‘হামলার’ নিন্দা ফখরুলের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশ, র‌্যাব ও ক্ষমতাসীন দলের ‘সশস্ত্র কর্মী’দের বিরুদ্ধে সমমনা ইসলামী ১২ দলের বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ করে এর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শুক্রবার এক বিবৃতিতে তিনি এ প্রতিবাদ জানান। বিবৃতিতে বলা হয়, আল্লাহ, পবিত্র কোরআন ও মহানবী হজরত মুহাম্মদ (সা.) সম্পর্কে কতিপয় ব্লগারের কুরুচিপূর্ণ অপপ্রচারের প্রতিবাদে সারা দেশে মিছিল বের করলে পুলিশ, র‌্যাব ও আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের সশস্ত্র কর্মীরা ঝাঁপিয়ে পড়েন। এতে কয়েকজন নিহত ও বিপুলসংখ্যক মুসল্লি আহত হন।বিবৃতিতে ফখরুল বলেন, পুলিশ, র‌্যাব ও সশস্ত্র সন্ত্রাসীদের নির্বিচারে গুলি থেকে দায়িত্বরত সাংবাদিকেরাও রেহাই পাননি। ১২ জন সাংবাদিক ও ক্যামেরাম্যানের অবস্থা গুরুতর। সারা দেশে অসংখ্য নেতা-কর্মী ও সাধারণ মুসল্লিকে পুলিশ গ্রেপ্তার করেছে।বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব আরও অভিযোগ করে বলেন, ‘আওয়ামী লীগ সরকার একটি অশুভ পরিকল্পনা বাস্তবায়ন করার জন্যই ইসলামের অবমাননাকারীদের মদদ দিয়ে যাচ্ছে। সরকারের ফাঁদে পা দিয়ে কতিপয় অনলাইন ব্লগার “আমার দেশ” পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের যে হুমকি দিয়েছে, তা চরম অগণতান্ত্রিক ও ধৃষ্টতাপূর্ণ।’ এ ছাড়া চট্টগ্রামে ‘আমার দেশ’ ও ‘নয়া দিগন্ত’-এর ব্যুরো কার্যালয়ে হামলা করে ‘ভাঙচুর ও সাংবাদিকদের আহত করার’ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান মির্জা ফখরুল।বিবৃতিতে মির্জা ফখরুল ‘পুলিশ ও র্যাবের হামলায়’ নিহত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এ সময় সারা দেশ থেকে গ্রেপ্তার নেতা-কর্মী ও মুসল্লিদের নিঃশর্ত মুক্তিরও দাবি জানান তিনি।