‘হামাগেরে গাঁয়ের গাটা আর হলো না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার অবহেলিত একটি গ্রামের নাম ‘পাঁচুইল মৃধাপাড়া’। উপজেলা সদর থেকে ১৬ কিলোমিটার দক্ষিণে উপজেলার সীমান্ত ঘেঁষে আলমপুর ইউনিয়নে গ্রামটির অবস্থান। এ গ্রামের পর থেকেই শুরু বগুড়া জেলা। ছয় শতাধিক জনসংখ্যা অধ্যুষিত এ গ্রামের বাসিন্দাদের প্রধান পেশা মুড়ি তৈরি ও বিক্রি করা। পাশাপাশি নিজেদের সামান্য জমিজমাসহ অন্যের জমি বর্গা নিয়ে কেউ কেউ কৃষি কাজ করেন। আছে ভূমিহীনও।গ্রামের মুড়ি বিক্রেতা প্রবীণ সুধান্ন চন্দ্র মৃধা বলেন, ‘কত যুগ গেল হামাগেরে গাঁয়ের গাটা (রাস্তা) আর হলো না। বর্ষার সময় গাঁওত থেকে বের হওয়া যায় না।’ ‘এ গ্রামের সব মানুষই সাদাসিধে প্রকৃতির। তাই আমরা স্বাচ্ছন্দ্যে চলাফেরার সুযোগ থেকে বঞ্চিত। ভোট এলে নেতাদের কথায় মনে হয়, আগামী মাসেই রাস্তা হয়ে যাবে। কিন্তু রাস্তা আর হয় না।’ কথাগুলো ক্ষোভের সঙ্গে বললেন গ্রামের একমাত্র শিক্ষিত ব্যক্তি বানাইচ মোমিন উচ্চবিদ্যালয়ের হিন্দুধর্মীয় শিক্ষক সুকুমার রায়। তিনি ছাড়া সরকারি-বেসরকারি পর্যায়ে কোনো চাকরিজীবী নেই ওই গ্রামে। সুকুমার রায় আরও জানান, রাস্তা না থাকায় গ্রামের ছেলেমেয়েরা বর্ষা মৌসুমে স্কুলে যেতে পারে না। শুধু একটি রাস্তার প্রত্যাশায় বছরের পর বছর গ্রামবাসী ধরনা দিয়ে আসছে মেম্বর, চেয়ারম্যান, সাংসদসহ অনেক নেতা-নেত্রীর কাছে। কিন্তু প্রতিবারই তাদের আবেদন নিষ্ফল হয়েছে।গ্রামের আরেক মুড়ি বিক্রেতা সুমন বর্মণ জানান, আইল দিয়ে মুড়ি বিক্রি করতে গিয়ে বর্ষায় কোনো কোনো দিন পা পিছলে গরিবের মুড়ি পানিতে ভিজে যায়। সেদিন আর ভাতের চাল কিনতে পারি না। উপোস থাকতে হয়। গ্রামে রাস্তা না থাকায় ডাক্তার-কবিরাজ সেখানে যেতে পারেন না, এমনকি গুরুতর অসুস্থ কোনো লোককে দ্রুত হাসপাতালে নেওয়াও সম্ভব হয় না। ফলে রোগব্যাধি এ গ্রামের মানুষের নিত্যদিনের সাথি।রাস্তাঘাট না থাকায় গ্রামটিতে উন্নয়নের ছোঁয়া লাগেনি। এখানকার গরিব কৃষকেরা উৎপাদিত কৃষিজাত পণ্য কাঁধে করে বাজারে নেন। গ্রামের অজমিল বর্মণ বলেন, ‘আমরা যে ভ্যান-রিকশা চালিয়ে রোজগার করব, তাও হয় না। রাস্তার অভাবে আমরা কোনো ব্যবসা-বাণিজ্য করতে পারি না।’এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য আবদুল করিম আকন্দ জানান, তিনি ব্যক্তিগতভাবে ওই গ্রামে রাস্তা নির্মাণ করে দিয়েছিলেন, কিন্তু ভূমি মালিকেরা সে রাস্তা পরবর্তী সময় কেটে ফেলেন। স্থানীয় আলমপুর ইউপির চেয়ারম্যান গাজিউল হক জানান, স্থানীয় লোকজন বিশেষ করে ভূমি মালিকদের অসহযোগিতায় মৃধাপাড়া গ্রামে রাস্তা নির্মাণ সম্ভব হচ্ছে না।