‘হয় জাভি নয় ইনিয়েস্তা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৯১ সালে ফিফার বর্ষসেরা খেলোয়াড় হয়েছিলেন লোথার ম্যাথাউস। দুই মাস পর আরেকটি ফিফা-ব্যালন ডি’অর পুরস্কার রজনী। তার আগে সম্ভাব্য বিজয়ীদের নিয়ে কথা বললেন। ফিফা ডট কমকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এই পুরস্কার জয়ে নিজের ফেবারিট হিসেবে নাম করেছেন স্পেন মিডফিল্ডার জাভি ও ইনিয়েস্তার ঠিক কোন কারণে ফিফা-ব্যালন ডি’অর পুরস্কার রজনীটা বিশেষ কিছু হয়ে উঠেছে?লোথার ম্যাথাউস: সংক্ষিপ্ত তালিকার নামগুলোর দিকে তাকালেই তো বোঝা যায় কেন এটা বিশেষ কিছু। সেরা খেলোয়াড় ও সেরা কোচ হিসেবে সাংবাদিক ও বিশেষজ্ঞরা যাদের মনোনীত করেছে প্রত্যেকেই এ সম্মানটা পাওয়ার উপযুক্ত। আর তারা যে পুরস্কারটা পাবে সেটা তো কেউ কখনো তাদের কাছ থেকে কেড়ে নিতে পারবে না। বিশ্বসেরা সব খেলোয়াড়ের সামনে মঞ্চে উঠে পুরস্কারটা হাতে তোলা অবশ্যই আপনার কাজের বিশেষ স্বীকৃতি ও মূল্যায়ন। আর এটা গর্ব করারই ব্যাপার। ১৯৯১ সালে আপনি যখন বর্ষসেরা খেলোয়াড় হলেন তখনকার কোনো স্মৃতি মনে আছে?ম্যাথাউস: যখনই পুরস্কার হাতে নেওয়ার মুহূর্তটা মনে পড়ে, নিজেকে খুব গর্বিত মনে হয়। এটা বলে দেয়, আমি বিশ্বের সর্বকালের সেরা খেলোয়াড়দের একজন। আর ঠিক এই কারণে এ সম্মানটা পেয়ে আমি খুব গর্বিত ও কৃতজ্ঞ। ২০১২ সালের ফিফা-ব্যালন ডি’অর কার পাওয়া উচিত বলে আপনি মনে করেন?ম্যাথাউস: আমি মনে করি, এ মুহূর্তে এমন সব অসাধারণ ফুটবলার আছে যারা সবাই এই পুরস্কারটা পাওয়ার যোগ্য। বলতে দ্বিধা নেই, গত বছরে লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো নিজ নিজ ক্লাবের হয়ে আমাদের মোহিত করেছে। গোলের পর গোল করে অবিশ্বাস্য সব রেকর্ড উপহার দিয়েছে। তবে যা-ই হোক, তারা কিন্তু জাতীয় দলের হয়ে ক্লাবের সাফল্যের পুনরাবৃত্তি করতে পারেনি। তাই আমি মনে করি, পুরস্কারটা একজন স্প্যানিয়ার্ডের পাওয়া উচিত। আমার ফেবারিট জাভি ও ইনিয়েস্তা। রোনালদো ও মেসির মতো ভূরি ভূরি গোল করেনি বলে হয়তো তাদের কীর্তিটা তেমনভাবে চোখে পড়ে না। কিন্তু তারা ক্লাব ও দেশের হয়ে একের পর এক শিরোপা জিতেছে। দুটি দলেরই হূৎস্পন্দন ওরা। খেলার নিয়ন্ত্রণও থাকে ওদের হাতে। ইউরো ২০১২-ই এর উদাহরণ। সেরা কোচ হবেন কে?ম্যাথাউস: শিরোপা দিয়েই কোচদের বিচার করা হয়। তাঁরা যত বেশি জিতবেন, যত বেশি গুরুত্বপূর্ণ শিরোপা জয় করবেন ততই ভালো। আর ঠিক এই কারণেই আমি মনে করি কোনো স্প্যানিয়ার্ডই পুরস্কারটা পেতে পারেন। ভিসেন্তে দেল বস্ক স্পেনের হয়ে সম্ভব সবকিছুই জিতেছেন, আর এ কারণেই তিনি আমার ফেবারিট। হোসে মরিনহো রিয়াল মাদ্রিদের হয়ে স্পেনের প্রিমেরা ডিভিশন জিতেছেন, এ জন্য তিনিও ওখানে (তালিকায়) আছেন। আমার ‘কালো ঘোড়া’ হচ্ছেন বরুসিয়া ডর্টমুন্ডের কোচ ইয়ুর্গেন ক্লপ। জার্মান ফুটবলে বায়ার্ন মিউনিখের আধিপত্য তিনিই খর্ব করেছেন। গত মৌসুমে ঘরোয়া লিগ ও কাপ জিতেছেন। পুরস্কারটা উঠতে পারে রবার্তো ডি মাত্তেওর হাতেও। চেলসিকে চ্যাম্পিয়নস লিগ জিতিয়েছেন, এবারের প্রিমিয়ার লিগে দলকে রেখেছেন ওপরের দিকেই। গত কয়েক বছরে বার্সেলোনার হয়ে আধুনিক ফুটবলকে নতুন রূপ দেওয়া পেপ গার্দিওলাও আছেন। তবে যেহেতু ২০১২ সালে মাত্র ছয় মাস তিনি কোচ ছিলেন তাই মনে হয় না তিনি সেরা তিনে আসতে পারেন। জার্মানদের (মেসুত ওজিল, ম্যানুয়েল নয়্যার, ইয়ুর্গেন ক্লপ, ইয়ুপ হেইঙ্কেস ও জোয়াকিম লো) কেমন সুযোগ আছে?ম্যাথাউস: কোনো সন্দেহ নেই মেসুত ওজিল ও ম্যানুয়েল নয়্যার দারুণ খেলোয়াড়। তবে তারা এই মাপের পুরস্কার পাওয়ার যোগ্য এখনো হয়ে ওঠেনি। সংক্ষিপ্ত তালিকায় জায়গা পাওয়া, সেরা দশে থাকতে পারাটাই এদের জন্য বড় এক অর্জন। এবার প্রতিদ্বন্দ্বী হওয়ার জন্য নয়্যার শিরোপা জিতল কোথায়? জার্মানির এক নম্বর গোলরক্ষক হলেও মাঝেমধ্যে তার খেলাটা আশানুরূপ হয় না। কয়েক দিন আগেও জাতীয় দলের হয়ে ৪ গোল খেয়েছে। অন্যদিকে ওজিল স্পেনে অন্তত একটি চ্যাম্পিয়নশিপ জিতেছে। আর এ কারণেই আমার মনে হয় তার সেরা দশে জায়গা পাওয়ার সম্ভাবনাই বেশি। ভাষান্তর: মোহাম্মদ সোলায়মান