ইরান বলেছে পশ্চিমা দেশগুলো পরমাণু কর্মসূচি নিয়ে নতুন করে অবরোধ আরোপ করলে, তারা বৈশ্বিক তেল বাণিজ্যের গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালি বন্ধ করে দিতে পারে। ইরানের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা রহিমি হুঁশিয়ার করে দিয়ে বলেন, ‘নিষেধাজ্ঞা আরও বাড়লে হরমুজ প্রণালি দিয়ে এক ফোঁটা তেলও যাবে না।’ পরে ইরানের নৌবাহিনীর প্রধান এডমিরাল হাবিবুল্লাহ সায়েরি বলেন, ‘প্রণালিটি অনায়াসে বন্ধ করে দেওয়া যায়।’ খবর বিবিসির।যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা বলছে, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে। অন্যদিকে ইরান জোর দিয়ে বলছে শান্তিপূর্ণ উদ্দেশ্যেই তাদের এই কর্মসূচি।এদিকে জাতিসংঘের একটি প্রতিবেদনে বলা হয়, ইরান পারমাণু বোমা তৈরির লক্ষ্যে বেশ কিছু পরীক্ষা চালিয়েছে। এই প্রতিবেদনের জের ধরে সম্প্রতি পশ্চিমা দেশগুলো তেহ্রানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা চালাচ্ছে। এছাড়া ইরানের তেল ও বানিজ্যিক খাতের ওপর নতুন আরও কঠোর পদক্ষেপের কথা ভাবা হচ্ছে। এর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান।গত মঙ্গলবার ইরানের সরকারি বার্তা সংস্থা ইর্নাকে নৌ প্রধান রহিমি বলেন, ‘শত্রুরা যে স্থানে বসে ষড়যন্ত্রের পরিকল্পনা করবে, সেই স্থানেই তাদের ষড়যন্ত্র রুবে দেব আমরা।’এডমিরাল রহিমি ইরানের প্রেস টিভিকে বলেন, ‘হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়াটা ইরানের সশস্ত্র বাহিনীর জন্য এক গ্লাস পানি খাওয়ার চেয়েও সহজ কাজ। এমনিতেই ওমান সাগর আমাদের দখলে আছে। কাজেই এখনই এ রুটটি বন্ধ করার দরকার নেই।’হরমুজ প্রণালি উপসাগরের সাথে যুক্ত হয়ে ভারত মহাসাগরে মিলেছে। এছাড়া বাহ্রাইন, কুয়েত, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই) প্রভৃতি তেল উত্পাদনকারী দেশগুলোর জাহাজ এই প্রণালির ওপর দিয়েই ভারত মহাসাগরে যায়। সারা বিশ্বের মোট তেলবাহী ট্যাংকারের ৪০ শতাংশই এই রুট ব্যবহার করে।হরমুজ প্রণালি দিয়ে তেলের পরিবহন স্বাভাবিক রাখতে উপসাগরে মার্কিন নৌবাহর অবস্থান করছে। ইরানের হুমকি মোকাবেলার উদ্দেশ্যেই যুক্তরাষ্ট্র সেখানে অবস্থান করছে।মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র মার্ক টোনার বলেন, ‘আমি মনে করি ইরান তার পারমাণবিক অস্ত্র কর্মসূচি থেকে আমাদের মনোযোগ সরিয়ে দেওয়ার কৌশল হিসেবে এমন আচরণ করছে।’হরমুজ প্রণালির পূর্বাঞ্চলে আন্তর্জাতিক জলপথে ইরানের নৌবাহিনী মহড়া শুরু করেছে। এডমিরাল সায়েরি বলেন ‘আমরা এমনভাবে কৌশলগত অবস্থান নিয়েছি যাতে প্রতিবেশী দেশগুলো এ অঞ্চলে ইরানের সশস্ত্র বাহিনীর ক্ষমতা সম্পর্কে জানতে পারে।’এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বলেছে, অবরোধ আরোপ এবং কূটনৈতিক তত্পরতার পরও ইরান পরমাণু কর্মসূচি থেকে সরে না হলে, দেশটিতে সামরিক অভিযান চালানোর বিষয়টি তারা উড়িয়ে দিচ্ছে না।অন্যদিকে ইরান বলেছে, আক্রান্ত হলে তারা ইসরায়েল ও এ অঞ্চলের মার্কিন স্বার্থে আঘাত করে পাল্টা জবাব দেবে।এর আগে ইরানের তেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করার কথা থাকলেও পরে তা বাতিল করা হয়। কারণ এতে করে বিশ্বব্যাপী তেলের দাম বেড়ে যেতে পারে এবং ইউরোপের অর্থনীতিতে তা ক্ষতিকর প্রভাব ফেলতে পারে।তবে ইরানের বিরুদ্ধে নেওয়া নতুন এই পদক্ষেপ বিশ্ব জ্বালানি বাজার থেকে ইরানকে বিচ্ছিন্ন করতে পারবে এবং তাতে জ্বালানির দামও বাড়বে না বলে মনে করা হচ্ছে। ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ কর্মসূচি অব্যাহত রাখা এবং আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (আইএইএ)-কে ইরান সাহায্য করছে না বলে তার ওপর জাতিসংঘ ইতোমধ্যে চার দফা অবরোধ আরোপ করেছে।