‘হামরা চাই রাস্তা, বানে থুইছে পুল’
‘১০ বছর আগত জমির মধ্যে একনা পুল বানে থুইছে, তার রাস্তাঘাট কিছুই করে নাই। রাস্তা ছাড়া এই পুল দিয়া হামার কী হইবে? হামরা এই পুল চাই না।’ কথাগুলো বলছিলেন তারাগঞ্জ উপজেলার পাতাই পাড়া গ্রামের আবু বক্কর (৬০)। তাঁর সঙ্গে সুর মিলিয়ে আবদুল জব্বার (৪২) বলেন, ‘সরকার কত কিছু করেন, খালি হামার গ্রামের কাছত পুল কোনার গোড়া দিয়া রাস্তা বানবার না পারে।’ ওই গ্রামের কৃষক আফজালুল (৫৫) বলেন, ‘হামরা চাই রাস্তা, বানে থুইছে পুল। যেটা হামার কাজত লাগে না, সেটা বানে থুইয়া লাভ কী?’তারাগঞ্জ উপজেলা সদর থেকে ১৪ কিলোমিটার দূরে পাতাই গ্রাম। এ গ্রামের পাশ দিয়ে চলে গেছে পাতাই পাড়া-বুড়ীরহাট তিন কিলোমিটার সরু রাস্তা। দশটি গ্রামের মানুষ এ রাস্তা নির্মাণের দাবি ৩৮ বছর ধরে করলেও কোনো ফল হয়নি। এলাকাবাসীর প্রতিবাদের মুখে ২০০০ সালের দুর্যোগ ও ত্রাণ শাখার অধীনে পাতাই পাড়ার একটি খালের ওপর একটি সেতু নির্মাণ করা হয় ১৪ লাখ টাকা ব্যয়ে। সেতু নির্মাণের কাজ ১০ বছর আগে শেষ হলেও রাস্তা আর নির্মাণ করা হয়নি।সরেজমিনে দেখা গেছে, সেতুর দুই পাশে সংযোগ সড়ক নেই। সরু একটি আইলের মাঝখানে সেতুটি নির্মাণ করা হয়েছে। রাস্তা তৈরি না করায় সেতুর ওপর দিয়ে কোনো যানবাহন এমনকি সাইকেল পর্যন্ত চলাচল করছে না।এলাকাবাসী জানিয়েছেন, তিন কিলোমিটার এ রাস্তাটি নির্মাণ করা হলে ডাঙ্গাপাড়া, ঝাকপাড়া, চাঁন্দের পুকুর, পারঘাট, নদীরপাড়, বালাপাড়া, বানিয়া পাড়া, মধ্যপাড়া, পাতাই পাড়া, খারুভাজ ও খলেয়া গ্রামের ২০ হাজার মানুষকে আর আট কিলোমিটার বেশি পথ ঘুরে উপজেলা সদরে যেতে হবে না।ডাঙ্গাপাড়া গ্রামের একরামুল হক (৪২) বলেন, নির্বাচনের আগে সাবেক সাংসদ মোহাম্মদ আলী ও সাবেক প্রতিমন্ত্রী আনিছুল হক চৌধুরী রাস্তাটি নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু তাঁরা নির্বাচনের পর এ এলাকায় আসেননি, রাস্তাটিও নির্মাণের উদ্যোগ নেননি।খারুভাজ গ্রামের আফজালুল হোসেন (৩৫) বলেন, রাস্তা ছাড়া অযথা সেতু নির্মাণ করা হয়েছে। এটি জনগণের কোনো কাজেই লাগছে না।মধ্যপাড়া গ্রামের ৮০ বছরের কপিল উদ্দিন বলেন, ‘বাহে হামার বাব-দাদারাও এ রাস্তা কোনা বানায় কষ্ট পায়া মরি গেইছে। হামরাও যাওয়ার পথে, তবু রাস্তা হয়ছে না।’ খলেয়া গ্রামের জিকরুল হক (৪২) বলেন, ১০ গ্রামের মানুষ জানে না রাস্তা ছাড়া খালের মধ্যে ১৪ লাখ টাকা ব্যয়ে সেতুটি কেন, কার স্বার্থে নির্মাণ করা হয়েছে।বানিয়াপাড়া গ্রামের আদর হোসেন (৬৫) জানান, সেতুটির দুই পাশের ১০ গ্রামের ২০ হাজার মানুষের কষ্ট আগের মতোই রয়েগেছে। রাস্তা না হওয়ায় আট কিলোমিটার তাঁদের ঘুরতে হচ্ছে।পারঘাট গ্রামের স্কুলশিক্ষক মমিনুল হক বলেন, এ ধরনের উন্নয়ন গ্রামের মানুষকে ধোঁকা দিয়ে ভোট নেওয়া ছাড়া আর কিছুই নয়। তিনি অবিলম্বে রাস্তাটি তৈরি বা সংস্কারের দাবি জানান।সয়ার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল ইসলাম বলেন, তিন কিলোমিটার রাস্তা ২০ হাজার মানুষ বারবার নির্মাণের দাবি করে পাবে না—এর চেয়ে লজ্জাজনক কী হতে পারে। রাস্তা তৈরি না করায় দুর্ভোগের পাশাপাশি এলাকাবাসীর আর্থিক ক্ষতি হচ্ছে।হাড়িয়ারকুঠি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেকেন্দার আলী বলেন, ‘আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যান। রাস্তাটি নির্মাণের মতো অর্থ ইউনিয়ন পরিষদে নেই। আর এখন থেকে উন্নয়নমূলক কাজ করার মতো কোনো ক্ষমতাও আমাদের নেই। ভবিষ্যতে নির্বাচিত হলে প্রথমে রাস্তাটি তৈরি করব।’উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুন্নবী দুলাল বলেন, ‘এলাকার লোকজন রাস্তাটি নির্মাণের দাবি আমার কাছে করেছে। কীভাবে এটি নির্মাণ করা যায় তা চিন্তা করা হচ্ছে।’