‘হ্যারি মাতাল শিয়াল’
আফগানিস্তানের এক যুদ্ধবাজ নেতা ব্রিটিশ সিংহাসনের তৃতীয় উত্তরাধিকারী প্রিন্স হ্যারিকে নির্লজ্জ ও মাতাল ‘শিয়াল’ বলে অভিহিত করেছেন। নিরীহ আফগানদের হত্যা করার অভিযোগে আজ বুধবার গুলবদিন হেকমতিয়ার নামের ওই নেতা এ মন্তব্য করেন। হ্যারি আফগানিস্তানে ন্যাটো বাহিনীর হয়ে হেলিকপ্টার পাইলট হিসেবে কাজ করার সময় ওই আফগানদের হত্যা করেন বলে গুলবদিন অভিযোগ করেন। টাইমস অব ইন্ডিয়া জানায়, ‘ডেইলি টেলিগ্রাফ’কে দেওয়া সাক্ষাত্কারে গুলবদিন রানি এলিজাবেথের ২৮ বছর বয়সী এ নাতিকে ঔপনিবেশিককালের নিদর্শন বলে অভিহিত করেছেন। কাগজে লেখা প্রশ্নের ভিত্তিতে রেকর্ড করা ভিডিওতে অজ্ঞাত স্থান থেকে ‘টেলিগ্রাফ’কে এ সাক্ষাত্কার দেন গুলবদিন। তিনি বলেন, ‘এখনো অনেক ব্রিটিশ কর্মকর্তা ১৮ ও ১৯ শতকের সময়কার স্বপ্ন দেখেন। তাঁদের পাঠানো রাষ্ট্রদূতদের ভাইসরয় হিসেবে মান্য করানোর স্বপ্নও দেখেন এসব কর্মকর্তা। তাঁরা সামরিক পোশাকের রাজপুত্রকে শিকারি হিসেবে সাধারণ মানুষকে শিকার করতে এবং অতীতের মতোই শয়তানি কারবার চালু রাখতে চান।’গুলবদিন বলেন, ‘ব্রিটিশ রাজপুত্র আফগানিস্তানে এসে মাতাল অবস্থায় শুধু নিরীহ আফগানদের হত্যা করেছে। তিনি নির্লজ্জভাবে হেলিকপ্টার থেকে ছোড়া বোমায় আফগান মুজাহিদিনদের হত্যা করতে চেয়েছেন। কিন্তু তিনি বুঝতে পারেননি আফগান সিংহদের শিকার করা এত সহজ নয়। শিয়াল কখনো সিংহ শিকার করতে পারে না।’আফগান ওই নেতা আরও বলেন, ব্রিটেন তার মিত্র যুক্তরাষ্ট্রকে খুশি করতে আফগানিস্তানে এসে ‘অন্যায্য, অপ্রয়োজনীয় কিন্তু নিষ্ঠুর সংঘাত’ সৃষ্টি ছাড়া আর কিছুই করতে পারেনি।ব্রিটেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র গুলবদিনের এ মন্তব্যকে বাতিল করে দিয়েছেন। তিনি বলেন, ‘এটা নির্বোধের মতোই কথা যে কোনো ব্রিটিশ পাইলট দায়িত্ব পালনের সময় মাতাল থাকবেন।’ তালেবান ও আল-কায়েদা জঙ্গিদের সাহায্য করার অভিযোগে মার্কিন পররাষ্ট্র দপ্তর গুলবদিন হেকমতিয়ারকে সন্ত্রাসী হিসেবে অন্তর্ভুক্ত করেছে। তবে সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে যুদ্ধে আফগান মুজাহিদিনদের নেতৃত্ব দেওয়ায় অনেক আফগানের কাছে তিনি ‘বীর’।