‘হাতে তসবিহ, মাথায় পট্টি দেখে ভোট দেবেন না’
ধর্মাপরাধীরা যুদ্ধাপরাধীদের চেয়েও মারাত্মক বলে দাবি করেছেন ধর্মভিত্তিক সংগঠন বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির শাহ আহমাদুল্লাহ আশরাফ। তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বিচার চলছে ভালো কিন্তু ধর্মাপরাধীদের বিচারের নাম-নিশানাও নেই।আজ সোমবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন। বর্তমান সরকারের ইসলাম, মানবতা ও গণস্বার্থবিরোধী কর্মকাণ্ডের বিষয়ে শ্বেতপত্র প্রকাশ করতে এ সংবাদ সম্মেলন আহ্বান করা হয়।শ্বেতপত্র সরকারের বিরুদ্ধে দেশ পরিচালনায় সামগ্রিক ব্যর্থতাসহ ধর্মীয় এবং রাজনৈতিক বিষয়ে ৭৭টি অভিযোগ আনা হয়। বলা হয়, ভবিষ্যতে হাতে তসবিহ, মাথায় পট্টি দেখে তাঁরা আর ভোট দেবেন না, যারা আলেম-ওলামাদের সরকারে অংশীদার করার প্রতিশ্রুতি দেবে, তাদের ভোট দেওয়া হবে। শ্বেতপত্র পাঠ করেন সংগঠনের মহাসচিব জাফরুল্লাহ খান। এতে বলা হয়, ধর্মাপরাধের যথাযথ বিচার না হওয়ায় দেশের বিভিন্ন স্থানে ধর্মাপরাধীরা বেপরোয়া হয়ে উঠেছে। সম্প্রতি রংপুর মেডিকেল কলেজ, ঢাকার ধামরাই ও সর্বশেষ সাতক্ষীরায় অঘটন ঘটেছে। ধর্মীয় বিষয়ে দেশের বিভিন্ন স্থানে ও শিক্ষাপ্রতিষ্ঠানে সংঘটিত ২১টি ঘটনা তুলে ধরা হয়।জাফরুল্লাহ খান বলেন, ‘আমরা লক্ষ করছি, দেশে সাম্প্রদায়িক সম্প্রতি নষ্ট করার জন্য কিছু ব্যক্তি উসকানিমূলক কথাবার্তা বলছেন।’সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলের নায়েবে আমির আনিসুর রহমান, কেন্দ্রীয় প্রচার সম্পাদক মুজিবুর রহমান রহমান প্রমুখ।