‘হামাকেরে ভাগ্ন্যা হিমালোত উঠা আকাশ ছোঁচে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমাদের গ্রামটি যেন হঠাৎ বিখ্যাত হয়ে উঠেছে। দুই দিন হলো মানুষ আর মানুষ আসছে। পরিচিত-অপরিচত মানুষ এসে মুসার ফটো দেখতে চাচ্ছে। জানতে চাচ্ছে, মুসা সম্পর্কে নানা তথ্য। সবার চোখে-মুখে বিস্ময়ের চিহ্ন। সবাই তাকে অভিনন্দন জানাচ্ছে।’এ বর্ণনা এভারেস্ট বিজয়ী মুসা ইব্রাহীমের মামা শিক্ষক তাজুল ইসলামের। বগুড়ার শিবগঞ্জ উপজেলা সদর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে সিদ্ধিপুর গ্রামে মুসার নানার বাড়ি। নানার পরিবারের সদস্যদের এখন দিন কাটছে উৎসুক মানুষের নানা প্রশ্নের উত্তর দিতে দিতে।২৫ মে সিদ্ধিপুর গ্রামে গেলে দেখা যায়, গ্রামজুড়ে যেন উৎসবের আমেজ বিরাজ করছে। সবার চোখে-মুখে এক অন্য রকম আনন্দের আভা। মুসার প্রশংসায় পঞ্চমুখ তারা। গ্রামের লোকজন এখানে-ওখানে জটলা করে বসে প্রথম আলোর পাতা তন্ন তন্ন করে পড়ছে। পত্রিকাজুড়ে খোঁজার চেষ্টা করছে তাদের প্রিয় মুসার আরও কোনো সংবাদ আছে কি না। পত্রিকায় যে ফটো ছাপা হয়েছে, তা দেখে যেন তাদের মন ভরছে না। তাই বারবার মুসার মামি রাশিদা বেগমকে বাড়ি থেকে মুসার দিয়ে যাওয়া ফটো এনে দেখাতে হচ্ছে। একটু বিরক্ত হচ্ছেন না রাশিদা বেগম। ‘বারবার ফটো দেখাতে আপনার বিরক্ত লাগছে না?’ এমন প্রশ্নের জবাবে রাশিদা বেগম বলেন, ‘এ এক অন্য রকম সুখ। এমন সুখ জীবনে কমই পেয়েছি।’মামা তাজুল ইসলাম জানান, তাঁর ভাগ্নে ছিল শান্ত স্বভাবের। গ্রামে এলেই পাখি শিকারে বের হতো। একদণ্ড ঘরে থাকতে চাইত না। ঘুরতে-ফিরতে তার যত আনন্দ। মুসা মাস ছয়েক আগে যখন এখানে আসে, তখনো সে বলেছিল, ‘মামা দেখো, আমি শিগগিরই হিমালয় জয় করব।’ তখন মামার কাছে বিষয়টি অসম্ভবই ঠেকেছে। কিন্তু আজ! ইচ্ছের কাছে অসম্ভকে পরাজিত করেছে তাঁর ভাগ্নে মুসা। এ কথা যতবারই ভাবছেন তিনি, ততবারই আনন্দে চোখে পানি এসে যাচ্ছে।গ্রামের ইয়াকুব আলী বলেন, ‘নানার বাড়ি এলে মুসা সবার সঙ্গে আন্তরিকতার সঙ্গে মিশত। গ্রামে এলেই, সে হইচই ফেলে দিত। কিন্তু কখনো ভাবিনি, এই ছেলেটি বিশ্বের মাঝে এভাবে হইচই ফেলে দেবে।’গ্রামের কৃষক আজিমুদ্দিন হোসেন বলেন, ‘হামাকেরে ভাগ্ন্যা হিমালোত উঠা আকাশ ছোঁচে। এডা ভাবতেই গর্বে বুকডা ভর‌্যা যাচ্ছে। ছোলডা আসার অপেক্ষাত আচি হামরা। এবার আলে চোক ভর‌্যা তাক দেখমো।’শিবগঞ্জ নাগরিক কমিটি মুসা ইব্রাহীমকে গণসংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ প্রস্তাব দেওয়া হয়েছে মুসার মামাদের। নাগরিক কমিটির আহ্বায়ক আবদুল কাদের বলেন, ‘মুসা আমাদের অহংকার। এলাকার ভাগ্নে। তাকে আমরা সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এখন সুযোগটা মিললেই হয়।’