‘হেভিওয়েট’দের বিজয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিন্দুকেরা বলে থাকেন, গোল্ডেন গ্লোব সব সময়ই বড় তারকাদের দিকে ঝুঁকে থাকে। অস্কারের পরই হলিউডি সিনেমা দুনিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ এই আসরের এবারের বিজয়ীদের তালিকা দেখলে অন্তত কথাটা মিথ্যা মনে হবে না। দ্য ডিসেনড্যান্টস ছবির সুবাদে সেরা অভিনেতার (ড্রামা) পুরস্কার জিতেছেন জর্জ ক্লুনি। সেরা অভিনেত্রী মেরিল স্ট্রিপ। দি আয়রন লেডি ছবিতে অভিনয় তাঁকে এনে দিয়েছে এ পুরস্কার। এ দুজনের জন্যই গোল্ডেন গ্লোব জয় কোনোভাবে নতুন ঘটনা নয়। ক্লুনি এর আগে গোল্ডেন গ্লোব মনোনয়ন পেয়েছেন আটবার। পুরস্কার হাতে উঠেছে দুবার। আর মেরিল স্ট্রিপ? গোল্ডেন গ্লোব জয়টা তাঁর কাছে মোটামুটি অভ্যাসে পরিণত হয়ে গেছে বলা চলে। এর আগে এই আসরে মনোনয়ন পেয়েছেন ২৫ বার! পুরস্কার জিতেছেন সাতবার!!এবার বেভারলি হিলস, ক্যালিফোর্নিয়ার গোল্ডেন গ্লোব আসর বিশেষ তাৎপর্যপূর্ণ ছিল জর্জ ক্লুনির কাছে। অভিনেতা ছাড়াও সেরা পরিচালক (ইডাস অব মার্চ) হিসেবে মনোনয়ন পেয়েছিলেন তিনি। শেষ পর্যন্ত অবশ্য এ পুরস্কারটাও গেছে সেই পুরোনো হেভিওয়েটদের দিকে। সেরা নির্মাতা মার্টিন স্করসেসি। তাঁর ত্রিমাত্রিক অ্যাডভেঞ্চার ছবি হুগোর জন্য তিনি হয়েছেন সেরা পরিচালক। সেরা ছবির পুরস্কার জিতেছে আলেক্সান্ডার পেনি পরিচালিত ছবি দ্য ডিসেনড্যান্টস। মোট পাঁচটি বিভাগে মনোনয়ন জিতে নেওয়া এ ছবির পটভূমি হাওয়াই। ট্র্যাজেডির শিকার একটি ছোট পরিবারকে ঘিরে ছবির গল্প। সেরা চিত্রনাট্য বিভাগে পুরস্কার জিতেছেন উডি অ্যালেন। তাঁর মিড নাইট ইন প্যারিস ছবির চিত্রনাট্যের জন্য এ নামজাদা নির্মাতা পেয়েছেন গোল্ডেন গ্লোব। সেরা বিদেশি ছবির বিভাগে দারুণ একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত পাওয়া যাচ্ছিল। শেষ পর্যন্ত বিজয়ের পতাকা উড়িয়েছে ইরান। স্পেনের পেড্রো আলমোদেভার (দ্য স্কিন আই লিভ ইন) এবং চীনের ঝ্যাং ইমুর (দ্য ফ্লাওয়ার্স অব ওয়ার) মতো বড় নির্মাতাকে পেছনে ফেলে শেষ হাসি হেসেছেন ইরানের আসগর ফরহাদি। এক ইরানি দম্পতির বিচ্ছেদ সম্পর্কের টানাপোড়েন নিয়ে তৈরি দ্য সেপারেশন জিতেছে সেরা বিদেশি ছবির পুরস্কার। এর আগে বার্লিন উৎসবে স্বর্ণ ভালুক বা গোল্ডেন বিয়ার জিতেছিল এ ছবি। মিউজিক্যাল অথবা কমেডি বিভাগের সেরা ছবি দি আর্টিস্ট। সেরা অভিনেতা জঁ দুজারদে। সেরা অভিনেত্রী মিশেল উইলিয়ামস (মাই উইক উইথ মেরিলিন)। বছরের শেষ ভাগে মুক্তি পাওয়া স্টিভেন স্পিলবার্গের অ্যাডভেঞ্চারস অব টিনটিন জিতেছে সেরা অ্যানিমেশন ছবির পুরস্কার। বিবিসি, পিপল, রয়টার্স, এএফপি।