‘হিরোশিমার শিক্ষা ভোলার নয়’
১৯৪৫ সালের ৬ আগস্ট। দ্বিতীয় বিশ্বযুদ্ধের দামামা তখন জোরেশোরে বাজছে। জাপানের হিরোশিমা শহরে স্থানীয় সময় সকাল আটটা ১৫ মিনিট। ভয়ংকর নির্দেশটা আগেই দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান। বাকি ছিল শুধু বাস্তবায়ন। বোমারু বিমান এনোলা গে বয়ে নিয়ে এল গণবিধ্বংসী সেই মারণাস্ত্র। হিরোশিমায় ফেলা হলো আণবিক বোমা ‘লিটল বয়’। এর পরের ইতিহাস সবার জানা। সেই আণবিক বোমা হামলার শিক্ষা ভুলে না যাওয়ার প্রত্যয় নিয়ে আজ সোমবার পালিত হচ্ছে ৬৭তম হিরোশিমা দিবস।হিরোশিমা পিস মেমোরিয়াল পার্কে স্থানীয় সময় সকাল আটটা ১৫ মিনিটে ঘণ্টা বাজিয়ে এক মিনিট নীরবতা পালনের মধ্য দিবসের অনুষ্ঠান শুরু হয়। স্মরণ অনুষ্ঠানে হাজার হাজার মানুষ উপস্থিত হয়। ১৯৪৫ সালের ওই হামলায় এক লাখ ৪০ হাজার মানুষের প্রাণহানি ঘটে। আণবিক বোমার তেজস্ক্রিয়ার ধকল এখনো বইছেন অনেকে। উপস্থিত জনতার উদ্দেশে জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিকো নোদা বলেন, ‘হিরোশিমার শিক্ষা কখনোই ভোলার নয়। আমরা এমন একটি জ্বালানিনীতি করব, যাতে জনগণ দীর্ঘ ও মধ্যমেয়াদে নিরাপদ বোধ করে। জ্বালানির জন্য আমরা পরমাণুশক্তির ওপর নির্ভর করব না।’ হিরোশিমার মেয়র কাজুমি মাতসুই পরমাণুমুক্ত বিশ্ব গড়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘কোনো ধরনের বিলম্ব ছাড়াই একটি জ্বালানিনীতি প্রণয়ন করে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আমি সরকারের কাছে আহ্বান জানাচ্ছি।’ এ ছাড়া আণবিক বোমা হামলায় বেঁচে থাকা ভুক্তভোগীদের আরও সহায়তার অনুরোধ করেন তিনি। হিরোশিমা ও নাগাসাকিতে আণবিক বোমা হামলার নির্দেশদাতা সাবেক মার্কিন প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যানের নাতি ক্লিফটন ট্রুম্যান ড্যানিয়েল স্মরণ অনুষ্ঠানে অংশ নিয়ে বলেন, তত্কালীন মার্কিন প্রেসিডেন্টের ওই সিদ্ধান্তের ভয়াবহতা অনুধাবন করতে তিনি সেখানে এসেছেন।দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তত্কালীন মার্কিন প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যানের নির্দেশে ১৯৪৫ সালের ৬ ও ৯ আগস্ট জাপানের হিরোশিমা ও নাগাসাকি শহরে আণবিক বোমা ফেলা হয়।