‘হামরা ইলিফ চাই না, বেড়িবাঁধ চাই’
রংপুরের পীরগাছায় একটি বেড়িবাঁধের অভাবে তিস্তা নদীর ভাঙনে প্রতিবছর বিলীন হচ্ছে দুটি ইউনিয়নের একের পর এক জনপদ। অথচ পানি উন্নয়ন বোর্ড বেড়িবাঁধ নির্মাণ না করে ভেঙে যাওয়া বন্যানিয়ন্ত্রণ বাঁধটি পুনর্নির্মাণ করে প্রতিবার দায় সারার চেষ্টা করে। কিন্তু এতে কাজ না হওয়ায় দুই বছরে তিস্তা নদীর ভাঙনে উপজেলার তাম্বুলপুর ও ছাওলা ইউনিয়নের একটি বাজারসহ পাঁচটি গ্রামের চার শতাধিক পরিবারের বসতবাড়ি ও আবাদি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। তিস্তার ভাঙন ও পাহাড়ি ঢলে প্রতিবছর বন্যার স্রোতে নদী-তীরবর্তী জমিতে বালির স্তর পড়ে চাষাবাদ ব্যাহত হচ্ছে।এলাকাবাসী, পাউবো ও স্থানীয় ইউনিয়ন পরিষদ সূত্র জানায়, চলতি বছর পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ছাওলা ও তাম্বুলপুর ইউনিয়নের ভেঙে যাওয়া বন্যানিয়ন্ত্রণ বাঁধটি পুনর্নির্মাণ করে। কিন্তু পাউবো বন্যানিয়ন্ত্রণ বাঁধটির উজানে শিবদেবচর এলাকায় বেড়িবাঁধ নির্মাণ না করায় এলাকাবাসীর ঘুম হারাম হয়ে গেছে। বেড়িবাঁধের অভাবে চলতি বছর বর্ষায় পাহাড়ি ঢলে বেড়িবাঁধসহ এক কিলোমিটার দীর্ঘ একটি সড়ক ভেঙে তিস্তায় বিলীন হয়। এতে শিবদেবচর গ্রামের শতাধিক পরিবারের বাড়িঘর নদীগর্ভে বিলীন হয় এবং তিনটি ইউনিয়নের ৩৯টি গ্রাম প্লাবিত হয়ে ১৮ হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়ে। বন্যার পানির সঙ্গে ভেসে আসা তিস্তার বালু পড়ে খেতের ফসল নষ্ট হয়। আবাদি জমিগুলো চাষাবাদ অনুপযোগী হয়ে পড়ে। চর ছাওলা গ্রামের সহিদ আলী (৬২), আলিম উদ্দিন (৪৫), তমিজ উদ্দিন (৫৫) ও আবুল কালাম (৪৪) অত্যন্ত ক্ষোভ প্রকাশ করে বলেন, পাউবোর ভুলে তাদের এ দশা। পাউবো বন্যানিয়ন্ত্রণ বাঁধ নির্মাণের সময় যদি উজানে বেড়িবাঁধ নির্মাণ করা হতো তাহলে লোকালয়ে নদীর পানি ঢুকতে পারত না, আর এত ক্ষতিও হতো না। চর ছাওলা গ্রামের কাদের আলী, তছলিম উদ্দিন, আনছার আলী, শিবদেবচর গ্রামের ফজল উদ্দিন ও শওকত আলীসহ আরও অনেকে জানান, ‘হামরা ইলিফ চাই না, বেড়ি বান্ধ চাই।’ছাওলা ইউপি চেয়ারম্যান নজির হোসেন জানান, প্রতিবছর বন্যা ও পাহাড়ি ঢলে ছাওলা ইউনিয়নের শিবদেবচর, চর ছাওলা, কামারের হাট, নয়ারহাট, রহমতের চরসহ বেশ কয়েকটি গ্রাম বন্যায় প্লাবিত হয়। বন্যার স্রোতে বালির স্তর এসে আবাদি জমির ফসল নষ্ট করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদুল ইসলাম জানান, ছাওলা ও তাম্বুলপুর ইউনিয়নে তিস্তার ভাঙন রোধে পাউবো বন্যানিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ করেছে। ভাঙন রোধে ওই এলাকায় আরও বেশ কয়েকটি বেড়িবাঁধ নির্মাণ জরুরি হয়ে পড়েছে। গাইবান্ধা পাউবোর নির্বাহী প্রকৌশলী মীর মোশাররফ হোসেন বলেন, ভাঙন রোধে শিবদেবচরে একটি বেড়িবাঁধ নির্মাণ করা জরুরি হয়ে পড়েছে। কিন্তু ওই এলাকায় পাউবোর কোনো নিজস্ব জমি নেই। তা ছাড়া বেড়িবাঁধ নির্মাণের জন্য আলাদা বরাদ্দও নেই। বরাদ্দ পেলে বেড়িবাঁধ নির্মাণ করা হবে।