‘হুইটনি’ চরিত্রে আগ্রহী কন্যা ক্রিস্টিনা
প্রয়াত সংগীতশিল্পী হুইটনি হিউস্টনের জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মিত হতে যাচ্ছে। হুইটনিকে নিয়ে নির্মিতব্য এ চলচ্চিত্রে অভিনয়ের আগ্রহ প্রকাশ করেছেন হুইটনি-তনয়া ববি ক্রিস্টিনা।যুক্তরাষ্ট্রের একটি হোটেল কক্ষের বাথট্যাবের পানিতে ডুবে গত ১১ ফেব্রুয়ারি মারা যান হুইটনি। ধারণা করা হচ্ছে, মাত্রাতিরিক্ত কোকেন সেবনের ফলে হার্ট অ্যাটাকের একপর্যায়ে বাথট্যাবের পানিতে ডুবে যান হুইটনি।হুইটনিকে নিয়ে নির্মিতব্য এ ছবিতে আশির দশকে তুমুল তারকাখ্যাতি লাভ ও গায়ক ববি ব্রাউনকে নব্বইয়ের দশকে বিয়ে করার পর মাদকের জালে জড়িয়ে যাওয়ার বিষয়গুলো তুলে ধরা হবে।হুইটনির কন্যা ববি ক্রিস্টিনা প্রসঙ্গে ঘনিষ্ঠ সূত্রের বরাতে টিএমজি জানিয়েছে, ববি সেভাবে তারকাখ্যাতি না পেলেও, তিনি একজন উঠতি অভিনেত্রী। সম্প্রতি টাইলার পেরি পরিচালিত ‘ফর বেটার অর ওর্স’ কমেডি সিরিজে অভিনয়ের জন্য তাঁকে নেওয়া হয়েছে।কাছের বন্ধুদের কাছে হুইটনি হিউস্টনের জীবনীনির্ভর এই চলচ্চিত্রের নাম ভূমিকায় অভিনয়ের আগ্রহ প্রকাশ করেছেন ববি। ববির মতে, হুইটনিকে তাঁর চেয়ে ভালো করে আর কেউ জানেন না। ছবিতে হুইটনির চরিত্রকে যথেষ্ট বাস্তবসম্মতভাবে ফুটিয়ে তুলতে পারবেন বলেই তাঁর বিশ্বাস।উল্লেখ্য, গায়িকা রিয়ান্না এর আগে হুইটনির বায়োপিকে অভিনয়ের আগ্রহ প্রকাশ করেছিলেন। এ ছাড়া আরেক সংগীতশিল্পী ও অভিনেত্রী জেনিফার হাডসনের নামও বিবেচনাধীন আছে হুইটনির চরিত্রে অভিনয়ের জন্য। এদের টপকে ববি শেষ পর্যন্ত হুইটনির চরিত্রে অভিনয়ের সুযোগ পান কি না, সেটাই এখন দেখার বিষয়।