‘হাঞ্জা অইলেই বাড়িত সৌর বিদ্যুতের বাত্তি জ্বলে’
‘আমি তো কোনো দিন চিন্তাও করতাম পারছি না, আমার বাড়িত কেরেস তেল (কেরোসিন) ছাড়া রাইত বাত্তি জ্বালাইতাম পারমু। টেকা দিয়া কারেন্ট আনতাম পারমু। ইক্টা (এটা) কোনো দিন মনোর মাঝে আইছেই না। কিন্তু অখন হাঞ্জা (সন্ধ্যা) অইলেই আমার বাড়িত সৌরবিদ্যুতের বাত্তি জ্বলে।’ কথাগুলো বলছিলেন মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার রাধানগর গ্রামের মো. রফিকুল ইসলাম। রফিকুল ইসলামের সঙ্গে কথা বলে জানা গেল, নিজ বাড়িতে ব্র্যাকের সৌরবিদ্যুৎ স্থাপন করে তিনি একটি দুগ্ধ খামার (ডেইরি ফার্ম) করেছেন। খামারটি সম্প্রসারিত করে গ্রামীণ শক্তির আরও একটি সোলার হোম সিস্টেম বসিয়েছেন। সৌরবিদ্যুৎ ব্যবহার করায় তাঁর খামারে কোনো অসুবিধা হচ্ছে না। বরং বিদ্যুৎ-বিভ্রাট না থাকায় খামারে দুধের উৎপাদন বেড়েছে। এ ছাড়া বাড়িতে সন্তানদের লেখাপড়া, গৃহস্থালির কাজে সুবিধা এবং টিভি চলছে। কারও কারও বাড়িতে বৈদ্যুতিক পাখাও ঘুরছে।শ্রীমঙ্গল সদর ইউনিয়নের এ গ্রামটিতে পল্লী বিদ্যুৎ সমিতি বিদ্যুৎ পৌঁছে দিয়েছে ঠিকই। তবে পল্লী বিদ্যুতের এ সুবিধা পাচ্ছে গুটিকয়েক পরিবার। গ্রামের অধিকাংশ মানুষের ভাগ্যে এখনো জোটেনি পল্লী বিদ্যুতের আলো। আলোহীন সেসব পরিবারগুলো সৌরবিদ্যুতের আলোয় আলোকিত হচ্ছে।সৌরবিদ্যুৎ প্রসঙ্গে আদিবাসী খাসি (খাসিয়া) গ্রাম নাহার পুঞ্জির ডেবারমিন, লাউয়াছড়াপুঞ্জির মন্ত্রী ফিলা পাতিমও একই মন্তব্য করেন। তাঁরা বলেন, গ্রামের অনেকেই ‘সোলার হোম সিস্টেম’ স্থাপনে আগ্রহী হচ্ছে। দিনে দিনে গ্রামগুলো আলোকিত হয়ে উঠছে সৌরবিদ্যুতের আলোয়।গ্রামীণ শক্তির শ্রীমঙ্গল উপজেলা শাখা ব্যবস্থাপক (ব্রাঞ্চ ম্যানেজার) মো. হাবিবুর রহমান বলেন, জেলায় পাঁচ হাজারের বেশি পরিবার তাঁদের সৌরবিদ্যুৎ ব্যবহার করছে।ব্র্যাক কার্যালয় সূত্রে জানা গেছে, ব্র্যাক ফাউন্ডেশন ২০ থেকে ৭৫ ওয়াটের সোলার হোম সিস্টেম সরবরাহ করছে। ২০ ওয়াটের মূল্য ১১ হাজার ৫০০ টাকা। ৭৫ ওয়াটের মূল্য ৩৮ হাজার ৭০০ টাকা। শ্রীমঙ্গল উপজেলার নিরালা, নাহার, হোসেনাবাদ, বিদ্যাবিল, মির্জাপুর, লাউয়াছড়া, জানকিছড়াসহ বেশ কয়েকটি গ্রামের শতাধিক পরিবার তাদের সোলার হোম সিস্টেম ব্যবহার করছে। মৌলভীবাজার জেলার সাত উপজেলায় এক হাজার ২০০টিরও বেশি পরিবার এ সুবিধা ভোগ করছে।ব্র্যাক ফাউন্ডেশন মৌলভীবাজার ও সিলেট জেলার দায়িত্বপ্রাপ্ত বিক্রয় উন্নয়ন কর্মকর্তা স্বপন কুমার বিশ্বাস বলেন, ২০০২ সালে মৌলভীবাজার জেলায় সৌরবিদ্যুৎ নিয়ে কাজ শুরু করা হলেও প্রচারণার অভাবে এ প্রকল্প গতি পায়নি। মানুষ পল্লী বিদ্যুৎ সমিতির আশায় প্রথমে এই সিস্টেম গ্রহণ করেনি। তবে সাম্প্রতিক সময়ে গ্রামের মানুষ সৌর বিদ্যুতের দিকে ঝুঁকছে।