‘হামিদ ভাই ছিলেন ক্ষণজন্মা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমি একা হয়ে গেলাম’—প্রিয় ‘হামিদ ভাইয়ের’ মৃত্যুর পর মনের কষ্ট এভাবেই প্রকাশ করেছিলেন। কাল আবদুল হামিদের স্মরণসভায় এসে আবারও স্মৃতিকাতর হয়ে পড়লেন। দীর্ঘদিন দুজন একসঙ্গে ধারাভাষ্য দিয়েছেন, সেসব দিনে ফিরে গিলেন বাংলাদেশের ক্রীড়া ধারাভাষ্যের আরেক দিকপাল মঞ্জুর হাসান (মিন্টু) ‘হামিদ ভাইয়ের’ সঙ্গে আপনার আত্মার সম্পর্ক জানি। প্রথম কবে তাঁর সঙ্গে আপনার পরিচয়?মঞ্জুর হাসান (মিন্টু): ধারাভাষ্যকার হিসেবে প্রথম পরিচয় ১৯৭৩ সালে। ওই বছর তিনি আমাকে হাত ধরে নিয়ে এলেন কমেন্ট্রি বক্সে। তখন ধারাভাষ্যকার হিসেবে আমার কোনো প্রশিক্ষণ ছিল না। খেলা ছাড়ার পর সংগঠক হিসেবে কাজ করছিলাম, উনি সেটা জানতেন ভালোভাবে। কিন্তু উনি আবিষ্কার করলেন, আমি ধারাভাষ্যে ভালো করব। তাই নিয়ে এলেন। তারপর তো ইতিহাস। দুজনে পাশাপাশি বসে অনেক ধারাভাষ্য দিয়েছেন। সেসব স্মৃতি যদি একটু স্মরণ করেন...মঞ্জুর হাসান: উনি সব সময়ই ভাবতেন, ধারাভাষ্যকে একটা শিল্প হিসেবে প্রতিষ্ঠা করতে হবে। আমাকে কমেন্ট্রি বক্সে পাশে বসিয়ে নানা ব্যাপারে বলতেন। অনেক স্মৃতির ভিড়। আজ কোনটা ছেড়ে কোনটা বলব। ওনাকে নিয়ে কথা বলতে গেলে আমি আবেগাপ্লুত হয়ে পড়ি। ধারাভাষ্যকার আবদুল হামিদকে ছাড়িয়ে তিনি আসলে অনুকরণীয় এক মানুষ হয়ে উঠেছিলেন। তাঁর কোন দিকটা আপনাকে বেশি আকৃষ্ট করত?মঞ্জুর হাসান: ওনার গলা ছিল ভরাট। এমন কণ্ঠস্বর আল্লাহ আর কাউকে দিয়েছেন বলে আমি জানি না। আমার কণ্ঠটাও শার্প। আসলে কণ্ঠের ব্যাপারটা আল্লাহপ্রদত্ত। হামিদ ভাই ছিলেন ক্ষণজন্মা। কবি-সাহিত্যিকেরা যে রকম আসেন, হামিদ ভাইয়ের মতো ধারাভাষ্যকারও সেই রকমই।  খুব সাধারণভাবে তাঁকে চলাফেরা করতে দেখা যেত। ক্রীড়াক্ষেত্রে অবদানের জন্য একুশে পদক পেয়েছেন। অথচ কোনো অহমিকা ছিল না। আপনি কীভাবে দেখেছেন?মঞ্জুর হাসান: হামিদ ভাই খেলোয়াড় থেকে সংগঠক হয়েছেন। তারপর এসেছেন ধারাভাষ্যে, ক্রীড়া সাংবাদিকতা করেছেন। একাডেমিক কোয়ালিফিকেশন একটু কম হলেও বাংলা প্রচুর পড়তেন। বাংলায় ধারাভাষ্য দেওয়ার জন্য লড়াই করেছেন অনেক। বাংলা ভাষাকে খুব ভালোবাসতেন। তাঁর সঙ্গে নিশ্চয়ই অনেক স্মরণীয় মুহূর্ত আছে আপনার। তার মধ্যে সবচেয়ে স্মরণীয় কোনটি?মঞ্জুর হাসান: সবচেয়ে স্মরণীয়টি গত বছর। ঢাকায় বিশ্বকাপ ক্রিকেটের ম্যাচ হওয়ার পর চ্যানেল আই কৃষক বিশ্বকাপ করল নেত্রকোনায়। একটি দলের নাম অস্ট্রেলিয়া, একটি বাংলাদেশ। ধানখেতে ফ্লাডলাইটে খেলা। শীতের রাতে আমি আর হামিদ ভাই চাদর মুড়ি দিয়ে কানে মাফলার বেঁধে ধারাভাষ্য দিলাম। জীবনে এটা কখনো ভুলব না। ধারাভাষ্যকার হিসেবে তাঁর কোন দিকটা আপনার বেশি ভালো লাগত?মঞ্জুর হাসান: ওনার উপস্থাপনা ছিল অত্যন্ত বাস্তব এবং রুচিসম্মত। ধারাভাষ্যে আমরা অনেক সময় বেফাঁস কথা বলি। মাথায় যা আসে তাৎক্ষণিক বলতে হয়। হামিদ ভাইয়ের শব্দচয়ন ছিল অসাধারণ। সহধারাভাষ্যকারদের মুখে না বলে লিখে দিতেন, বলতেন...এটা পরিহার করো। ওটা এভাবে করো...।  আপনি তাঁর পাঁচ বছরের ছোট। দুজনের সম্পর্কটা আসলে কেমন ছিল?মঞ্জুর হাসান: মানুষ হিসেবে হামিদ ভাই ছিলেন অত্যন্ত অমায়িক। আমাকে মিন্টুই বলতেন, অনেক সম্মান করতেন। যতটুকু সম্ভব আমাকে তুলে ধরার চেষ্টা করতেন। উনি বলতেন, তোমার যেটা প্রাপ্য সেটা তোমাকে দিতে হবে। আমি ওনাকে আমার সবচেয়ে প্রিয় ব্যক্তির জায়গায় স্থান দিতাম।  একটু আগে স্মৃতিচারণায় বলেছেন, হামিদ ভাইয়ের জন্য আরও কিছু করার ছিল। একটু খুলে বলবেন?মঞ্জুর হাসান: উনি তো বেতার-টিভিতে কাজ করেছেন। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব ছিলেন। ইস্ট এন্ড, ওয়ান্ডারার্সসহ আরও অনেক দলে খেলেছেন। সবাই দু-চার লাইনে শোক প্রকাশ করেছে। তবে আরও কিছু করার ছিল। যে চ্যানেলে যুক্ত ছিলেন, সেই চ্যানেল আইয়ের কাছ থেকেও আরও কিছু আশা করেছিলাম।