‘হামলার আগে হাওয়া ভবনে যান এনএসআইয়ের ডিজি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২১ আগস্ট গ্রেনেড হামলার আগে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা—এনএসআইয়ের তৎকালীন মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুর রহিম। সেখান থেকে তিনি এক দিন হাওয়া ভবনেও গিয়েছিলেন।এনএসআইয়ের তৎকালীন মাঠ কর্মকর্তা (ফিল্ড অফিসার) ইউসুফ হোসেন গতকাল রোববার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এ দেওয়া সাক্ষ্যে এ তথ্য দেন। সাক্ষী ইউসুফ হোসেন বর্তমানে রাজশাহীতে এনএসআইয়ের সহকারী পরিচালক হিসেবে কর্মরত আছেন। তিনি আদালতে বলেন, ২০০৪ সালে তিনি ঢাকায় ডিজি শাখায় কর্মরত ছিলেন। ওই সময় সংস্থার মহাপরিচালক (ডিজি) ছিলেন আবদুর রহিম।সাক্ষ্যে ইউসুফ বলেন, এনএসআইয়ের ডিজি আবদুর রহিম ২০০৪ সালের আগস্ট মাসের প্রথম সপ্তাহে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান। ১২ আগস্ট দেশে ফিরে তিনি ঢাকা সেনানিবাসে অবস্থিত সিএমএইচে ভর্তি হন। সেখানে ২৫ আগস্ট পর্যন্ত ছিলেন। ওই সময় সিএমএইচে ইউসুফ ও আরেক ফিল্ড অফিসার লুৎফর রহমান ডিজির দেখাশোনা করতেন। ইউসুফ বলেন, সিএমএইচে ভর্তি থাকাকালে আবদুর রহিম স্বাভাবিকভাবেই চলাফেরা করতেন। এ সময় এক দিন তিনি সরকারি গাড়িতে করে বাইরে যান। পরে গাড়ির চালকের কাছ থেকে ইউসুফ জেনেছেন, ডিজি হাওয়া ভবনে গিয়েছিলেন।প্রসঙ্গত, চারদলীয় জোট সরকারের আমলে বনানীর হাওয়া ভবন ছিল বিএনপির চেয়ারপারসনের কার্যালয়। তবে সেখানে নিয়মিত বসতেন খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান।গতকাল সাক্ষ্যে এনএসআইয়ের কর্মকর্তা ইউসুফ আরও বলেন, ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার দিন তিনি সিএমএইচে দায়িত্ব পালন করেছিলেন। তিনি বিকেলে দেখেন, আবদুর রহিম হাসপাতালের কেবিনের বারান্দায় বিচলিত অবস্থায় পায়চারি করছেন। তিনি বলেন, ‘ডিজি মহোদয় আমাকে বলেন, “তোমার ওয়্যারলেস ঠিক আছে তো?” আমি বলি, স্যার ঠিক আছে। এরপর হঠাৎ ওয়্যারলেসে শুনতে পাই বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের জনসভায় বোমা হামলা হয়েছে এবং অনেক লোক মারা গেছে।’ইউসুফ বলেন, গ্রেনেড হামলার বিষয়টি আবদুর রহিমকে বললে তিনি জানতে চান, কে কে মারা গেছেন। ইউসুফ বলেন, আইভি রহমান, শেখ সেলিমসহ অনেকে মারা গেছেন। তখন আবদুর রহিম জানতে চান আর কোনো নেতা মারা গেছেন কি না। এরপর ইউসুফ সহাকারী পরিচালক (পরে বরখাস্ত) মাসুদের কাছে তৎকালীন বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনার অবস্থা জানতে চান। মাসুদ জানান, শেখ হাসিনা বেঁচে আছেন। তবে অনেকে মারা গেছেন। ইউসুফ বলেন, ‘সন্ধ্যা সাতটার দিকে দুজন সাংবাদিক ডিজি মহোদয়ের কক্ষে প্রবেশ করেন। ওই সময় সেখানে ডিজিএফআইয়ের পরিচালক রেজ্জাকুল হায়দার চৌধুরী উপস্থিত ছিলেন। ১৫ মিনিট পর ওই দুই সাংবাদিক নিচে নামতে নামতে বলেন, শেখ হাসিনা ও শেখ সেলিমের দ্বন্দ্বের কারণে এই হামলা হয়েছে। পরে সবাই চলে যান। এই কথাগুলো আমি মাসুদ সাহেবকে জানিয়েছিলাম।’সাক্ষ্য শেষে এই সাক্ষীকে জেরা করতে অস্বীকৃতি (ডিক্লাইন) জানান পলাতক ১০ আসামির পক্ষে রাষ্ট্র নিয়োজিত আইজীবীরা। আজ সোমবার বাকি আসামিদের পক্ষে জেরার জন্য দিন ধার্য করেছেন বিচারক শাহেদ নূর উদ্দিন।