আজকের কিশোরেরা ক্রিকেট-ফুটবলই বেশি পছন্দ করে। কিন্তু মনির হোসেন ভালোবাসে হ্যান্ডবল। নারিন্দা সরকারি উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র কাল স্কুল হ্যান্ডবলের ফাইনালে করেছে ১০ গোল। প্রতিযোগিতার বালক বিভাগের সেরা হয়েছে সে। উত্তেজনাপূর্ণ ফাইনাল শেষে বলল হ্যান্ডবল নিয়ে তার স্বপ্নের কথা তুমি দারুণ খেলেছ। সবাই তোমার প্রশংসা করছে।মনির হোসেন: সবাই আমার প্রশংসা করছে, এ জন্য আমি খুব খুশি। এ রকম উত্তেজনাপূর্ণ ম্যাচ আমরা খুব কমই খেলেছি। একটু বেশি চাপে পড়ে গিয়েছিলাম। শেষ পর্যন্ত আমরাই চ্যাম্পিয়ন হয়েছি। দলের সবাইকে এ জন্য ধন্যবাদ। তুমি টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছ। নিশ্চয়ই আরও বেশি ভালো লাগছে? মনির: খুবই ভালো লাড়ছে। এই আনন্দটা ভাষায় প্রকাশ করতে পারছি না। আসলে আমাদের দলের সবাই ভালো খেলেছে পুরো টুর্নামেন্টে। দেখলেন না, আনন্দে আমি আমার আম্মুকে এসেই জড়িয়ে ধরেছি (পাশে দাঁড়ানো মাকে দেখিয়ে)। এই পুরস্কার তুমি কাকে উৎসর্গ করেছ?মনির: এই প্রথম সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলাম আমি। আমার কোচ আমজাদ মামার অনেক অবদান আছে এতে। আমি এই ট্রফি ওনাকেই উৎসর্গ করেছি। আমার সাফল্যে উনিও খুব খুশি হবেন। এত খেলা থাকতে হ্যান্ডবল খেলছ কেন? মনির: আমি ক্রিকেট বেশি খেলতাম। ধানমন্ডি মাঠে ক্রিকেট খেলতে যেতাম প্রতিদিন। কিন্তু সেখানে যেতে অনেক খরচ হয়। যাতায়াতও বড় সমস্যা ছিল। তাই আম্মা আমার ক্রিকেট খেলা বন্ধ করে দেন। কিন্তু খেলা ছাড়া আমার একদমই ভালো লাগে না। পারিপার্শ্বিক কারণে হ্যান্ডবল খেলাটা আমার জন্য অনেক সহজ হয়েছে। তাই এখন হ্যান্ডবল খেলি। তোমরা কোথায় থাক? হ্যান্ডবলে শুরুটা কীভাবে?মনির: নারিন্দা স্কুলের পাশেই আমাদের বাড়ি। হ্যান্ডবল কোর্ট আছে সেখানে। ক্লাস থ্রি-ফোরে পড়ার সময় বিকেলে কোর্টে গিয়ে বসে থাকতাম। সেখানে এলাকার বড় ভাইয়েরা খেলতেন। আমরা কয়েকজন প্রতিদিন বিকেলে তাঁদের খেলা দেখতাম। একদিন আমজাদ মামা (কোচ) বললেন, হ্যান্ডবল খেলবি? সেই থেকে শুরু। এখন আর ছাড়তে ইচ্ছা করে না। এই টুর্নামেন্টে অনেকের সঙ্গে পরিচয় হয়েছে তোমার। কেমন লাগল সবকিছু? মনির: খুব ভালো লেগেছে। কোচ আমাদের অনেক দিন ধরেই প্র্যাকটিস করিয়েছেন। এ জন্য আমরা দারুণ আত্মবিশ্বাসী ছিলাম যে আমরাই জিতব। আমাদের কোচও আত্মবিশ্বাসী ছিলেন। স্কুলের স্যাররাও আমাদের অনেক সাহায্য করেছেন। তবে রেসিডেনসিয়াল স্কুল আজ (কাল) দারুণ খেলেছে। একসময় আমরা ভয়ই পেয়ে গিয়েছিলাম। পরিবার থেকে কেমন সমর্থন পাও?মনির: হ্যান্ডবল খেলি বলে অনেকেই ঠাট্টা করত। কিন্তু এখন আর কেউ ও রকম করে না। তবে পরিবারের সবাই আমাকে উৎসাহ দেয় এখন। সবাই আমাকে খেলাধুলার ব্যাপারে অনেক সাহায্য করে। বাংলাদেশে তো হ্যান্ডবল সেভাবে জনপ্রিয় খেলা নয়। তা হ্যান্ডবল নিয়ে তোমার স্বপ্ন কী? মনির: অনেক বড় স্বপ্ন দেখি। একদিন আমি জাতীয় দলের জার্সি পরে খেলব। আমার মতো অনেক ছেলেই এখন হ্যান্ডবল খেলছে। সবাই চায় ভালো করতে। সবাই ভালো করলে একদিন হ্যান্ডবলও ক্রিকেটের মতো অনেক জনপ্রিয় হবে।