‘হামাকেরে ইশকুলত একটাই আপা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘হামাকেরে ইশকুলত একটাই আপা। সেই আপা মাঝেমধ্যে ক্লাস নেন, আবার মাঝেমধ্যে অপিসের কাজেই ব্যস্ত থাকেন। আবার যেদিন আপা অপিসের কাজে দুপচাঁচিয়াত টিইও অপিসত যান সেদিন হামরা পড়ি না, খেলাধুলা কর্যা বাড়িত যাই। হামাকেরে ইশকুলের এ অবস্থা দেকা, লেখাপড়া করানোর জন্যি ব্যাড়া থ্যাকা একটা আপা নিছে কয়েক দিন হলো। দুই আপা মিলা পাঁচটা শ্রেণীর ক্লাস আর অপিসের কাজ করা কঠিন হয়্যা পড়িচে।’ বিদ্যালয়ের মাঠে সহপাঠীদের সঙ্গে খেলতে খেলতে এক নিঃশ্বাসে কথাগুলো বলল দুপচাঁচিয়া উপজেলার পরাণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী আকলু জান্নাত।সরেজমিনে ১২ এপ্রিল গিয়ে উপজেলার পরাণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র চোখে পড়ে। উপজেলা সদর থেকে ৯/১০ কিলোমিটার দূরে এ বিদ্যালয়ের অবস্থান। তালোড়া ইউনিয়নের দোগাছি, পোড়াঘাটা, পরাণপুর, সঞ্জয়পুর, অঞ্জপুর, নিয়ামতপুর গ্রামসহ সাত-আটটি গ্রামের ছেলেমেয়েরা এ বিদ্যালয়ে লেখাপড়া করে। বিদ্যালয়ে চারজন শিক্ষকের পদ রয়েছে। এ বছরের শুরুতে প্রধান শিক্ষক অবসরে যাওয়ার পর একজন শিক্ষক দিয়ে পাঠদানসহ অফিসের কাজ চলছে। প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ১২২ জন ছেলেমেয়ে পড়াশোনা করে এ বিদ্যালয়ে। ক্লাস চলাকালে বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, ছেলেমেয়েদের শ্রেণীকক্ষে থাকার কথা থাকলেও শিক্ষক না থাকায় তারা মাঠে খেলা করছে। আর বিদ্যালয়ের অফিসে উপবৃত্তির কাজে ব্যস্ত শিক্ষক অর্পণা মালাকার। তথ্যের কাজে তাঁকে সাহায্য করছেন মোছাম্মত্ ইনতাজ খাতুন নামের একজন খণ্ডকালীন শিক্ষক।শিক্ষক অর্পণা মালাকার জানান, তিন মাস আগে তিনি এ বিদ্যালয়ে যোগদান করেছেন। সহকারী শিক্ষকের পাশাপাশি প্রধান শিক্ষকের অফিসের সব কাজ তাঁকেই করতে হয়। পাঁচটি ক্লাস একসঙ্গে করা যায় না বলে সকালে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর ক্লাস একসঙ্গে চালান, পরে তিন ক্লাস এক জায়গায় নিয়ে চালান। শ্রেণীকক্ষে পাঠদানের পাশাপাশি অফিসের প্রতিমুহূর্তের তথ্য পাঠাতে হয়। এত কাজ একার পক্ষে করা সম্ভব হয় না। তাই পরিচালনা কমিটির সদস্যরা অল্প দিন হলো একজন খণ্ডকালীন শিক্ষক নিয়োগ দিয়েছেন।উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, ওই বিদ্যালয়ে চারজন শিক্ষকের পদ রয়েছে। এর মধ্যে একজন শিক্ষক সিএনএড প্রশিক্ষণে রয়েছেন। অপর একজন শিক্ষক গত বছরের আগস্ট মাসে পদোন্নতি পেয়ে অন্য বিদ্যালয়ে বদলি হয়েছেন। এরপর এ বছরের প্রথম দিকে প্রধান শিক্ষক অবসরে যাওয়ার পর একজন শিক্ষক রয়েছেন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাদিকুল ইসলাম বলেন, বিদ্যালয়ের শিক্ষক সংকট দীর্ঘদিনের। বিদ্যালয়ে চারজন শিক্ষকের পদ থাকলেও কোনো দিনই চারজন শিক্ষক পায়নি এ বিদ্যালয়। তিনজন শিক্ষক থাকা অবস্থায় বদলি কিংবা প্রশিক্ষণে পাঠানোর কোনো বিধান না থাকলেও এখানে তা মানা হয় না। এ কারণে বিদ্যালয়ের শিক্ষার্থী ঝরে পড়ছে। এই বিদ্যালয় থেকে বৃত্তি যে কবে পেয়েছে তা কারও জানা নেই। তাই শিক্ষক সংকটের কথা চিন্তা করে পরিচালনা কমিটির সদস্যরা চাঁদা দিয়ে একজন খণ্ডকালীন শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে।উপজেলা শিক্ষা কর্মকর্তা (টিইও) আকতার বানু বলেন, দু-দুবার প্রেষণে শিক্ষক বদলি করা হয়েছে। কিন্তু রাজনৈতিক কারণেই এ সমস্যার সমাধান করা সম্ভব হয়নি। তারপর শিগরিই ওই বিদ্যালয়ে প্রেষণে শিক্ষক বদলি করে সমস্যা সমাধান করা হবে।উপজেলা শিক্ষা কমিটির সভাপতি ও ইউএনও সুফিয়া নাজিম বলেন, ‘এ ধরনের সমস্যা আমাকে কেউ জানাননি। আপনার মাধ্যমে প্রথম শুনলাম ওখানে শিক্ষক বদলির জন্য টিইও সাহেবকে বলে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’