‘হে আল্লাহ, জালিম সরকারের হাত থেকে দেশকে রক্ষা করো’
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, ‘আমরা ইফতারের পূর্বমুহূর্তে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন দেশকে জালিম, অত্যাচারী, দুর্নীতিবাজ সরকারের হাত থেকে রক্ষা করেন।’আজ রোববার সংসদ ভবনের এলডি হলে ঢাকা মহানগর বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে খালেদা জিয়া এ কথা বলেন।খালেদা জিয়া বলেন, ‘দেশের এখন দুরবস্থা। রাজনৈতিক দলের নেতা-কর্মী হিসেবে জনগণের এই দুর্দশার সময় আমরা বসে থাকতে পারি না। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশের এই দুরবস্থা থেকে দেশ ও দেশের মানুষকে রক্ষা করতে হবে।’ তিনি বলেন, ‘এই সরকার দুর্নীতিবাজ সরকার, অত্যাচারী সরকার। এখন মানুষ শান্তিতে ঘুমাতে পারে না। রাস্তাঘাটের খারাপ অবস্থা। ঢাকা শহরে প্রতিনিয়ত ছিনতাই হচ্ছে। তারা দেশকে পুলিশরাষ্ট্রে পরিণত করেছে। এ থেকে দেশকে মুক্ত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।’বিরোধীদলীয় নেতা বলেন, ‘আগামী দিনে দেশ রক্ষার কর্মসূচি দিতে হবে। এই সরকার দেশের স্বার্থবিরোধী চুক্তি করেছে। দেশের স্বার্থের বিরুদ্ধে কোনো চুক্তি হলে আমরা তা সমর্থন করব না।’ শুভেচ্ছা বক্তব্যে মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকা বলেন, দলের মধ্যে অনৈক্য থাকলে এ সরকারের পতন ঘটানো যাবে না। বেগম জিয়াকে হেয় করার জন্য দুদক মামলা দিয়েছে। দেশের গ্যাস, বিদ্যুত্, পানি নেই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থেকে জনগণের দৃষ্টি অন্য দিকে ফেরাতেই জিয়া পরিবারের ওপর নির্যাতন চালাচ্ছে সরকার। ইফতারে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আর এ গনি, খন্দকার মোশাররফ হোসেন, এম কে আনোয়ার, নজরুল ইসলাম খানসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতারা।