ময়মনসিংহের ফুলপুরে রেহানা বেগমের বাড়ি। এক মাস ধরে অসুস্থ মেয়ে লিজাকে নিয়ে মহাখালীর কলেরা হাসপাতালে ছিলেন। আজ বৃহস্পতিবার সকালেই সেখান থেকে বাড়িতে যাওয়ার অনুমতি দিয়েছেন চিকিৎসক। বাসের খোঁজে মহাখালী বাস টার্মিনালে গিয়ে দেখেন, হরতালের কারণে বাস চলাচল বন্ধ।তাই অসুস্থ মেয়েকে টার্মিনালের মেঝেতে বস্তা বিছিয়ে শুইয়ে দিয়েছেন। মেয়েকে পাখা দিয়ে বাতাস করছেন। হরতাল শেষ হলে বাস চলবে, তবেই বাড়ি ফেরা—সেই অপেক্ষায় আছেন তিনি। রেহেনা বেগম বলেন, ‘হ্যারা হরতাল করে আর আমরার বিপদ হয়। মাইয়্যাটারে নিয়া অখন কই যাই? এইহানেই ঘুম পারায় দিছি। বাস চইল্যেই বাড়ি যাইবাম।’রেহেনার মতো এমন অনেকেই আছেন, যাঁরা গুরুত্বপূর্ণ কাজে ঢাকার বাইরে যাবেন বলে ঠিক করেছিলেন কিন্তু বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা হরতালের কারণে নির্ধারিত সময়ে গন্তব্যে যেতে পারেনি।আজ ঢাকার বিভিন্ন বাস টার্মিনালে যাত্রীদের সকাল থেকেই বাসের জন্য অপেক্ষা করতে দেখা গেছে। এ সময়ে সেই এলাকাগুলোতে সেই পরিচিত কর্মব্যস্ততা চোখে পড়েনি। পরিবহন-শ্রমিকদের দেখা গেল বসে বসে গল্প করছেন।বাস না চললেও অনেক এলাকার যাত্রীরা প্রয়োজনীয় কাজে ঢাকায় আসতে বা ঢাকার বাইরে যাওয়া-আসার জন্য সিএনজিচালিত অটোরিকশা ব্যবহার করেছেন। তবে এ জন্য নির্ধারিত ভাড়ার চেয়ে গুনতে হয়েছে বেশি ভাড়া।দীন ইসলাম ডায়রিয়ায় আক্রান্ত শিশুকে নিয়ে নারায়ণগঞ্জ থেকে এসেছেন মহাখালীর আইসিডিডিআরবিতে। তিনি বলেন, ‘বাস পাওয়া যায় না, এক বছর তিন মাসের বাচ্চাটার অবস্থাও ভালো না। তাই বাধ্য হয়ে সিএনজিতে ডাবল ভাড়া দিয়া আসলাম।’ একই অবস্থা ছিল ঢাকা মেডিকেল, পিজি হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে আসা রোগীদের। ঢাকার বিভিন্ন স্থান থেকে বাস চলাচল বন্ধ থাকায় রিকশা বা অটোরিকশায় করে রোগীদের নিয়ে আসা হয়েছিল হাসপাতালে।চাকরিজীবীরাও একইভাবে পৌঁছেছেন তাঁদের কর্মস্থলে। বেসরকারি একটি প্রতিষ্ঠানের কর্মকর্তা ইমদাদুল হক জানান, তাঁর কর্মস্থল মতিঝিল। বাস না চলার কারণে শ্যামলী থেকে রিকশায় করে অনেক বেশি ভাড়ায় কর্মস্থলে যাচ্ছেন তিনি।হরতালের কারণে বিপাকে পড়েছেন শ্রমজীবী দিনমজুররা। কোথাও কাজ না পেয়ে অনেকে বাড়িতে ফিরে গেছেন। নীলক্ষেত মোড়ে কাজের জন্য অপেক্ষমাণ কাঠ মিস্ত্রি চান মিয়া জানান, তাঁরা বিভিন্ন আসবাবপত্রের দোকানে দিন-হাজিরায় কাজ করেন। হরতালে দোকান বন্ধ, তাই হাতে কাজও নেই। তার পরও কাজের আশায় বসে আছেন তিনি। শ্রমিকেরা জানান, গত মাসেও টানা কয়েক দিন হরতালের কারণে তাঁদের অনেক ক্ষতি হয়েছে। তাই আর যাতে হরতাল না হয়, সেই দাবিই জানালেন তাঁরা। কাজের অভাবে শ্রমজীবী মানুষদের বাংলামোটর, মহাখালী, কল্যাণপুর, মালিবাগ মোড়সহ বিভিন্ন স্থানে কাজের সরঞ্জাম নিয়ে হাত গুটিয়ে বসে থাকতে দেখা গেছে।গাবতলীর খাবারের দোকানদার জাকির হোসেন বলেন, ‘হরতালের কারণে বেচা-কেনা নাই, খালি চা-সিগারেট বেচছি কয়েকটা। বাসের স্টাফরা কিনছে, ক্রেতা নাই। হরতাল আইলেই লস।’বাস টার্মিনালগুলোতে খোঁজ নিয়ে জানা গেছে, বিকেলের পর থেকে বেশকিছু পরিবহন টার্মিনাল থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাচ্ছে। এই সময়ে লোকজনের ভিড় ছিল সবচেয়ে বেশি। টিকিট পেতেও এ সময় অনেককে দুর্ভোগ পোহাতে হয়েছে।