুব হকির পর কোনো খেলা আছে? অসীম: ফেডারেশন গত কয়েক বছর যুব হকির আয়োজন করতে পারেনি। গত বছর করলেও বিকেএসপিকে খেলার সুযোগ দেওয়া হয়নি। তবে এবার আমরা সুযোগ পেয়েছি। শুধু যুব হকিই নয়, এরপর অন্য টুর্নামেন্টেও আমরা নিয়মিত খেলতে চাই। শুনছি, অফিস হকি লিগ আছে সামনে। সেখানে কী হবে ঠিক বুঝতে পারছি না। বাংলাদেশের হকি তো এখন বিকেএসপি ও ঢাকাকেন্দ্রিক হয়ে পড়েছে। এর বাইরে থেকে তো খেলোয়াড় উঠে আসছে না।অসীম: এর অন্যতম কারণ খেলার মাঠের অভাব। ঢাকার বাইরে কোনো অ্যাস্ট্রো টার্ফ নেই। নিয়মিত টুর্নামেন্ট হচ্ছে না। বেশি বেশি খেলার আয়োজন করলে খেলোয়াড় বের হবেই। বিকেএসপি থেকে এসে জাতীয় দলে খেলছেন জিমি, চয়ন, রানা, জাহিদের মতো অনেকে। আপনার কী লক্ষ্য?অসীম: আমিও ওনাদের মতো জাতীয় দলে স্থায়ী হতে চাই। আমি জানি, এসব সিনিয়রদের ভিড়ে জায়গা করে নেওয়া বেশ কঠিন। তার পরও আমি চেষ্টা করে যাব আরও ভালো খেলতে। স্বপ্ন দেখি জাতীয় দলের প্রধান গোলরক্ষক হব। আপনার প্রিয় কোনো গোলরক্ষক আছে?অসীম: হল্যান্ডের স্টকম্যান। সময় পেলেই টিভিতে তাঁর খেলা দেখি।