‘হামার গ্রামত একটা স্কুল দরকার’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘হামার গ্রামত স্কুল নাই। স্কুল হইল তিন-চার মাইল দুরত। বাচ্চাকাচ্চারা এত দূরের স্কুলে যাবার চায় না। খালি খেলা খেলায় আর শয়তানি করি বেড়ায়।’ কথাগুলো বললেন তারাগঞ্জ উপজেলার কামারপাড়া গ্রামের মফিয়া খাতুন (৩৭)। তাঁর সঙ্গে সুর মিলিয়ে ওই গ্রামেরই আব্বাস আলী (৩৬) বলেন, ‘এটে কোনা স্কুল না থাকায় হামরা পড়িবার পারি নাই, এখন হামার বাচ্চাকাচ্চারা পারেছে না। হামার গ্রামত একটা স্কুল দরকার।’উপজেলা সদর থেকে ১৪ কিলোমিটার দূরে এই কামারপাড়া। গ্রামের লোকসংখ্যা হাজারখানেক। কিন্তু গ্রামটিতে নেই কোনো প্রাথমিক বিদ্যালয়। গ্রামের শিশুদের চেহারায় অপুষ্টির ছাপ। শিক্ষা, চিকিৎসা, যোগাযোগ ও কৃষিক্ষেত্রে এ গ্রাম অনেক পিছিয়ে রয়েছে। গ্রামটির অনেক স্কুলগামী শিশু স্কুলে ভর্তি হলেও দূরের কারণে তারা নিয়মিত স্কুলে যেতে পারে না।জীবন-জীবিকার লড়াইয়ে ব্যস্ত এই গ্রামের মানুষ এখনো অশিক্ষা ও কুসংস্কারে আচ্ছন্ন। গ্রামটির মানুষ অধিকাংশ কৃষিজীবী। কারও পেশা দিনমজুরি, কারও রিকশা চালানো। অভাব-অনটন আর দারিদ্র্য অনেকেরই নিত্যসঙ্গী। যোগাযোগব্যবস্থা অনুন্নত। গ্রামটির সব রাস্তা কাঁচা, এবড়োখেবড়ো। শিক্ষার হার নগণ্য বলেই সরকারি বা বেসরকারি চাকরিজীবীর সংখ্যা নেই বললেই চলে। শত যন্ত্রণায় জীবন-সংগ্রামে কোনো রকমে টিকে আছে এখানকার মানুষ। বিদ্যুতের আশায় গ্রামবাসী বারবার এখানে ওখানে ধরনা দিয়ে শুধু আশ্বাস পেয়েছে, বাস্তবে বিদ্যুৎ পায়নি। গ্রামটিতে নেই কোনো ডিগ্রিধারী চিকিৎসক। ফলে কোনো রোগব্যাধিতে গ্রাম্য কবিরাজের সহায়তা নেওয়া ছাড়া উপায় নেই তাদের। গ্রামের প্রবীণ ব্যক্তি আবদুস সালাম (৮০) বলেন, ‘হামার এটে স্কুল নাই বলি তো ছাওয়া-ছোটরা লেখাপড়া শিক্ষার পারেছে না। গরু-বকরিক ঘাস খিলি দিন কাটায়ছে।’গৃহিণী সিমা আক্তার (২৮) বলেন, ‘এটে থাকি তিন-সাড়ে তিন মাইল দুরত ইকরচালী বাজারত হইল সরকারি স্কুল। ভয়ে এত দূরের স্কুলত বাচ্চাকাচ্চা যাবার চায় না।’ সমাজসেবক মোখলেছার রহমান (৪৫) বলেন, ‘আমরা বড় কিছু চাই না। শুধু একটা স্কুল স্থাপনের দাবি জানিয়ে আসছি দীর্ঘ দিন ধরে। কিন্তু কার কথা কে শোনে। নির্বাচন এলেই নেতারা এক নজর দেখে যান আমাদের। তাঁদের প্রয়োজন ফুরিয়ে গেলেই সবই শেষ।’ মরিয়ম বেওয়া (৫৫) বলেন, ‘সাজ লাগলেই হেরিকিন, ল্যাম্প জ্বলবার নাগে। বাচ্চাকাচ্চাগুলার যে এনা পড়া পড়বে তারও কোনো উপায় নাই। হেরিকিন, ল্যাম্পর কেরাসিন তেল কিনবার গেলেই বুজবেন তার কত দাম।’ কৃষক আমজাদ হোসেন (৪৬) বলেন, ‘হামার কোনো দাবি নাই। গ্রামত খালি একটা স্কুল আর কারেন কোনা চাই। এই দুখানা দাবি পূরণের জন্য হামরা চেয়ারম্যান, এমপির গোড়ত দৌড়াদৌড়ি করেছি ১৫-১৬ বছর থাকি। সবাই কথা দেয় কিন্তু কাও এই দাবি দুখানা পূরণ করে না।’গ্রামটির ইউপি মেম্বার আফজাল হোসেন বলেন, ‘কামারপাড়া গ্রামের অবস্থা যে করুণ তা বলার অপেক্ষা রাখে না। নানা দিক থেকে এই গ্রামের মানুষ পিছিয়ে রয়েছে।’ হাড়িয়ারকুঠি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেকেন্দার আলী বলেন, ‘গ্রামটিতে একটি স্কুল স্থাপনের পাশাপাশি গ্রামের সরু রাস্তাটি পাকা ও বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করলে চিত্র বদলে যাবে। কিন্তুক এই সমস্যগুলো ইউনিয়ন পরিষদের পক্ষে সমাধান করা সম্ভব না।’ উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী বলেন, ‘গ্রামের কেউ স্কুল স্থাপনের উদ্যোগ নিলে তাঁকে সহায়তা করা হবে। সরকারিভাবে বরাদ্দ পেলে অন্য রাস্তার মতো পর্যায়ক্রমে এ গ্রামে যাওয়ার রাস্তাটিও পাকা করা হবে। গ্রামটিকে বিদ্যুৎ সংযোগের আওতায় নেওয়ার জন্য পল্লী বিদ্যুতের পাগলাপীরের মহাব্যবস্থাপকে অনুরোধ করব।’