‘হবু স্ত্রীও অনেক খুশি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক দিন আগেও হতাশার সাগরে ভেসেছেন। জাতীয় লিগের পর বিসিএলেও সর্বোচ্চ রান করলেন, তবু খুলল না জাতীয় দলের দরজা! সেই মার্শাল আইয়ুব ২৪ ঘণ্টার মধ্যে ভাসলেন আনন্দের সাগরেও। জানালেন, হঠাৎ করে পাওয়া এই সুযোগ কাজে লাগানোর প্রতিজ্ঞার কথাও হঠাৎ করে জাতীয় দলে সুযোগ পেয়ে কেমন লাগছে?মার্শাল আইয়ুব: ঘরোয়া ক্রিকেটে ভালো খেলেছি, সে জন্যই আজকে আমার এখানে আসা। ভালো খেলার পুরস্কার পেলাম। নাঈম ভাইয়ের একটা সমস্যা আছে। ওনার জায়গায় আমি এসেছি। চেষ্টা করব ওনার ঘাটতি পূরণ করার। যদিও একজন আরেকজনের মতো হতে পারে না। খবরটা শোনার পর প্রথম কী অনুভূতি হয়েছিল?মার্শাল: অনুভূতিটা ভাষায় প্রকাশ করার মতো নয়। এই জায়গায় আসতে অনেক দিন ধরে অনেক কষ্ট করতে হয়েছে আমাকে। অনিশ্চয়তার ভেতরেও একটা সুযোগ পেয়ে ভালো লাগছে। তবে জাতীয় দলে সুযোগ পাওয়ার চেয়ে জাতীয় দলে জায়গা ধরে রাখা বেশি কঠিন। বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম আপনার খেলার প্রশংসা করেন সব সময়। তিনি কি শুনেছেন সুখবরটা?মার্শাল: বিপিএলের সময় উনি এসেছিলেন, দেখা হয়েছে। এখন বোধ হয় আবার মালয়েশিয়ায় চলে গেছেন। এখনো কথা হয়নি। তবে জাতীয় লিগে ডাবল সেঞ্চুরি করার পর বুলবুল ভাই (আমিনুল) মালয়েশিয়া থেকে ফোন করে আমাকে অভিনন্দন জানিয়েছিলেন। পরিবারের সদস্যরা নিশ্চয়ই খুব খুশি...মার্শাল: সবাই খুবই খুশি। সবচেয়ে বেশি খুশি হয়েছেন আম্মু। আমার কোচ আমার চাচা ইয়াকুব, উনিও খুশি হয়েছেন। সম্প্রতি আমার এনগেজমেন্ট হয়েছে। হবু স্ত্রীও অনেক খুশি। সবাই আশা করছিল, আমি জাতীয় দলে আসব। তবে সেটা এভাবে হবে ভাবিনি। শ্রীলঙ্কা থেকে ফিরেই কি তাহলে বিয়ের পিঁড়িতে বসবেন?মার্শাল: (হাসি) না, আপাতত সে রকম লক্ষ্য নেই। নিয়মিত ভালো খেলেও এত দিন সুযোগ পাননি। বন্ধুবান্ধব বা আত্মীয়স্বজনদের প্রশ্নের সম্মুখীন হননি কখনো?মার্শাল: (হাসি) হ্যাঁ, অনেকবারই এটা হয়েছে। তবে কেউ নেগেটিভ কিছু বলত না। বন্ধুরা-মামাতো ভাইয়েরা জানতে চাইত, আমাকে কেন নিচ্ছে না। আমি বলতাম, ভালো খেললে নিশ্চয়ই নেবে। নিজে কখনো হতাশ হয়ে পড়েননি?মার্শাল: না, হতাশা আসেনি কখনো। আমার বিশ্বাস ছিল, এক্সট্রা অর্ডিনারি কিছু করলে অবশ্যই সুযোগ পাব। জাতীয় লিগে সর্বোচ্চ রান করে তো আগেও অনেকে জাতীয় দলে এসেছে। জাতীয় লিগ বা বিসিএলে কি তাহলে সর্বোচ্চ রান করার টার্গেট নিয়েই নেমেছিলেন?মার্শাল: আমার লক্ষ্য ছিল মৌসুমের প্রথম ম্যাচটা ভালো খেলা। যেকোনো টুর্নামেন্টে প্রথম ম্যাচে ভালো খেললে আত্মবিশ্বাস বেড়ে যায়, তখন পুরো টুর্নামেন্টেই পারফরম্যান্স ভালো হয়। ঘরোয়া ক্রিকেটের নিয়মিত পারফরমার আপনি। একাডেমি দলের হয়েও খেলেছেন। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেট তো অনেক কঠিন জায়গা। কতটা প্রস্তুত?মার্শাল: এখানে লিগে যে রকম কষ্ট করেছি, তারচেয়ে অনেক বেশি কষ্ট করতে হবে আন্তর্জাতিক ক্রিকেটে। শ্রীলঙ্কা দলে অনেক ভালো ভালো বোলার আছে। হেরাথ আছে, কুলাসেকারা আছে। অন্যান্য দলেও অনেক ভালো বোলার আছে, যাদের বল খেলে আমাকে অভ্যস্ত হতে হবে। শ্রীলঙ্কায় আগে কখনো খেলেছেন?মার্শাল: শ্রীলঙ্কায় একাডেমির সঙ্গে খেলে এসেছি। কিছুটা অভিজ্ঞতা আছে। জাতীয় দলের সঙ্গে প্রথম দিনের অনুশীলনের অভিজ্ঞতা কেমন?মার্শাল: সবাই খুব ফ্রেন্ডলি। একসঙ্গে অনেক দিন ধরে খেলছি ওনাদের সঙ্গে। ভালো লেগেছে।