‘হূদয়ে শেখ মুজিব’ সংকলনের মোড়ক উন্মোচন
১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে সুনামগঞ্জে ‘হূদয়ে শেখ মুজিব’ নামে একটি সংকলন প্রকাশিত হয়েছে। সংকলনটি সম্পাদনা করেছেন জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জুবের আহমদ অপু।শোক দিবসের সকালে সুনামগঞ্জ শহরের পৌর বিপণির প্রেসক্লাব মিলনায়তনে এই প্রকাশনার মোড়ক উন্মোচন করা হয়। মোড়ক উন্মোচন করেন গীতিকবি সাজিদুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঁচাত্তর-পরবর্তী সময়ে সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি ও জেলা আওয়ামী লীগের নেতা মতিউর রহমান পীর। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ পরিমল কান্তি দে, প্রেসক্লাবের সহসভাপতি লতিফুর রহমান রাজু, জুবের আহমদ অপু, পৌর ছাত্রলীগের সভাপতি এমরানুল হক চৌধুরী, ছাত্রীলগের নেতা মোশারফ হোসেন ইমন, গাজী সুমন প্রমুখ। সংকলনে সত্তরের নির্বাচনে সুনামগঞ্জের একটি গাছতলায় বঙ্গবন্ধুর ভাষণদানের সচিত্র প্রতিবেদনসহ জাতীয় ও স্থানীয় লেখকদের লেখা রয়েছে।