‘হাসানাত ভাইয়ের কথাই রেজুলেশন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বরিশাল জেলা আওয়ামী লীগের একক নেতা হাসানাত ভাই। দলের সভা চলে তাঁর কথায়। সভার সিদ্ধান্ত কোনো মন্তব্য বইতে লেখাও হয় না। হাসানাত ভাইয়ের কথাই রেজুলেশন।’ এভাবেই বলছিলেন নাম প্রকাশে অনিচ্ছুক জেলা আওয়ামী লীগের একজন নেতা।দলীয় নেতা-কর্মীরা জানান, আওয়ামী লীগের জেলা কমিটির মেয়াদ শেষ হয়েছে প্রায় ১০ বছর আগে। আর তিন মাসের জন্য করা আহ্বায়ক কমিটি দিয়ে আট বছর ধরে চলছে মহানগর আওয়ামী লীগ। তাই বরিশালে আওয়ামী লীগের কার্যক্রম অনেকটাই ঝিমিয়ে পড়েছে। দলীয় সূত্রে জানা যায়, ১৯৯৮ সালের ফেব্রুয়ারিতে মহিউদ্দিন আহম্মেদকে সভাপতি ও আবুল হাসানাত আবদুল্লাহকে সাধারণ সম্পাদক করে ৫৭ সদস্যবিশিষ্ট জেলা কমিটি গঠিত হয়। মহিউদ্দিন আহম্মেদ ২০০২ সালে মারা যান। সহসভাপতি সোবহান মাসুদ, অধর মুখার্জি, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, যুগ্ম সম্পাদক তরুণ দেব, শ্রমবিষয়ক সম্পাদক শেখ মোবারক হোসেনসহ ওই কমিটির মোট ১৪ জন সদস্য মারা গেছেন। কমিটির বেশ কয়েকজন নেতা বরিশালের বাইরে থাকেন। সভাপতির মৃত্যুর পর ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন সহসভাপতি মোখলেছুর রহমান। তবে তাঁকে দলীয় কোনো কর্মকাণ্ডে দেখা যায় না। একটি সূত্র জানায়, ২০০১ সালের সংসদ নির্বাচনে আওয়ামী লীগ পরাজিত হলে আবুল হাসানাত আবদুল্লাহ বরিশাল ছেড়ে যান। এর পর মহাজোট ক্ষমতায় আসার আগ পর্যন্ত তিনি দেশের বাইরে ও ঢাকায় অবস্থান করেন। ২০০৯ সালের অক্টোবরে ব্যাপক শক্তি প্রদর্শন করে বরিশালে আসেন তিনি।এই সময়ে জেলা আওয়ামী লীগে এক ধরনের নেতৃত্বশূন্যতার সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।নেতা-কর্মীরা অভিযোগ করেন, জেলা কমিটির সম্পাদক হলেও আবুল হাসানাত নগর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে গৌরনদী উপজেলার সেরালের বাড়িতে থাকেন। সেখান থেকেই পরিচালিত হচ্ছে জেলা কমিটি। এ কারণে জেলা ও মহানগর আওয়ামী লীগের একটি বড় অংশ বর্তমান সিটি করপোরেশনের মেয়র শওকত হোসেন হিরণের অনুসারী হয়ে কাজ করছে।জেলা কমিটির প্রচার সম্পাদক সৈয়দ আনিছুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমাদের অভিভাবক আবুল হাসানাত আবদুল্লাহর বিরুদ্ধে সাজানো মামলা, হয়রানি ও নির্যাতন চলছিল। এ কারণে তিনি দীর্ঘদিন বরিশালের বাইরে ছিলেন। তাঁর অনুপস্থিতিতে সম্মেলন করা সম্ভব ছিল না।’ জানা যায়, ২০০৩ সালে শওকত হোসেনকে আহ্বায়ক ও আফজালুল করীমকে যুগ্ম আহ্বায়ক করে ৬৭ সদস্যবিশিষ্ট মহানগর আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়। শওকত হোসেনসহ অল্পসংখ্যক সদস্য রাজনীতিতে সক্রিয় আছেন। অভিযোগ রয়েছে, এই কমিটির অনেকেই ঠিকাদারি কাজের ভাগবাটোয়ারা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। ফলে মহানগর আওয়ামী লীগের তৎপরতাও তেমন চোখে পড়ে না।দলীয় সূত্র জানায়, শওকত হোসেন ২০০৮ সালে সিটি করপোরেশনের নির্বাচনে অংশ নেওয়ার সময় দলীয় পদ ছেড়ে দেন। এরপর তাঁকে ওই পদে পুনর্বহাল করা হয়নি বা কেন্দ্রীয়ভাবে কোনো অনুমতিও দেওয়া হয়নি। ফলে তিনি আর এই কমিটির আহবায়ক নন। তবে শওকত হোসেন নিজেকে মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক বলে দাবি করেন।নাম প্রকাশ না করার শর্তে দলের কয়েকজন নেতা প্রথম আলোকে বলেন, আবুল হাসানাতের হাত ধরে রাজনীতিতে উত্থান হয় শওকত হোসেনের। তবে শওকত হোসেন মেয়র নির্বাচিত হওয়ার পর থেকে তাদের সদ্ভাব আর নেই। তবে প্রকাশ্যে তাঁরা কেউ কারও বিরোধিতা করেন না। তবে বিষয়টি মানতে নারাজ জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও সাংসদ তালুকদার মো. ইউনুস। তিনি বলেন, ‘দলে গ্রুপিং নেই। এখানে নেতা হাসানাত ভাই। অন্যরা সবাই কর্মী। তাঁর নির্দেশে সুন্দরভাবে দলীয় কার্যক্রম পরিচালিত হচ্ছে।’ তিনি বলেন, কেন্দ্রের নির্দেশ পেলেই সম্মেলন হবে। সম্মেলন হলে সব ঠিক হয়ে যাবে।দেশের বাইরে থাকায় এ ব্যাপারে মেয়র শওকত হোসেনের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।