‘হরিপদ ও পুইট্টাকে গুলি করে হত্যা করেন বাচ্চু রাজাকার’
জামায়াতে ইসলামীর সাবেক সদস্য (রুকন) পলাতক আবুল কালাম আযাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল রোববার সাক্ষ্য দিয়েছেন রাষ্ট্রপক্ষের আরও দুই সাক্ষী। তাঁদের একজন জবানবন্দিতে বলেন, মুক্তিযুদ্ধকালে হরিপদ ও পুইট্টা নামের দুই ব্যক্তিকে আযাদ (বাচ্চু রাজাকার) নিজ হাতে গুলি করে হত্যা করেন।বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ গতকাল রাষ্ট্রপক্ষের ১৬তম সাক্ষী আবদুল মান্নান ও ১৭তম সাক্ষী সুশীল কুমার পোদ্দার জবানবন্দি দেন। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সাহিদুর রহমান তাঁদের জবানবন্দি নেন।আবদুল মান্নান (৫৬) জবানবন্দিতে বলেন, তাঁর বাড়ি ফরিদপুরের বোয়ালমারী থানার ময়েনদিয়া শ্রীনগর গ্রামে। মুক্তিযুদ্ধকালে জ্যৈষ্ঠ মাসে এক সকালে তিনি হঠাৎ গুলির আওয়াজ শুনে ময়েনদিয়া বাজারের দিকে যান। এ সময় হাসামদিয়া উত্তরপাড়ার (হিন্দুপাড়া) দিকে ধোঁয়া দেখেন। তখনো গুলির শব্দ হচ্ছিল। তিনি কুমার নদের ওপর সাঁকোর পাশে বাগানের দিকে গিয়ে দেখেন, পাকিস্তানি সেনাদের সঙ্গে বাচ্চু রাজাকার হরিপদ ও পুইট্টা নামের দুজনকে ধরে সাঁকো পার হয়ে বাজারের দিকে যাচ্ছে। এ সময় আরও কয়েকজন রাজাকার ও পাকিস্তানি সেনা নৌকায় করে ঘাটে ভেড়ে। বাজারে গিয়ে তারা বেলা ১১-১২টা পর্যন্ত দোকানপাট লুট করে। বাচ্চু রাজাকারের নেতৃত্বে এই লুট হয়। লুটের মাল নিয়ে যাওয়ার সময় বাচ্চু মসজিদের ঢালের দিকে নদীর পাড়ে নিয়ে নিজ হাতে গুলি করে হরিপদ ও পুইট্টাকে হত্যা করেন। বেলা তিনটার দিকে তিনি শোনেন, হাসামদিয়া গ্রামের হিন্দুপাড়ায় পাকিস্তানি সেনাদের সহায়তায় বাচ্চু অনেক হিন্দুকে মেরেছেন। তাঁদের মধ্যে ছিলেন শরৎ পোদ্দার ও তাঁর ছেলে, যজ্ঞেশ্বর সাহা, সুবল কয়াল, মল্লিক ঠাকুর, শ্যামাপদ সাহাসহ আরও দু-একজন।রাষ্ট্রপক্ষের এই সাক্ষী আরও বলেন, ওই ঘটনার পরদিন বাচ্চু মিয়া উজিরপুর গ্রামের এক হিন্দু মেয়েকে অপহরণ করে শ্বশুর চান মিয়ার বাড়িতে আটকে রাখেন। পরে তিনি জানতে পারেন, সাত-আট দিন পরে মেয়েটি আত্মহত্যা করেছে।এরপর জবানবন্দি দেন সুশীল কুমার পোদ্দার (৮৪)। তিনি বলেন, তাঁর বাড়ি বোয়ালমারীর হাসামদিয়া গ্রামে। মুক্তিযুদ্ধকালে জ্যৈষ্ঠ মাসের এক সকালে গ্রামে পাকিস্তানি সেনারা ঢুকেছে শুনে তিনি ও তাঁর ভাই সুরেশ পোদ্দার বাগানে লুকান। সুরেশ তাঁকে সেখানে থাকতে বলে কী হয়েছে দেখতে যান। ৪০-৫০ হাত দূর থেকে তিনি দেখেন, পাকিস্তানি সেনারা সুরেশকে গুলি করেছে। পরে পাকিস্তানি সেনা ও রাজাকাররা চলে গেলে তিনি জানতে পারেন, তাঁর বাবা শরৎচন্দ্র পোদ্দারসহ আরও ১০-১৫ জনকে পাকিস্তানি সেনারা হত্যা করেছে। এক ব্যক্তির কাছে তিনি শোনেন, পাকিস্তানি সেনাদের সঙ্গে বাচ্চু রাজাকারও ছিলেন।জবানবন্দি শেষে রাষ্ট্রপক্ষের দুই সাক্ষীকেই জেরা করেন আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আবদুস শুকুর খান। এই মামলায় পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য ১১ ডিসেম্বর দিন ধার্য করা হয়েছে।গোলাম আযমের বিরুদ্ধে আসামিপক্ষের সাক্ষ্য গ্রহণ আজ: বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ গতকাল জামায়াতের সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামিপক্ষের সাক্ষ্য গ্রহণের জন্য আজ সোমবার দিন পুনর্নির্ধারণ করেন। গতকাল দিন ধার্য থাকলেও ১৮ দলীয় জোটের ডাকা অবরোধের কারণে আসামিপক্ষের একজন ছাড়া অন্য কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। আসামিপক্ষের উপস্থিত আইনজীবী মো. মিজানুর রহমান বিষয়টি জানালে ট্রাইব্যুনাল বেলা আড়াইটা পর্যন্ত কার্যক্রম মুলতবি করেন। তবে মধ্যাহ্ন বিরতির পরও আসামিপক্ষের আইনজীবীরা না এলে ট্রাইব্যুনাল আসামিপক্ষকে সাক্ষ্য গ্রহণের জন্য আরেক দিন সুযোগ দিয়ে আদেশে বলেন, সোমবার আইনজীবী বা সাক্ষীরা উপস্থিত না থাকলে সাক্ষ্য গ্রহণ বন্ধ করে দেওয়া হবে।এই মামলায় আসামিপক্ষের প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দিচ্ছেন গোলাম আযমের ছেলে সাবেক সেনা কর্মকর্তা আব্দুল্লাহহিল আমান আজমী।