‘হামাক কাদার মাজত দাঁড়ে থাকবার নাগে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের তারাগঞ্জ উপজেলার তারাগঞ্জ হাটে আসা ক্রেতা-বিক্রেতাদের দুর্ভোগের শেষ নেই। হাটের রাস্তায় দোকান বসানো এবং বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার না করায় এ সমস্যার সৃষ্টি হয়েছে।তারাগঞ্জ উপজেলা সদরে রংপুর-সৈয়দপুর মহাসড়কের কাছেই তারাগঞ্জ বাজারটির অবস্থান। দেশ স্বাধীনের পর ব্যক্তিমালিকানায় প্রথমে বাজারটি গড়ে ওঠে। যোগাযোগব্যবস্থা ভালো হওয়ায় অল্প দিনেই এটি জমজমাট হয়ে ওঠে। বর্তমান এটি উত্তরাঞ্চলের অন্যতম গরু-ছাগল ও কাঁচামাল বেচাকেনার হাট। সপ্তাহে শুক্র ও সোমবার বসে এ হাট। বাকি পাঁচ দিন বসে বাজার। চলতি বছরে এ হাটটির সরকারি ইজারা মূল্য হয়েছে এক কোটি ৪৬ লাখ টাকা। সরকার বিপুল পরিমাণ রাজস্ব আদায় করলেও এ হাটে উন্নয়নের কোনো ছোঁয়া লাগেনি। সামান্য বৃষ্টিতে হাটের ভেতর হাঁটু সমান কাদা-পানি জমে যায়। কাদার কারণে ব্যবসায়ীরা হাটের নির্ধারিত স্থানে বসতে না পেরে এর পাশে তহশিল অফিসের বারান্দা, তারাগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ, তারাগঞ্জ-কিশোরগঞ্জ সড়কের ১ কিলোমিটার এলাকায় তাঁদের পসরা নিয়ে বসেন বিক্রির জন্য। এতে এ সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। স্বাধীনতার পর উপজেলা পরিষদ থেকে এ হাটে নামকাওয়াস্তে কসাইখানার শেড নির্মাণ করা হলেও তা তেমন কাজে আসছে না। মাংসের বাজারটি জরাজীর্ণ ও নোংরা হয়ে পড়েছে। বর্ষার সময় সেখানে পানি চুইয়ে পড়ে। রক্ত-নোংরা পানি ও মাটির দুর্গন্ধে আশপাশে থাকা যায় না। যেকোনো সময় কসাইখানার শেডটি ধসে পড়তে পারে বলে আশঙ্কা করেছেন মাংস ব্যবসায়ীরা। হাটটিতে একটি গণশৌচাগার থাকলেও তার অবস্থা নাজুক। তবু হাটের দিন ক্রেতা-বিক্রেতারা লাইন ধরে সেখানে প্রাকৃতিক কাজ সারে। তারাগঞ্জ-কিশোরগঞ্জ সড়কের বাসচালক জাকারিয়া জানান, বর্ষা মৌসুমে যখন হাটুরেরা সড়কের দুই পাশে দোকান খুলে বসেন, তখন তাঁদের যানজটের কবলে পড়তে হয়। এতে যাত্রীদের ভোগান্তি চরমে ওঠে। বাজার করতে আসা থানাপাড়া গ্রামের স্কুলশিক্ষক আবদুল হামিদ জানান, বাজারে সারা বছরই কাদা থাকে। সামান্য বৃষ্টি হলে পুরো বাজারে পানি জমে। ফল বিক্রেতা সেকেন্দার হোসেন বলেন, ‘বৃষ্টি হইলে হামার হয় বিপদ। কাদার জন্য ব্যবসা করিবার পাই না। রাস্তার ওপর দোকান দিলেও ভিড়ের জন্য বেচাকেনা হয় না।’ মসলা বিক্রেতা জাহিদুল ইসলাম বলেন, ‘রাস্তার ওপর দোকান দিলে তো মানুষের চলাফেরার অসুবিধা হয়, তাক বুঝি। কিন্তুক হামরা দোকান দিমো কোনটে। কাদার জন্যে তো হাটের ভিতরত দোকান দিবার পারি না।’ গরু বিক্রেতা মকবুল হোসেন বলেন, ‘হামার কষ্ট কায়ও দেখে না, গরু বেছপার জন্য হামাক কাদার মাজত দাঁড়ে থাকবার নাগে।’ ছাগল বিক্রেতা নাজমুল হক বলেন, ‘এমতোন কষ্ট করি কি ছাগল বেচা যায়? এমনি তো দুর্গন্ধ, তার ওপর সারাটা দিন কাদার মাজত ইদোত দাঁড়ে থাকবার নাগে।’ কাপড় ব্যবসায়ী মেনাজুল ইসলাম জানান, ১০ বছর ধরে এ বাজারের কোনো উন্নয়ন নেই। মুদির দোকানি আশরাফুল ইসলাম জানান, ইজারাদারদের মধ্যে উপজেলা প্রশাসন শুধু টাকায় নেয়। বাজারের উন্নয়নে কোনো পদক্ষেপ নেয় না। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এনামুল হক বলেন, উপজেলা পরিষদ থেকে যথাসাধ্য চেষ্টা করা হচ্ছে হাটটি সংস্কারের। ইতিমধ্যে হাটের ভেতর দিয়ে চলে যাওয়া রাস্তাটি পাকা করার পরিকল্পনা করা হয়েছে। উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী দুলাল বলেন, খোঁজখবর নিয়ে উত্তরাঞ্চলের অন্যতম এ হাটের সমস্যা সমাধান করা হবে।