প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে গতকাল শনিবার দিনাজপুর শহর ও রাজশাহীর বাগমারায় শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। দিনাজপুর প্রেসক্লাব প্রাঙ্গণে বেলা ১১টায় শহরের মুচি, নাপিত, কামার ও কুমার সম্প্রদায়ের মোট ৭০ জনের মধ্যে কম্বল বিতরণ করা হয়। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, দিনাজপুর সংবাদপত্র হকার্স ইউনিয়নের সভাপতি ছবিলাল সরকার ও বন্ধুসভার সদস্যরা এসব কম্বল শীতার্তদের হাতে তুলে দেন।কম্বল পেয়ে উদ্বেলিত ষাটোর্ধ্ব মুচি আবদুস শুকুর বলেন, ‘বাবু, খুউব উপকার হইল। এত ঠান্ডা যে হাড় ফুঁড়িয়া ভিতরে লাগে। কম্বলটা শরীলে জড়াইয়ে কাজ করব। হামার আরাম হবে।’ শহরের রেলবাজার এলাকার নাপিত মহেন্দ্রনাথ শীল (৮২) বলেন, ‘বাপু, হামাক দিবে এমন কাঁহো নাই। জীবনের প্রথম তোমহারঠে একটা কম্বল পানু। মোর জাড় এলা জুড়াবি।’ বাগমারা থানা মোড়ে গতকাল ১০০ শীতার্ত অসহায় মানুষকে কম্বল দেওয়া হয়। কম্বল বিতরণে সমন্বয় করেন প্রথম আলোর বাগমারা প্রতিনিধি মামুনুর রশিদ। এ সময় উপস্থিত ছিলেন বাগমারা থানার পরিদর্শক (তদন্ত) মাসুদ পারভেজ ও বন্ধুসভার সদস্যরা।কম্বল হাতে পেয়ে দর্গামাড়িয়ার শারীরিক প্রতিবন্ধী আবদুল হান্নান বলেন, ‘তোমরা আমাক এবার শীতে কম্বল দিয়া বাঁচালেন, আল্লাহ তোমারির পতম আলোক ভালো করুক।’তীব্র শীত ও ঘন কুয়াশা উপেক্ষা করে শীতার্তরা কম্বল নিতে আসেন। নতুন কম্বল গায়ে জড়িয়ে খুশিমনে বাড়ি ফেরেন তাঁরা।