‘হাবিলদার হওয়াই বড় প্রাপ্তি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বয়স হয়ে গেছে ৪২। এখনো খেলে যাচ্ছেন প্রতিযোগিতামূলক হ্যান্ডবল। জাতীয় হ্যান্ডবলে নিজের দল বাংলাদেশ রাইফেলসকে কাল আরও একবার চ্যাম্পিয়ন করেছেন। এরপরই দীর্ঘ ১৮ বছরের হ্যান্ডবল জীবনের প্রাপ্তি-অপ্রাপ্তির হিসাব মেলালেন জাহাঙ্গীর আলম বর্তমানে আপনিই দেশের সবচেয়ে সিনিয়র হ্যান্ডবল খেলোয়াড়। কত দিন খেলাটা চালিয়ে যাওয়ার ইচ্ছা রাখেন?জাহাঙ্গীর আলম: আর হয়তো একটা জাতীয় চ্যাম্পিয়নশিপ খেলতে পারি। তারপর পুরোপুরি খেলা ছেড়ে দেব। এখন অবশ্য আমার দল বাংলাদেশ রাইফেলসে কোচ-কাম-খেলোয়াড় হিসেবে কাজ করছি। সেই ১৯৯২ সালে প্রথম জাতীয় হ্যান্ডবলে খেলেছেন। তখনকার সময়ের সঙ্গে এখনকার সময়ে তুলনা যদি করেন...জাহাঙ্গীর: তখন আমি তরুণ ছিলাম। অন্যরকম একটা উত্তেজনা অনুভব করতাম। খেলাটাও সে সময় নিয়মিত হতো। মাঝে কয়েক বছর জাতীয় হ্যান্ডবল হয়নি। বর্তমানে আবার নিয়মিত হচ্ছে। আপনি রাইফেলসে সৈনিক হিসেবে যোগ দিয়েছিলেন। বর্তমানে হাবিলদার। হ্যান্ডবল খেলে আপনার জীবনের প্রাপ্তি কী?জাহাঙ্গীর: চাকরিতে প্রমোশন পেয়ে হাবিলদার হওয়াই বড় প্রাপ্তি। তা ছাড়া এখন হাবিলদার মোজাম্মেলের সঙ্গে দল পরিচালনার দায়িত্বেও আছি। নতুন ছেলেরা হ্যান্ডবলে আসছে। ওদের দেখভাল করি।  আর কোনো প্রাপ্তি নেই?জাহাঙ্গীর: ও হ্যাঁ, ভুলে গিয়েছিলাম। হ্যান্ডবল খেলি, দলকে অনেক সাফল্য এনে দেওয়ার পুরস্কার হিসেবে ডিপার্টমেন্ট থেকে হজে পাঠানো হয়েছে আমাকে। এটাও একটা প্রাপ্তি।  অপ্রাপ্তির তালিকাটা নিশ্চয়ই বড়...জাহাঙ্গীর: অপ্রাপ্তি বলতে দেশের বাইরে তেমন খেলার সুযোগ পাইনি। ১৯৯৪ সালে মালয়েশিয়ায় ক্লাব কাপ আর ’৯৫ সাফে ভারতে যাওয়ার সৌভাগ্য হয়েছে শুধু। এত বছর হ্যান্ডবল খেললাম, মাত্র দুবার দেশের বাইরে খেলেছি। এটা মনে হলে দুঃখ লাগে।  গত এসএ গেমসে আপনার নেতৃত্বে ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ। রাইফেলসের অধিনায়কও আপনি। আপনার চোখে দেশের হ্যান্ডবলের বর্তমান অবস্থা কেমন?জাহাঙ্গীর: এখন মোটামুটি ভালোই বলব। ফেডারেশনের যথেষ্ট আন্তরিকতা আছে খেলাটার প্রতি। তারা চেষ্টা করছে ভালো কিছু করতে। তবে আবারও বলি, শুধু দেশে খেললে অগ্রগতি হবে না। আমাদের বিদেশে টুর্নামেন্ট খেলা খুব দরকার।  হ্যান্ডবলে বিদেশি কোচ নেই। পর্যাপ্ত সুযোগ-সুবিধার অভাব। এ অবস্থায় খেলাটার ভবিষ্যৎ কী?জাহাঙ্গীর: ভবিষ্যৎ নিয়ে হতাশার কিছু নেই। কিরণ, লাভলু স্যাররা কোচিং করাচ্ছেন। ভালোই করেন তাঁরা। তবে বিদেশি কোচ আনলে আরও ভালো হবে। সরকারের সুদৃষ্টি কামনা করছি।  আপনি তিনবার জাতীয় হ্যান্ডবলে সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন। হ্যান্ডবল নিয়ে কোনো স্বপ্ন কি দেখেন?জাহাঙ্গীর: স্বপ্ন খুব একটা নেই। একসময় মনের অজান্তে অনেক কিছু ভাবতাম। এখন আর সেভাবে ভাবি না। কারণ স্বপ্ন তো স্বপ্নই। আপনার একমাত্র ছেলেকে হ্যান্ডবলে আনার ইচ্ছে আছে?জাহাঙ্গীর: ও এখন কেজিতে পড়ছে। বড় হলে কী খেলবে, সেটা ওর ব্যাপার। তবে এখন মজা করে জিজ্ঞাসা করলে বলে, হ্যান্ডবল খেলবে না, ক্রিকেট খেলবে।