‘হলমার্কের এমডির বাসায় অনেকে দাওয়াত খেয়েছেন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোনালী ব্যাংকের জ্যেষ্ঠ নির্বাহী কর্মকর্তা সোহরাব হোসেন বলেছেন, হলমার্ক গ্রুপের কার্যালয়ে সোনালী ব্যাংকের অনেক কর্মকর্তাই যেতেন। এমনকি হলমার্কের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) বাসায় অনেকে দাওয়াত খেয়েছেন।হলমার্ক কেলেঙ্কারির বিষয়ে আজ সোমবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) জিজ্ঞাসাবাদের পর সোহরাব হোসেন সাংবাদিকদের এসব কথা বলেন। আজ সোনালী ব্যাংকের সাতজন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। তাঁরা ব্যাংকের আন্তর্জাতিক বাণিজ্য ও অর্থায়ন বিভাগের কর্মকর্তা।জিএম মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের কাছে দাবি করেন, প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলীর সঙ্গে তাঁর কোনো সম্পর্ক নেই। তিনি বলেন, ‘স্বাস্থ্য উপদেষ্টাকে আমি কখনোই দেখিনি। সোনালী ব্যাংকেও আসতে দেখিনি।’হলমার্কসহ কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ঋণের নামে সোনালী ব্যাংকের রূপসী বাংলা (সাবেক ঢাকা শেরাটন হোটেল) শাখা থেকে তিন হাজার ৬০৬ কোটি ৪৮ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। এর মধ্যে হলমার্ক নিয়েছে আড়াই হাজার কোটি টাকার বেশি।এ ঘটনায় আজ আরও জিজ্ঞাসাবাদ করা হয় ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক এজাজ আহমেদ ও মো. আলী হোসেন খান, জ্যেষ্ঠ নির্বাহী কর্মকর্তা মোখলেসুর রহমান, জ্যেষ্ঠ কর্মকর্তা জেসমিন নাহার ও জুনিয়র কর্মকর্তা মো. জিল্লুর রহমানকে।জিজ্ঞাসাবাদে ছয় সদস্যের তদন্ত দলের নেতৃত্বে ছিলেন দুদকের জ্যেষ্ঠ উপপরিচালক মীর জয়নুল আবেদিন শিবলী। হলমার্ক কেলেঙ্কারির ঘটনায় দুদক এ পর্যন্ত ৪৩ জনকে জিজ্ঞাসাবাদ করেছে।