‘হরতাল গরিবের পেটে লাথি মারে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাল (রোববার) দোকান খুলব বিকালে। হরতালে যানবাহন পাওয়া যায় না। তাই আসতে দেরি হবে। ব্যবসার কথা কী বলব। তিন মাস ধরে ব্যবসা নাই। হরতালে কার উপকার হয় জানি না, তবে আমাগো কোনো উপকার হয় না। হরতাল গরিবের পেটে লাথি মারে।’ কথাগুলো বলছিলেন পল্টনের বইয়ের দোকানি গণি মণ্ডল।আজ শনিবার দুপুরে রাজধানীর মতিঝিল, পল্টন ও কারওয়ান বাজার এলাকায় রাস্তার পাশের চা-দোকানি, চশমা বিক্রেতা, চর্মকার ও রিকশাচালকদের সঙ্গে কথা বলে প্রায় একই ধরনের অভিব্যক্তি পাওয়া গেছে সবার কাছ থেকে। ‘হরতালে আপনাদের তো বাম্পার’—মতিঝিলে এক রিকশাচালককে এ কথা বললে তিনি প্রথম আলো ডটকমকে বলেন, ‘ভাই, ভুল কইছেন। হরতালে গাড়িঘোড়া কম চলে। মার্কেট ও অফিস বন্ধ থাকে। মানুষ বাইর হয় না। আয়-ইনকাম বেশি হইব ক্যামনে? এভাবে হরতাল দিলে ক্যামনে খামু?’প্রেসক্লাবের সামনে মন দিয়ে কাজ করছিলেন চর্মকার সন্তোষ। ‘হরতালে আপনাদের কোনো সমস্যা হয়?’ জানতে চাইলে তিনি বলেন, ‘বাইরে বের হলে ভয় লাগে। হরতালে ককটেল ফোটে। গাড়ি ভাঙচুর হয়। এসব ভালো লাগে না। হরতালে কারোর উপকার হয় না।’পল্টন মোড়ের চা-দোকানি বাবুল হরতালের বিষয়ে বলেন, ‘বিরোধী দল দেখতাছে হরতালে কোনো কাজ হইতাছে না। তাইলে তারা সংসদে যাইতে পারে। সেখানে তাদের দাবিদাওয়া দিক। হরতালে কারোর উপকার হয় না; বরং তাদের ওপর মানুষ বিরক্ত হয়। হরতাল কোনো খেটে খাওয়া মানুষই সমর্থন করে না, করতে পারে না।’ কারওয়ান বাজারে ফুটপাতের হকার রিপন বলেন, ‘হরতালের দিন দেরি করে দোকান খুলি। তিন মাস ধরে তেমন ব্যবসা নেই। হরতালে মানুষের কোনো উপকার হয় না। বড় দুই দল আলোচনা করে হরতাল বন্ধ করতে পারে। আমাদের কষ্ট দেওয়ার কোনো মানে হয় না।’ ২২ নম্বর বাসের (সাবেক ৮) চালকের সহকারী সোহেল বলেন, ‘ভাই রে, তারা করে রাজনীতি, আমরা করি পেটনীতি। তাদের রাজনীতিতে আমরা কখনো ব্যাঘাত ঘটাইছি? তাইলে তারা কেন আমাদের পেটনীতিতে আঘাত দিব।’