‘হাওয়াদের জয় হবেই’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাওয়া আক্তার জুঁই। এবারের এইচএসসি পরীক্ষায় ‘এ’ গ্রেড পেয়েছেন। লেখাপড়া চালিয়ে যাওয়ার কারণে তাঁর ডান হাতের চারটি আঙুল কেটে নিয়েছিলেন স্বামী। কিন্তু তাতেও তিনি দমে যাননি। তিনি দেখিয়েছেন, প্রবল ইচ্ছাশক্তির কাছে কোনো বাধাই প্রতিবন্ধক নয়। তাঁর দৃঢ়চেতা মনোবলই তাঁকে জয়ী করেছে। সব প্রতিকূলতা পেরিয়ে তিনি জয়ী হয়েছেন। সমন্বয় ঘটিয়েছেন প্রত্যাশা ও প্রাপ্তির।নরসিংদী সরকারি কলেজ থেকে মানবিক বিভাগে এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নেন হাওয়া। কিন্তু আঙুলবিহীন হাতে লেখার গতি কম হওয়ায় তাঁর সাহায্যকারী শ্রুতলেখক ছিলেন খালাতো বোন সানিয়া সুলতানা। সব বাধা-বিপত্তি পেরিয়ে ‘এ’ গ্রেড (জিপিএ-৪ দশমিক ৩) পেয়ে উত্তীর্ণ হয়েছেন হাওয়া। হাওয়ার বাসায় গিয়ে দেখা যায়, তিনি আনন্দে আত্মহারা। এ সময় তিনি বলেন, ‘ফলাফল নিয়ে অনেক ভয় ছিল। কারণ, নিজে লিখে পরীক্ষা দিতে পারি নাই। তবে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, তিনি আমাকে ভালোভাবে পরীক্ষায় পাস করিয়েছেন। মনে হচ্ছে, নিজে লিখতে পারলে হয়তো জিপিএ-৫ পাইতাম। আমি সারা জীবনের জন্য কৃতজ্ঞ থাকব খালাতো বোন সানিয়ার কাছে।’হাওয়া আরও বলেন, ‘আমার আঙুল কেটে ফেলার পর মনে হয়েছিল, পরীক্ষাই দিতে পারব না। কিন্তু কলেজের স্যার ও মা-বাবার উৎসাহে পরীক্ষায় অংশ নিয়ে “এ” গ্রেডে পাস করেছি। এখন আমি একটা কথা বলতে পারি, কোনো কাজের আগে ইচ্ছাশক্তিটাই হচ্ছে সবচেয়ে বড়। এর বড় প্রমাণ আমি নিজে। আমার দৃঢ় আত্মবিশ্বাসের কারণে আজকে আমি স্বপ্ন পূরণ করতে সক্ষম হয়েছি। ইচ্ছাশক্তি ও দৃঢ় আত্মবিশ্বাস থাকলে আমার মতো হাওয়াদের জয় হবেই।’সানিয়া বলেন, ‘হাওয়া আপুর পরীক্ষায় আমি নিজে লিখেছি। আপুর যুদ্ধের সহযোদ্ধা আমি নিজেও। খুব ভালো লাগছে আপুর সুখের সঙ্গী হতে পেরে।’ওই কলেজের অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক বলেন, হাওয়ার পরীক্ষা দেওয়া, ভালো রেজাল্ট করা—সবকিছুই ছিল স্বপ্নের মতো।২০০৮ সালের ৩০ জানুয়ারি সদর উপজেলার ভেলানগর এলাকার হাওয়ার সঙ্গে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নূরজাহানপুর গ্রামের রফিকুল ইসলামের বিয়ে হয়। লেখাপড়ার প্রতি হাওয়ার প্রবল আগ্রহ থাকলেও রফিকুল চাননি, তাঁর স্ত্রী পড়াশোনা করুক। তাই রফিকুল দুবাই চলে যাওয়ার পর তাঁকে না জানিয়েই কলেজে ভর্তি হন হাওয়া।কলেজে ভর্তির খবর শুনেই ক্ষিপ্ত হন রফিকুল। গত বছরের ৪ ডিসেম্বর রফিকুল দেশে ফিরে ঢাকার জিয়া কলোনিতে তাঁর বোনের বাসায় চাপাতি দিয়ে হাওয়ার ডান হাতের চারটি আঙুল কেটে নেন। এ ঘটনায় হাওয়ার বাবা ইউনুছ মিয়া ঢাকা ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা করেন। পরে পুলিশ রফিকুলকে গ্রেপ্তার করে। রফিকুল ঢাকা কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। মামলাটি ঢাকা জেলা ও দায়রা জজ আদালতে বিচারাধীন রয়েছে।