‘হামাক আগের জাগাত টাকা পাবার পাহি করে দ’ বাগে’
‘ভেনত যাইতে-আইসতে ১২০ টাকা খরচ, ফের দিনডা শেষ, নি খায় থাকেহেনে জানডা বাহির হয় যাহা, হামাক আগের জাগাত টাকা পাবার পাহি (ব্যবস্থা) করে দ’ বাগে।’ ২১ অক্টোবর পীরগঞ্জ অগ্রণী ব্যাংকে বয়স্ক ভাতা নিতে এসে ঠাকুরগাঁও সদর উপজেলার বান্দিগড় গ্রামের বিবিরন বেওয়া (৭২) এভাবেই তাঁর কষ্টের কথা জানালেন। একই রকম কষ্টের কথা ব্যক্ত করলেন সদর উপজেলার বসভাঙ্গা গ্রামের বিনোদা (৬৯), বান্দিগড় গ্রামের আবদুর রাজ্জাক (৯৫) ও বেগুনবাড়ি গ্রামের জাকেরুন বেওয়া। ওই দিন ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের ১১৮ জন বৃদ্ধ-বৃদ্ধা তাঁদের জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর মাসের বয়স্ক ও প্রতিবন্ধী ভাতা নিতে এসেছিলেন পীরগঞ্জ অগ্রণী ব্যাংকে। তিন মাসে তাঁরা ৯০০ টাকা হারে ভাতা পেয়েছেন।২১ অক্টোবর বেলা ১১টায় ব্যাংকে গিয়ে দেখা গেছে, ভাতা গ্রহণকারীদের করুণ অবস্থা। সাতসকালে বাড়ি থেকে বের হয়ে সকাল নয়টার দিকে পীরগঞ্জ অগ্রণী ব্যাংকে এসেছেন এ সব বৃদ্ধ-বৃদ্ধা। অগ্রণী ব্যাংকের পীরগঞ্জ শাখার ভেতর-বাইরে অপরিসর জায়গা। ব্যাংকের প্রবেশপথের সঙ্গেই ক্লিনিক। লোকে গিজগিজ অবস্থা। এত লোক, সাইকেল ও মোটরসাইকেলের ভিড়ে যে তিল ধারণের জায়গা নেই, এ অবস্থাতেই কেউ ড্রেনের স্লাবের ওপর, কেউ দোতলায় অগ্রণী ব্যাংকে ওঠার সিঁড়িতে, কেউ সিঁড়ির পাশের মেঝেতে বসে তীর্থের কাকের মতো অপেক্ষা করছেন, কখন ডাক পড়বে। তাঁদের অনেকে চোখে কম দেখেন, কেউ হাঁটতে পারেন না। আবার কেউ অসুস্থ। নিরীহ বুড়ো-বুড়িদের একটাই দাবি, ‘হামাক বেগুনবাড়িত টাকা পাবার ব্যবস্থা করে দেও।’ ব্যাংকে ভাতা নিতে আসা একাধিক বয়স্ক ব্যক্তির সঙ্গে আলাপ করে জানা গেল, ঠাকুরগাঁও সদর উপজেলার ১৯ নম্বর বেগুনবাড়ি ইউনিয়ন সদরে অগ্রণী ব্যাংকের শাখা ছিল। সে সময় ওই ইউনিয়নের বিভিন্ন গ্রামের বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী মানুষে ওই শাখার মাধ্যমে তাঁদের ভাতা পেতেন। কর্তৃপক্ষ ওই শাখাটি বন্ধ করে দেয়। ২০০৮ সালের ১ জুলাই থেকে শাখাটি পীরগঞ্জ পৌর শহরে ‘অগ্রণী ব্যাংক, পীরগঞ্জ শাখা’ রূপে স্থানান্তরিত হয়। পীরগঞ্জে এসে বয়স্ক ভাতা নিতে সীমাহীন দুর্ভোগে পড়তে হয় এসব বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী মানুষকে। ভাতা নিতে এসে ভেনভাড়া ও অন্যান্য খাতেই তাঁদের ১২০ থেকে ১৫০ টাকা চলে যায়। অথচ বেগুনবাড়ি ইউনিয়ন সদরে ব্যাংকের শাখা থাকা কালে তাঁরা স্ব স্ব বাড়ি থেকে এসে সহজে কম খরচে ভাতা নিতে পারতেন।ব্যাংক সূত্রে জানা গেছে, প্রতি তিন মাস অন্তর সরকারীভাবে বয়স্ক-প্রতিবন্ধী ভাতা প্রদান করা হয় (বরাদ্দ প্রাপ্তিসাপেক্ষে)। অগ্রণী ব্যাংক পীরগঞ্জ শাখার ব্যবস্থাপক কমল কুমার কর্মকার বলেন, ‘এত দূর এসে ভাতা নিতে তাঁদের খুবই কষ্ট হয়। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) বেগুনবাড়ি শাখা থেকেই তাঁদের ভাতা দেওয়া গেলে বয়স্ক মানুষগুলোও বাঁচে, আমরাও বাঁচি।’ঠাকুরগাঁও সদর উপজেলার ১৯ নম্বর বেগুনবাড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য ও ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মো. রুহুল আমীন বলেন, ‘বেগুনবাড়ি ইউনিয়নের বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীরা পীরগঞ্জ অগ্রণী ব্যাংকের পরিবর্তে যাতে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) বেগুনবাড়ি শাখার মাধ্যমে ভাতা পান, সে জন্য আমি ঠাকুরগাঁও সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখেছি। এখনো কোনো সাড়া মেলেনি।’