পুলিশের উপপরিদর্শক (এসআই) গৌতম কুমার রায় হত্যা মামলায় গ্রেপ্তার করা দুই হায়দারের কেউই এ হত্যাকাণ্ডে জড়িত কি না, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে পুলিশেরই উচ্চপর্যায়ের তদন্ত কমিটি। কমিটির সদস্যরা গত বৃহস্পতিবার বিকেলে পুলিশ সদর দপ্তরে এআইজি (গোপনীয়) চৌধুরী আবদুল্লাহ আল মামুনের হাতে তাঁদের তদন্ত প্রতিবেদন তুলে দেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, কমিটির প্রতিবেদনে হায়দার নামের কোনো আসামি এ হত্যার সঙ্গে জড়িত কি না, তা যাচাই করে দেখার জন্য তদন্তকারী কর্তৃপক্ষকে পরামর্শ দেওয়া হয়েছে। প্রতিবেদনে বলা হয়, মহানগর পুলিশ যাঁকে হায়দার বলে গ্রেপ্তার করেছে, তাঁর নাম হায়দার নয়। আসামিদের আরও নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদের জন্য টিএফআই সেলে পাঠাতে বলেছে কমিটি। কমিটির প্রতিবেদনের ব্যাপারে জানতে চাইলে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) নূর মোহাম্মদ প্রথম আলোকে বলেন, ‘দুই দিন সরকারি ছুটি থাকায় আমি প্রতিবেদনটি পড়তে পারিনি।’ তবে মহানগর পুলিশ ও র্যাবের কর্মকর্তারা এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি।গত ১৯ এপ্রিল রাতে ধোলাইখালে খুন হন বংশাল থানার এসআই গৌতম রায়। এরপর এ ঘটনায় জড়িত হিসেবে হায়দার, জাকির ও মানিক—এই তিনজনের নাম পান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সংস্থার তদন্ত-সংশ্লিষ্ট কর্মকর্তারা। মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) এ ঘটনায় আহাম্মদ আলী ওরফে হায়দার এবং জাকির ওরফে বাইট্টা জাকির নামের দুজনকে গ্রেপ্তার করে। একই সময়ে র্যাবও হায়দার আলী ও জাকির হোসেন নামের অপর দুজনকে গ্রেপ্তার করে। এরপর একই মামলায় দুজন হায়দার ও দুজন জাকির গ্রেপ্তার হওয়ায় এ নিয়ে ব্যাপক বিভ্রান্তি দেখা দেয়।ঢাকা মহানগর পুলিশের কমিশনার এ কে এম শহীদুল হক গত ২১ মে সংবাদ সম্মেলন করে বলেন, গৌতম হত্যা মামলায় পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া কাইল্যা জাকির, জামাল মল্লিক ও আহমেদ হায়দার ওরফে হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। এ খুনের ঘটনায় র্যাবের হাতে গ্রেপ্তার হওয়া জাকির হোসেন ও আলী হায়দারের কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। পুলিশ এ ঘটনায় জড়িত পুরো চক্রটিকে শনাক্ত করেছে বলেও কমিশনার দাবি করেন।এর আগে র্যাব হায়দার ও জাকির নামের অন্য দুই আসামিকে গ্রেপ্তার করে একই কথা জানায়। ফলে এ নিয়ে ব্যাপক বিভ্রান্তি দেখা দেয়। এই বিভ্রান্তি দূর করতে গত ২২ মে র্যাব ও মহানগর পুলিশের সঙ্গে বৈঠক করেন পুলিশের আইজি। এই বিভ্রান্তি দূর করতে গত ২৭ এপ্রিল পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান সৈয়দ শাহজামান রাজকে প্রধান করে চার সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি করে পুলিশ সদর দপ্তর। কমিটির অন্য তিন সদস্য ছিলেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ আবুল কাশেম, র্যাবের গোয়েন্দা শাখার প্রধান লে. কর্নেল জিয়াউল আহসান এবং পুলিশ সদর দপ্তরের এআইজি আমিনুল ইসলাম। কমিটির প্রতিবেদনে বলা হয়, পুলিশ ও র্যাব হায়দার নামের পৃথক দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে, যাঁরা দুজনই একই খুনের সঙ্গে জড়িত বলে দাবি করা হয়। এ-সংক্রান্ত খবর সংবাদপত্রে প্রকাশ হওয়ার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্পর্কে জনমনে মারাত্মক বিভ্রান্তি ও বিশ্বাসযোগ্যতা নিয়ে সংশয়ের সৃষ্টি হয়। প্রতিবেদনে বলা হয়, ঢাকা মহানগর পুলিশ হায়দার নামের যাঁকে গ্রেপ্তার করে তিনি হায়দার নন। তাঁর প্রকৃত নাম আহম্মেদ আলী। বাড়ি স্বামীবাগ মুন্সিরটেকে। কমিটি তাঁর পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র যাচাই করেছে বলে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে র্যাবের হায়দার সম্পর্কে বলা হয়, র্যাবের হাতে গ্রেপ্তার হওয়া হায়দারের প্রকৃত নাম আলী হায়দার। বাড়ি সূত্রাপুরের লালমোহন সাহা স্ট্রিটে। এতে আরও বলা হয়, এ মামলায় আলী আহমদ নিজেকে সম্পৃক্ত করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আবার আলী হায়দারকে সন্দিগ্ধ করে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তবে এই দুই হায়দারের কেউই এই হত্যাকাণ্ডে জড়িত কি না, কমিটি তা তদন্তকারী কর্তৃপক্ষকে যাচাই করে দেখার পরারর্শ দেয়। কমিটি তাদের মতামতে বলেছে, প্রকৃতপক্ষে হায়দার নামের কোনো আসামি এতে জড়িত কি না, তা নিশ্চিত হতে আরও নিবিড় তদন্তের প্রয়োজন। গ্রেপ্তার করা আসামিদের ঘটনাপূর্ব অবস্থান, ঘটনা-পরবর্তী কার্যকলাপ, পারিপার্শ্বিক সাক্ষ্য এবং হত্যাকাণ্ডে ব্যবহূত অস্ত্র ও গুলির ব্যালাস্টিক (আগ্নেয়াস্ত্র ব্যবহারসংক্রান্ত) প্রতিবেদন পেলে আসামিদের শনাক্ত করা সম্ভব। এ মামলায় কাউকে হয়রানির জন্য গ্রেপ্তার করা হয়নি বলে কমিটি মতামত দিয়েছে। কমিটি তাদের প্রতিবেদনে মামলাটি তদন্তের জন্য আরও সময় দেওয়ার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেছে।উল্লেখ্য, গত ১৮ মে মামলাটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মনিটরিং সেলে চাঞ্চল্যকর মামলা হিসেবে অন্তর্ভুক্ত হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ মামলাটি তদন্ত করছে।